Logo
Logo
×

অভিমত

বাংলাদেশ ব্যাংক নিয়ে লুকোচুরি গণতন্ত্রহীনতার ফল

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৯:৪৫ পিএম

বাংলাদেশ ব্যাংক নিয়ে লুকোচুরি গণতন্ত্রহীনতার ফল

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে খবর এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে আবারো বড় অঙ্কের টাকা হ্যাকাররা লুট করেছে। এর আগে পৃথিবীর ইতিহাসেই অন্যতম বড় সাইবার লুটের শিকার হয়েছিল বাংলাদেশ ব্যাংক। ২০১৬ সালে হ্যাকাররা প্রায় ১ বিলিয়ন ডলার চুরি করেছিল এবং চুরির সময় তারা একটা ছোট ভুল না করলে এই পরিমাণ হতো অনেক বেশি। গরিব দেশের এতো বিশাল লুটের খবর গোটা দুনিয়াকে স্তম্ভিত করেছিল। একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তায় এহেন গলদ ভাবিয়েছিল গোটা দুনিয়াকেই। 

ফলে, বাংলাদেশ ব্যাংকের টাকা লুটের কাহিনি আবার প্রচার হলে তা একেবারেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বিশেষত, সেই লুটের পর তখনকার গভর্নর ও উচ্চপদস্থ কর্তারা এই লুটকে কোনোভাবে ধামাচাপা দিতে চেয়েছিলেন। পরে বিশ্বব্যাপী তথ্যটা জেনে যাওয়ায় চাপা দেওয়া সম্ভব হয় নাই। 

দেশে এখনো একই অনির্বাচিত সরকার ক্ষমতায়। গত আট বছরে সরকারের জবাবদিহিতা আরো কমেছে, ব্যাংক খাত লুটেপুটে শেষ। এমতাবস্থায়, ব্যাংক লুটের খবর কেবলই গুজব তা বিশ্বাস করতে কষ্ট হয়। 

অথচ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সব তথ্য ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয়, আপনি ভেতরে (ব্যাংকের ) ঢুকবেন কেন?’ পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকেরা ঢুকতে পারে?”

অন্যান্য দেশের সঙ্গে তুলনা দিলেও কাদের সাহেব এই কথা উল্লেখ করেননি, অন্য দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের জবাবদিহিতা আছে। সততার সঙ্গে তথ্য আপডেট হয় এবং তথ্য লুকানোর রেকর্ড নাই। শুধু কেন্দ্রীয় ব্যাংক না, জনস্বার্থের সাথে জড়িত যেকোনো বিষয়ে জানার অধিকার সাংবাদিক ও জনগণের আছে। 

অবশ্য, জনগণকে তোয়াক্কা না করলে ব্যাপারটা আলাদা। ভোটের হিসাবনিকাশ না করলে জনগণকে তোয়াক্কা করার দরকারও পড়ে না। তখন পুলিশ-প্রশাসন, আমলা, লুটের ব্যবসায়ী আর বিদেশি প্রভাবশালীদের খুশী রাখতে পারলেই হয়। 

এসব ক্ষেত্রে জনগণের এমন সন্দেহ হওয়াটাও অমূলক নয় যে, এইসব হ্যাকিংও আসলে ক্ষমতাসীনদের ইশারাতেই হয়। তথ্য যত চেপে রাখা হয়, জনগণের প্রতি জবাবদিহিতা যত কমে গুজব ততো ডালপালা বিস্তার করে। ফলে, কাদের সাহেব যতোই হুংকার দিন, যতোই নিজেদের নির্দোষ বলুন না কেন, জনগণের সন্দেহ তাতে কমবে না। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন