Logo
Logo
×

অভিমত

ইরানের বন্দরের দায়িত্ব ভারতের : কূটনীতির নতুন সমীকরণ

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৮:০৬ পিএম

ইরানের বন্দরের দায়িত্ব ভারতের : কূটনীতির নতুন সমীকরণ
ইরানের গুরুত্বপূর্ণ বন্দর চাবাহার পরিচালনার দায়িত্ব পেয়েছে ভারত। গত সোমবার দুই দেশের এক চুক্তির মাধ্যমে দশ বছরের জন্য এই সমঝোতা হয়। চুক্তির আওতায় বন্দর সংস্কারে প্রায় ১২ কোটি ডলার বিনিয়োগ করবে ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল (আইপিজিএল)। এ ছাড়া অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর জন্য ২৫ কোটি ডলার ঋণ প্রস্তাব দিয়েছে তারা।

এই বন্দরের ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম। পাকিস্তানের গোওদার বন্দর ও চীনের বেল্ট অ্যান্ড রোডের সঙ্গে প্রতিযোগিতা করতে এই বন্দর হতে পারে নয়াদিল্লীর এক গুরুত্বপূর্ণ সম্পদ। চাবাহারের নিয়ন্ত্রণ পাওয়ায় ভারত আফগানিস্তান, ইরান হয়ে রাশিয়া পর্যন্ত জলপথে পণ্য পরিবহনে আধিপত্য বিস্তার করতে পারবে। পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান ও পশ্চিম এশিয়ায় পৌঁছাতে বিকল্প রাস্তা হিসেবে কাজে লাগাতে পারবে এই বন্দর। বৃহত্তর ইউরেশিয়া (ইউরোপ-এশিয়া) অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনে এই বন্দর মূল কেন্দ্র হবে।

ইরানের এই বন্দরের দায়িত্ব নেওয়ায় অবশ্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভারতের বিরুদ্ধে সতর্কবার্তা প্রেরণ করেছে। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে আর্থিক স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করেছে। আর যারাই ইরানের সঙ্গে সহযোগিতা করছে তাঁদেরও এই আওতায় ফেলবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে। অন্যদিকে চীনও এই গুরুত্বপূর্ণ বন্দর ভারতের নিয়ন্ত্রণে থাকাকে ভালো চোখে দেখবে না। 

কিন্তু, ইউক্রেন যুদ্ধের সময় থেকে ভারত রাশিয়ার থেকে বিপুল পরিমাণে জ্বালানি স্বল্পমূল্যে কিনে আসছে। মার্কিন রক্তচক্ষু ভারতকে দমাতে পারেনি। চাবাহার ব্যবহার করে সাবেক সোভিয়েত এলাকাগুলোর সঙ্গে ভারত আরেক দফা সম্পর্ক পোক্ত করার সম্ভাবনা তৈরি করেছে। এমনকি সমুদ্র বাণিজ্যে পথের দখলে চীনের মিত্র মিয়ানমারের ওপরও চাপ সৃষ্টি করতে পারবে। 

ভারতের এইরকম আচরণ প্রমাণ দিচ্ছে যে ভূরাজনীতিতে দেশটি এখন সাহসী ও সক্রিয় খেলোয়াড় হয়ে উঠেছে। চীন ও পাকিস্তানের সঙ্গে চীরবৈরিতা বজায় রেখেই যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে খেলছে। দেশে হিন্দুত্ববাদী রাজ কায়েম করলেও ইসলামি বিপ্লবের দেশ ইরানের সঙ্গে দোস্তি করছে। ইসরায়েলকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে কূটনৈতিকভাবে নাজুক অবস্থায় আছে, আর রাশিয়াও দীর্ঘ ইউক্রেন যুদ্ধে ক্লান্ত হলেও ভেঙে পড়েনি। বরং ভারত ও চীন উভয়েই শত্রুতা একপাশে রেখে মস্কোর পাশেই আছে। অন্যদিকে ভারত বাংলাদেশের প্রতি ছোট প্রতিবেশীকে করদ রাজ্যের মতো ব্যবহার করছে। যদিও, এর থেকে ছোট দুই দেশ নেপাল ও মালদ্বীপ ভারতের আধিপত্যের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। 

দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশ কারো সঙ্গেই শত্রুতা নয় সবার সঙ্গে বন্ধুত্ব এই নীতির কথা বললেও বর্তমান সরকার পুরোপুরি ভারতের ওপর নির্ভরশীল। ব্যাপারটা গত নির্বাচনের পর একদম প্রকাশ্যে। যুক্তরাষ্ট্রও নির্বাচনে কোনো প্রভাব রাখতে পারেনি। 

কিন্তু, বিশ্ব রাজনীতির সমীকরণে ভারতের ক্রমশ আরো সক্রিয় হয়ে উঠার খেসারত বাংলাদেশকেও দিতে হতে পারে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন