Logo
Logo
×

অভিমত

যুক্তরাষ্ট্র বা বিদেশি কোনো শক্তির ওপর ভর করে গণতন্ত্র উদ্ধার হবে না

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ২২ মে ২০২৪, ০২:২৫ এএম

যুক্তরাষ্ট্র বা বিদেশি কোনো শক্তির ওপর ভর করে গণতন্ত্র উদ্ধার হবে না

একটা অবস্থার কথা ধরা যাক, আপনাকে কোনো এক ধনীর বাড়িতে দাওয়াত দেওয়া হলো। সেই বাড়িতে আপনি গিয়ে দেখলেন অনেক সাজসাজ রব। অতিথিদের সামনের ধনী গৃহকর্তা লম্বা-চওড়া ভাষণ দিলেন, উনার পরিবার কতটা ঐতিহ্যবাহী, উনারা কতটা সংস্কৃতির ধারক ও বাহক সেসবের বয়ান দিলেন। এরপর নিয়ে গেলেন বাগানে। সেখানে এই গাছ দেখান, সেই গাছ দেখান। দুনিয়াতে এখন কত কত সমস্যা এই নিয়ে দীর্ঘ আলাপ দেন। 

ঐদিকে আপনার তো খিদায় জান যায় যায়। কিন্তু, আপনি তো খাবারের দিকে দৌড়ায়ে যেতেও পারছেন না। বাড়ির কর্তার যখন সময় হবে তখনই তিনি তা পরিবেশন করবেন। এইরকম একটা কাল্পনিক অবস্থার তুলনা করা যায় বিদেশি শক্তির ওপর ভর করে যখন গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে কেউ নামে তাঁর সাথে। 

দুর্ভাগ্যজনকভাবে, গত বছর বাংলাদেশে এমনটাই হয়েছিল। আওয়ামী শাসনে জেরবার মানুষের একটা অংশ ভেবেছিল যুক্তরাষ্ট্র এসে আমাদের উদ্ধার করবে। তেমনটি হয়নি, কখনো হয়ও না। যুক্তরাষ্ট্রের বেলায় আরো হয় না। 

পুরোনো লোকেরা বলেন, যারা মার্কিন রাষ্ট্রের বন্ধু তাঁদের শত্রু লাগে না। মার্কিনিরা গণতন্ত্র উদ্ধারের নামে যেখানে গিয়েছে সেখানেই সর্বনাশ করেছে। বিশেষত মুসলিম দেশ হলে তো কথাই নেই। আর সম্প্রতি গাজায় নির্মম গণহত্যায় ইসরায়েলকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আবার প্রমাণ করেছে, আংকেল স্যামের দেশের শাসকেরা বিশ্ব মানবতাকে থোড়াই কেয়ার করে। কোন দেশে গণতন্ত্র আছে কি নেই তা নিয়ে তাঁদের তেমন হোলদোল নেই। 

আওয়ামী লীগ সরকার ভারতের প্রত্যক্ষ মদদে বছরের পর বছর টিকে গেছে। ভারত যত বন্ধুরাষ্ট্রই হোক, তাদের এই আচরণ এই দেশের বেশিরভাগ মানুষ মানতে পারছে না। এখন, এই জগদ্দল সরাতে যদি, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে আহ্বান করা হয়, তবে ব্যাপারটা দীর্ঘমেয়াদে একই হবে। দেশ এক শক্তি থেকে আরেক শক্তির তাঁবেদার হবে। 

সম্প্রতি, আওয়ামী সরকারের এক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় এই সমীকরণ আবার হাজির হয়েছে। গতবারের ব্যর্থতার পর অনেকেই উত্তেজিত হয়ে পড়তে পারেন। তবে মার্কিনিরা আপনাদের পেটের ক্ষুধা আপনার ইচ্ছেই মেটাবে না, তার সময় হলে, তার সুবিধামতোই সে কাজ করবে।

ওদের সঙ্গে ভারত বা আওয়ামী লীগের দূরত্ব তৈরি হলেই দেশের গণতন্ত্র উদ্ধার হয়ে যাবে না। এর জন্য শক্ত পাটাতন লাগবে। প্রবল আন্দোলন এবং জনতার চাপ প্রয়োগ চালিয়ে যেতে হবে। সেই চাপের সঙ্গে যদি মার্কিন বা অন্য কারো স্বার্থ এক বিন্দুতে মিলে যায় তবে তা কাজের হতে পারে, বিপরীতটা কোনোভাবেই নয়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন