Logo
Logo
×

অভিমত

আলতাদিঘিঃ আওয়ামী উন্নয়নের এক নির্মম বলি

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৯:২০ পিএম

আলতাদিঘিঃ আওয়ামী উন্নয়নের এক নির্মম বলি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা নির্মম ছবি ভাইরাল হয়েছে। এটি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আলতাদিঘি জাতীয় উদ্যানের পাঁচ বছর আগের আর সাম্প্রতিক একটি ছবি। এতে দেখা যায়, পাঁচ বছর আগে টলটলে পানির এই দিঘির আশেপাশে বিপুল গাছের সমাহার ছিল। তবে এখন এই দিঘি শুকিয়ে গেছে। আশেপাশে নাই হয়ে গেছে বহু গাছ।
 
উইকিপিডিয়ার তথ্য অনুসারে, আলতাদিঘি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অংশে অবস্থিত একটি প্রাচীন জলাশয়। দিঘিটির আয়তন ৪৩ একর। এই জলাশয় দৈর্ঘ্যে ১ হাজার ১০০ মিটার। আর প্রস্থ ৫০০ মিটার। পাহাড়ের মতো পাড়গুলো উঁচু এবং দক্ষিণ পাড় শালবনে ঢাকা। প্রাচীন দিঘিগুলোর মধ্যে এটিই বোধ হয় বাংলাদেশের সর্ববৃহৎ সচল দীঘি।

সেই প্রাচীনকাল থেকে এই দিঘিটি মানুষসহ আশেপাশের বিপুল জীববৈচিত্র্যের জন্য আশ্রয়স্থল ও জীবনের আধার হলেও আওয়ামী পান্ডাদের প্রবল লোভ আর দুর্নীতিতে তা টিকতে পারলো না। এই পরিবর্তন হয়েছে পুনঃখননের মাধ্যমে আলতাদিঘি জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্পের আওতায়। 

৫ কোটি ৭৫ লাখ টাকার বেশি বরাদ্দ পাওয়া এই প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকুমেন আর্কিটেক্টস এন্ড প্ল্যানার্স লিমিটেড। যার চেয়ারম্যান হচ্ছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা আবু রায়হান রুবেল। 

প্রকল্প বাস্তবায়নের নামে দিঘির পানি তুলে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে আশেপাশের গাছ। এর বদলে টুরিস্ট স্পট বানানোর চেষ্টা হচ্ছে। গোটা দেশ যখন গরমে পুড়ছে, গোটা দুনিয়া যখন টের পাচ্ছে পরিবেশ বাঁচানোটা কত জরুরি, তখন কিছু টাকা আত্মসাৎ করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা উন্নয়নের নামে পরিবেশ হত্যার প্রকল্প নিচ্ছে। নিজেদের পকেট ভারী করছে। 

সবচেয়ে বড় তামাশা হচ্ছে এই প্রকল্পের তহবিল এসেছে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে। পরিবেশ রক্ষার তহবিল দিয়েই পরিবেশ ধ্বংসের এই লীলা বোধহয় কেবল আওয়ামী আমলেই সম্ভব। 

অবশ্য, এইটাই আওয়ামী উন্নয়ন। কখনো বিদেশ থেকে ঋণ করে, কখনোবা দেশের মানুষের টাকায় গত কয়েক বছরে এইরকম ধ্বংসাত্মক উন্নয়ন হয়েছে এই দেশে। রাস্তা হোক বা ব্রিজ, এদের খরচ ধরা হয়েছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। বলাই বাহুল্য, এর কারণ নিজেদের পকেট ভর্তি করা। 

আলতাদিঘির মতো গোটা দেশ আওয়ামী লোভ আর অবিশ্বাস্য দুর্নীতির থাবায় মৃতপ্রায়। এই দেশের প্রাণ, প্রকৃতি আর পরিবেশ অস্তিত্বের সংকটে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন