Logo
Logo
×

অভিমত

বাবর আলী আসলে কোন পর্বতের চূড়ায় উঠলেন- দেওদুঙ্গা, চোমোলাংমা নাকি এভারেস্টে?

Icon

আবদুল্লাহ মাহফুজ অভি

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৪:৫৬ এএম

বাবর আলী আসলে কোন পর্বতের  চূড়ায় উঠলেন- দেওদুঙ্গা, চোমোলাংমা নাকি এভারেস্টে?

বাংলায় একটি প্রবাদ আছে, ঋণ করে হলেও ঘি খাও। গতকাল এভারেস্টে আরোহণকারী বাবর আলী সেই প্রবাদে নতুন শব্দ সংযোজন করলেন। তা হলো- ঋণ করে হলেও, এভারেস্টে যাও । পর্যটক অনু তারেক জানিয়েছেন, এভারেস্ট যাত্রার খরচের একটি অংশ বাবর আলী ঋণ করে সংগ্রহ করেছেন!

কেন এই এভারেস্ট যাত্রা, তা নিয়ে মানুষের ভেতর চেতনে-অবচেতনে নানা আগ্রহ আছে, নানা প্রশ্ন রয়েছে। আমার মনে হয়, কারণ এই পর্বতের আদি নামের ভেতরই লুকিয়ে আছে।

পর্বত আরোহী বাবর আলী এই এভারেস্ট যাত্রার যে খরচ তার পুরোটা স্পন্সরের মাধ্যমে যোগাড় করতে পারেননি। ফলে তিনি এই খরচের একটা অংশ ঋণ করে জোগাড় করে অভিযানে গিয়েছেন! হিমালয়ের এই শৃঙ্গ আরোহণের এক একটা অভিযানে অবস্থা ভেদে ২৫ থেকে ৫০ লাখ টাকা খরচ হয়। এখন কথা হল, সাধারণত ঋণ করে মানুষ বাড়ি-গাড়ি কিনবেন কিংবা ব্যবসা করবেন। তাই বলে ঋণ করে এভারেস্ট যাত্রা?

মানুষ আসলে এমনই। সবার লক্ষ্য জীবন দর্শন এতো ক্যালকুলেটিভ না। বাবর আলীর চূড়া থেকে নেমে লাৎসে পর্বতে যাওয়ার কথা রয়েছে। অ্যাডভেঞ্চার ক্লাব ভার্টিক্যাল ড্রিম বাবর আলীর অভিযান সম্পর্কে  সার্বিক খোঁজখবর জানাচ্ছেন আনুষ্ঠানিকভাবে।  এই সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বাবর আলী বেইজ ক্যাম্প ফোরে অবস্থান করছেন। রাতে তার লোতসে পর্বত অভিমুখে যাত্রা করার কথা।  কিন্তু তিনি যেখানে বিশ্রাম নিচ্ছেন ক্যাম্প-৪ এ, সেখানে অক্সিজেন সংকট আছে। ওটা ডেথ জোন হিসাবে পরিচিত । তবে তিনি অক্সিজেন সাপোর্ট নিয়ে সেখানে আছেন।

এভারেস্ট থেকে নামার পথে ইতিমধ্যে মঙ্গলিয়ার ২ জন পর্বতারোহীর মৃত্যু ঘটেছে অক্সিজেনের অভাবে।

২.

এভারেস্ট নামটি কবে হলো? ১৮৫২ সালে ব্রিটিশ সার্ভেয়ার জর্জ এভারেস্ট হিমালয়ের এই চূড়াকে সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে আবিস্কার করেন। এরপর তার নামনুসারে এই পর্বতের নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়। জর্জ এভারেস্টের আগে কি এই পর্বত অজানা ছিলো ওই অঞ্চলের মানুষের কাছে? মাউন্ট এভারেস্টকে তিব্বতের স্থানীয় ভাষায় ডাকা হতো, চোমোলাংমা। অর্থ মহাবিশ্বের মা বা পবিত্র মাতা। নেপাল ও সিকিম অঞ্চলের স্থানীয় ভাষায় দেওদুঙ্গা নামে ডাকা হতো; যার অর্থ দেবতার গৃহ বা পবিত্র পাহাড়। নেপালিরা সাগরমাতা নামেও ডাকে; যার অর্থ আকাশদেবী। এ নামটিও বেশ জনপ্রিয় নেপালের মানুষের কাছে। 

তবে এরও পূর্বে নেপালের অনেক অধিবাসী এই পর্বতকে ডাকতেন তুসুংঘু নামে। এই যে ১৮ শতকে ব্রিটিশদের আবিস্কার এবং এভারেস্ট নামকরনে আগেই চীনারা জরিপ করে একে মানচিত্র ভুক্ত করেন। ১৭০৮ সাল থেকে ১৭১৬ সাল পর্যন্ত চীন জরিপ শেষে ১৭১৭ সালে এভারেস্টকে চোমোলাংমা নামে মানচিত্রে চিহ্নিত করেন । ১৭৩৩ সালে ফ্রান্সের একটি মানচিত্রেও চোমোলাংমা নামটি উল্লেখ ছিলো। যার অনেক দলিল ও প্রমাণাদি রয়েছে। 

কিন্তু ব্রিটিশদের একচ্ছত্র আধিপাত্যবাদী প্রচার ব্যবস্থার কারণে এভারেস্টই স্বীকৃত, যা তাদের সাম্রাজ্যবাদী মনস্তত্বেরই বহিঃপ্রকাশ।  ঠিক এভাবেই একক প্রচার ব্যবস্থার কারণে- বান্দরবানের  ক্রাউ ডং হয়ে গেছে ডিম পাহাড়, লুংমাইচাম হয়ে গেছে টেবিল পাহাড়, শোং নাম হুং হয়ে গেছে নীলগিরি, তেংপ্লং চূট হয়ে গেছে চন্দ্রপাহাড়। 

৩. 

হিমালয়ের এই শীর্ষবিন্দু ছুয়ে দেখার আকাঙ্খা একেকজনের ভেতর একেকভাবে কাজ করে। কেউ কেউ নিজের ভেতরের হিমালয়কে আবিস্কার করতেই ছুটে যান এই দেবতাগৃহে। কারো কাছে আবার এই হিমালয় হলো- বাংলাদেশ জন্মের আতুর ঘর!

অনেক পর্বত আরোহীই 'পাহাড় জয়' শব্দটি বিশ্বাস করেন না। এভাবে বলতে পছন্দ করেন না। আবার অনেকে পাহাড়কে পদতলে ফেলার আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।  তাদের ভেতরে কাজ করে রেকর্ডের অহমিকা।  এক্ষেত্রে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকদিন ধরেই বাবর আলীকে যতটুকু অনুসরণ করতে পেরেছি, তাতে আমার মনে হয়েছে, তিনি প্রথম দলের মানুষ। যিনি পাহাড় জয় নয়, পাহাড়ের কাছে আশ্রয় নিতে, পাহাড়ের কাছে ছুটে যেতেই ভালোবাসেন। আর তাই হয়তো পাহাড়ে পাহাড়েই ছুটে বেড়ান। আর এই পাহাড়ে ছোট নেশাই তাকে হয়তো নিয়ে গেছে হিমালয়ের শীর্ষবিন্দুর কাছে। 

৪. 

বাবর আলীর গল্প অনুসরণ করতে গিয়ে আরেকটি খবর আমার চোখে পড়ল। 

এই প্রথম হিমালয়ের কোলে জন্ম নেয়া দেশ ভুটানের কেউ হিমালয়ের শীর্ষবিন্দু ছুয়ে দেখলেন! ২৪ বছর বয়সি জিগমে দর্জি আজ ২০ মে হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে সক্ষম হন। তাকেও অভিনন্দন। সেই সাথে আমার যে বিষয়টি মনে লেগেছে, সেটি হল হিমালয়ের কোলে বসবাস করেও অনেকেই সেখানে পৌঁছাতে চাইনি পৌঁছায়নি। ভুটানের গল্পটি তেমনি এক গল্প।

৫. 

এবার আসি আমার প্রশ্নে বাবর আলী কোন পাহাড়ে উঠেছেন? দেওদুঙ্গা / চোমোলাংমা/সাগরমাতা নাকি আমাদের মগজে ব্রিটিশদের গেঁথে দেওয়া নাম  ব্রিটিশদের  এভারেস্টে? উত্তর আপনারই দেন, বাবর আলীরা কোন পর্বতে উঠলেন? বাবর আলীর কাছেও আমার এ প্রশ্নই থাকবে। বাবর আলী তারা আকাঙ্ক্ষার অভিযান সফলভাবে শেষ করে সুস্থভাবে ফিরে আসুক, তারপর না হয় কোনো একদিন মন চাইলে উত্তর দিবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন