“এসব নিয়ে আলাপ করে কী লাভ” বা “সমাধান দেন”
সমষ্টি থেকে ব্যক্তিকে বিচ্ছিন্ন করার “হিসাবী” রাজনীতি
মিকাইল হোসেন
প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৫:২১ এএম
লেখার শুরুটা নিজের কর্মস্থলের এক কলিগের সাথে আলাপকে কেন্দ্র করে। আমার সেই কলিগ নতুন নতুন মেট্রোরেল ব্যবহার করা শুরু করেছেন, এবং মেট্রোরেলের চমৎকার সেবার তিনি উচ্চকন্ঠে প্রশংসা করলেন। কিন্তু প্রশংসা শেষ করেই বললেন যে আলাপগুলা আমরা ফেসবুকের বিভিন্ন ঢাকার ট্রাফিক অবস্থা সম্পর্কিত গ্রুপগুলোতে প্রায়ই দেখে থাকি- মেট্রোরেলের পিক আওয়ারে ভিড় অনেক বেশি থাকে, কিছু কিছু স্টেশনে উঠতে অনেক কষ্ট হয়। লোক কমানোর জন্য মেট্রোরেলের ভাড়া বাড়ানো দরকার ইত্যাদি।
কড়াভাবে দ্বিমত পোষণ করে এই চিন্তাধারার সমস্যার জায়গাটা নিয়ে আলাপ শুরু করতে গিয়েই তৃতীয় একজন কলিগ আরেকটা মন্তব্য করে বসলো যে, “আরে আমরা যে এই আলাপগুলা করতেছি, এতে কি মেট্রোরেলের ভাড়া কমবে না বাড়বে? দরকার কী এই আলাপগুলার?” মানে যেকোন চলমান আলাপকে একটা বারোয়ারি মন্তব্য করে থামিয়ে দেওয়ার খুবই প্রচলিত একটা টেকনিক এটাই- “এই কথা বলে কী লাভ?” বা “এর সমাধান দেখান”। এই লাভ-অলাভের হিসাবের রাজনীতি গণপর্যায়ে আলাপের ক্ষেত্রে কী কী সমস্যা তৈরি করে তা নিয়ে আলাপ করার জন্যই আজকে এই লেখার কলম বা কিবোর্ড হাতে নেওয়া।
মেট্রোরেলের ভাড়া নিয়ে যে মুহূর্তে আলাপ শুরু করতে গেলাম, তখন মাঝখানে এই স্পিড ব্রেকারের মত “এই নিয়ে আলাপ করে লাভ কী?” -প্রশ্নটা চলে আসায় আমার মনে হলো, আগে এই প্রশ্নটারই মুখোমুখি হওয়া দরকার। আমার যে সহকর্মী বড় ভাই আমাকে প্রশ্নটা করলো, “এই প্রশ্ন করে লাভ কী?” তাকে আমি যথেষ্ট সম্মানের সাথে উলটো প্রশ্ন করলাম যে ভাই, আমাকে আজকে আপনি প্রশ্ন করলেন যে মেট্রোরেলের ভাড়া নিয়ে আলাপ করে কী লাভ, আপনি কি এই প্রশ্নটা কখনো তাকে করেছেন যে নতুন মডেলের আইফোন আসার সাথে সাথে মোবাইল চেঞ্জ করে, বা বৈধ-অবৈধ নানা উপায়ে ভোগ বিলাসিতায় ব্যয় করে? তাদের কি প্রশ্নটা করেছেন, “এই বিলাসিতার অর্থ কী? বা এই ভোগবাদের আল্টিমেট রেজাল্ট কী?” সেটা কখনো করেন নাই। কেন করেন নাই?”
ফিনিশ কানাডিয় দার্শনিক মারি রুতি তার Penis envy and other bad feelings বইতে আমাদের বর্তমানের সময়ের চিন্তাধারার অবস্থাকে বলেছেন- The creed of pragmatism মানে বাংলায় বললে একধরণের “দরকার”বাদের’ ধর্মতত্ত্ব। মারি রুতি তার বইতে ফরাসি তাত্ত্বিক মিশেল ফুকোর আলোচনার আলোকে দেখিয়েছেন যে, “কী করলে কী হবে”-এই ধরনের হিসাব নিকাশ কেন্দ্রিক চিন্তাধারাই আমাদের বর্তমান সব আলাপে নির্ধারণী ভূমিকা পালন করে। এখন এই দাড়িপাল্লা বা বাটখারা দিয়ে মানবজীবনের সকল প্রকারের সচলতাকে মাপার পদ্ধতির কারণে যা হয় স্থূল ভোগ আর আনন্দ নির্ভর জীবন এক ধরণের Taken-for-granted বা ধরে-নেওয়া আদর্শে পরিণত হয়ে গেছে। আইফোন দিয়ে ভালো ছবি তোলা যায়, সেই সুন্দর ছবিগুলো ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড দিয়ে জনগণের প্রশংসা লাইক শেয়ারের আকারে কুড়ানো যায়, মজার খাবার, অনুষ্ঠান আনন্দ উৎফুল্লতা সবকিছুই আমাদের স্থূল জৈবিক বোধগুলোকে উৎফুল্ল করে তোলে- তাই এই সবকিছুই মানুষের Default way of being মানে বেঁচে থাকার স্বাভাবিক অবস্থা। ভোগবাদ, এটা করলে ওই লাভ হবে এই চিন্তাধারাই আমাদের বর্তমানের যুগধর্ম এই ভোগবিলাস মত্ততাকে প্রশ্ন করার কোন সুযোগ আমাদের নেই, এইসব ক্ষেত্রে “এইগুলা করে কী লাভ?” টাইপ প্রশ্নও কেউ করে না। কিন্তু এই লাভ-অলাভের পাল্লা মাপার হিসাবের বাইরে গিয়ে কেউ নতুন চিন্তা, নতুন প্রশ্ন ভাবতে গেলেই প্রশ্ন চলে আসবে এইসব করে কী লাভ? বা এর পরিণতি কী। লাভের হিসাবের বাইরে কোন আলাপ করতে গেলেই তাকে নানা উপায়ে প্রশ্নবিদ্ধ করা হবে।
এই পরিণতিবাদি চিন্তাধারার “এসব বলে কী লাভ”-এর পাশাপাশি আরেক ধরনের প্রশ্ন উত্থাপন করা হয়, “তাহলে এর সমাধান বলেন”। যেনবা, দুই মিনিটের ম্যাগি নুডলসের মত আমাদের দুইজন নাগরিকের ব্যক্তিগত ১৫ মিনিটের আলাপ যদি জাতীয় পর্যায়ের বিরাট আকারের সমস্যার সমাধান দুই মিনিটে হাজির না করতে পারে তবে পুরো আলাপই যেন মূল্যহীন বা অর্থহীন হয়ে যায়। এই “সমাধান কী” আর সমাধান বের করার আলাপ কিভাবে পাবলিক আলোচনাগুলা প্যারালাইসিস উৎপাদনে ব্যবহার করা হয়, এবং সাধারণ দুরাবস্থার আলোচনা থেকে ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যার আলাপে পরিণত করা হয় সেটা নিয়ে লিখেছেন ফ্র্যাংকফুর্ট ক্রিটিকাল স্কুলের চিন্তাবিদ হার্বার্ট মারকিউজ। হার্বার্ট মারকিউজ তার One Dimensional Man বইতে সমাজে কিভাবে সব ধরণের অর্থবহ রাজনৈতিক ক্রিটিককে ফ্ল্যাট বানাইয়া দেওয়া হয় তার প্রসেস বর্ণনা করেছিলেন। এই প্রসেসের একটা হচ্ছে যেকোন জেনারেল আলাপকে ব্যক্তিকেন্দ্রিক সমস্যা নির্ভর আলাপে পরিণত করা। যেমন ধরা যাক কোন একটা শ্রমিক এই মত ব্যক্ত করলো যে- "ধুর শালা, এই দুর্মূল্যের বাজারে বেতনের টাকা দিয়ে কোন মতেই চলা যায় না" এখন শ্রমিকের এই জেনারেল আলাপ "বেতনের টাকা" একটা ঝাপসা টার্ম, এই বেতনের টাকা শ্রমিকের হতে পারে কেরানীর হইতে পারে টেকনিশিয়ানের হইতে পারে। এই টার্ম যতক্ষণ জেনারেল আছে ততক্ষণ এই ডিসকোর্সের আন্ডারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একতাবদ্ধ হওয়ার সুযোগ আছে।
কিন্তু সমাজের উৎপাদন ব্যবস্থার নীতিনির্ধারকেরা করবে কি এই জেনারেল স্টেটমেন্টকে শ্রমিকের ব্যক্তিগত জীবনচরিতের সমস্যাতে পরিণত করবে। মারকিউজ যেটাকে তার বইতে বলেছেন- Personal discontent is isolated from the general unhappiness. তারা দেখানোর ট্রাই করবে যে এই যে স্পেসিফিক শ্রমিকের অভিযোগ "বেতনের টাকায় চলা যায় না" এটা তার স্পেসিফিক যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে সৃষ্ট সমস্যা, হয়তো তার বাসায় অসুস্থ স্ত্রী আছে বা ছেলেপেলে কাজ পায় না এমন। এরপর এই ব্যক্তি সমস্যার টেকনিকাল আর স্ট্র্যাটেজিক সমাধান সংক্রান্ত আলাপের আড়ালে সার্বিক পর্যায়ে যে অর্থনীতির দুরাবস্থা বিদ্যমান সেই আলোচনাটা ঢেকে দেওয়া হবে। যেমন উপরে বর্ণিত মেট্রোরেলের আলাপটা নিয়েই ধরেন তারা বলবে যে, আপনি বিকাল ৫ টার সময় ভিড় বেশি পাইছেন কারণ তখন অফিস ছুটির সময়, আপনি সাড়ে ৪ টার দিকে বের হবেন তাহলে তখন আর ভিড় পাবেন না। ধরেন দ্রব্যমূল্য নিয়ে সমস্যার আলাপ করতেছেন সেখানে বলা হবে যে একটু ভিতরের দিকে ভ্যানওয়ালা থেকে সবজি কিনবেন তাহলে দাম বেশি পড়বে না- এই ধরণের কথাবার্তা আর কী। এই যে সামাজিক অভিজ্ঞতা থেকে ছেনে ব্যক্তি অভিজ্ঞতা বা দুর্দশার অভিজ্ঞতাকে আলাদা করে আনা, ব্যক্তি দুর্দশার আলাপকে দরকারের নানা হিসাবের ক্যালকুলাসের অংশে পরিণত গণআলাপের অংশ হওয়ার সম্ভাবনা থেকে বিচ্যুত করা- এগুলাই সমাজের সমস্যাগুলার ব্যাপারে ক্রিটিকাল আউটলুক তৈরির রাস্তায় সবচেয়ে বড় বাধা।
যেমন আবার যদি আমার সেই মেট্রোরেলের ভাড়ার আলাপেই যদি ফেরত যাই, দেখেন আমার যে কলিগ মেট্রোরেলের ভাড়া বাড়ানোর জন্য বললো উনি মূলত উনার বাংলাদেশের মধ্যবিত্তীয় জীবনের ভয় “Fear of falling” শ্রেণী অবনমনের চিন্তা থেকেই বললো। মেট্রোরেলের উন্নত সেবাতে উনি খুবই খুশি, কিন্তু মধ্যবিত্ত হয়েও বাংলাদেশে সবসময় একধরণের Precarious বা প্রান্তিক অভাবী শ্রেণীর যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছেন যে এই সেবাগুলার মান ক্রমেই নিম্নগামী হয়ে থাকে। এবং এই ভয়ের জায়গা থেকেই উনি ভাড়া বাড়ানোর মাধ্যমে একটা কৃত্রিম বাঁধা সৃষ্টির মাধ্যমে উনি নিজে মেট্রোরেলের সেবাটা পেলেন ওইটা থেকে জনগণকে বঞ্চিত করতে বললেন।
একইভাবে আবার যদি আমার আরেক কলিগ যিনি মূলত লাভ-অলাভের আলাপ তুললেন উনার প্রশ্নের মূল চিন্তার জায়গাটা হচ্ছে আমাদের দেশের সরকার বা আমাদের দেশের ঘটনাপ্রবাহ যারা নিয়ন্ত্রণ করেন তারা জনগণের ইচ্ছা অনিচ্ছার আলাপ দ্বারা নিয়ন্ত্রিত হন না। সাধারণ গণতান্ত্রিক সিস্টেমে জনগণের Communicative action বা জনগণের আলাপ আলোচনা সমাজের নিয়ন্ত্রণমুখে কার্যক্রমে পরিণত হওয়ার স্পেস অনেকটাই সীমাবদ্ধ। নিজেদের বেসিক রাজনৈতিক অধিকার সমূহই যেখানে আমরা চর্চা করতে পারি না সেখানে আসলে এই আলোচনাগুলা মূল্যহীন। শুধুমাত্র ব্যক্তিপর্যায়ের ভোগবিলাস নিয়েই আমাদের চিন্তা করা উচিৎ আর এর চেয়ে বড় সব আলাপকে ডাস্টবিনে নিক্ষেপ করা উচিৎ।
কিন্তু এই দুই চিন্তার সমস্যাটাই যদি দেখেন তারা আসলে মৌলিক সমস্যার একটা খন্ডিত, একটা বিচ্ছিন্ন রূপ নিয়ে আলাপ করছে, চোখের সামনে হাজির থাকা খন্ডকেই পুরো সমস্যার Totality ধরে নিচ্ছে। যেমন মেট্রোরেলের ক্ষেত্রে তার সিট না পাওয়ার আলাপটা হওয়ার সুযোগ ছিলো মেট্রোরেলের গাড়ির সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা, সরকারি তহবিলের সমবেত তছরুপের পরিবর্তে পাবলিক সার্ভিসে বিনিয়োগ বৃদ্ধির আলাপে পরিণত হওয়ার। যেমনটা সম্ভব ছিলো আমাদের ব্যক্তিগত পর্যায়ের রাজনৈতিক অধিকারহীনতা কিভাবে আমাদেরকে সামগ্রিক সম্মানজনক রাজনৈতিক জীবন থেকেই বঞ্চিত করে রাখছে সেই কথা বলার, হতাশাবাদী নিরাসক্তি থেকে বের হয়ে ব্যক্তি পর্যায়ে ছোট আকারে হলেও চিন্তার নতুন একটা ডাইনামিক তৈরি করার। কিন্তু আলাপগুলাকে মাঝপথেই “এইগুলা করে কী লাভ?” প্রশ্নের মাধ্যমে আটকিয়ে দেওয়ার মাধ্যমে মূল ব্যক্তি অভিযোগের আলাপটা গণআলাপে পরিণত হওয়ার সম্ভাবনা থেকে বঞ্চিত হলো, এবং উলটা গিয়ে এক ধরণের প্রতিক্রিয়াশীল, বর্তমান শোষণের সিস্টেমেরই সমর্থক এক চিন্তার প্র্যাক্টিসে পরিণত হলো। লাভ-অলাভের হিসাব নিকাশ আসলে প্রতিষ্ঠিত ক্ষমতার লাভের জিনিসেই পরিণত হলো । এটাই আমার মতে লাভ-অলাভ আর সমাধানের হিসাব নিকাশের রাজনীতি।
