ফিটনেসবিহীন গাড়ি ও মন্ত্রী—দুটোই দুর্ঘটনার জন্য সমান দায়ী
প্রফেসর ড. মোর্শেদ হাসান খান
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৪২ পিএম
গতকাল রাতে মুন্সীগঞ্জের টগবগে এক যুবকের মৃত্যু হলো মোটরসাইকেল দুর্ঘটনায়। রাস্তায় বেপরোয়া একজন পথচারীকে বাঁচাতে গিয়ে বাড়ির অনতিদূরে ওই দুর্ঘটনাটি ঘটে। ছেলেটি আমার একান্ত পরিচিত মেহের কায়সার রানার আপন ছোটো ভাই। একমাত্র ভাইকে হারিয়ে যে রানা এখন পাগলপ্রায়। তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। গত তিন মাসে এমন অসংখ্য টববগে তরুণ-যুবকের প্রাণ নিভে গেছে সড়কে। ছাত্র-শিক্ষক-চাকরিজীবীদের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা তাদের সন্তান, ভাই, বোন কিংবা স্বজনদের হারিয়েছেন তাদেরও সান্ত্বনা দেওয়া যায় না। এমন মৃত্যুর কোনো সান্ত্বনা আসলে হয় না।
গত ২২ এপ্রিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসের চাপায় নিহত হয়েছেন। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়টি এখনো অচল। শোনা যাচ্ছে, শাহ আমানত পরিবহনের যে বাসটি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছিলো তার নাকি ফিটনেস নেই। ২৪ এপ্রিল দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে সড়কে প্রাণ গেছে ২২৫ শিক্ষার্থীর। আর এ সময়ের মধ্যে প্রায় দেড় হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং নিহত হয়েছে ১৩৬৭ জন। দুর্ঘটনায় নিহত এসব শিক্ষার্থী ছিলো তাদের পরিবারের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। তাদের হারিয়ে পরিবারগুলোর কি অবস্থা তা নিঃসন্দেহে অনুমেয়। প্রতিটি দুর্ঘটনায়ই তদন্ত কমিটি গঠিত হচ্ছে। এইসব কমিটির যে প্রতিবেদন তাতে একটি বিষয় অন্তত স্পষ্ট থাকে, তা হলো দুর্ঘটনায় দায়ী বাস কিংবা অন্য যানবাহনের ফিটনেস নেই।
দেশে কি পরিমাণ ফিটনেসবিহীন গাড়ি আছে তা চট্টগ্রাম-১১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুল লতিফের প্রশ্নের জবাবে ২০২১ সালে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সে সময় তিনি জানান, দেশে ৪ লাখ ৮১ হাজার ২৯টি ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। তার এই উত্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে সড়ক দুর্ঘটনার কারণ। এর জন্য কারা দায়ী সে প্রশ্নের উত্তর খুঁজতে কোনো তদন্ত কমিটির প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। মন্ত্রী ওবায়দুল কাদেরের ওই উত্তরের তিন বছর পার হয়েছে। কিন্তু এটা শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে, এই সময়ের মধ্যে সবগুলো ফিটনেসবিহীন গাড়ি ঠিক হয়ে যায়নি। বরং ঘাঁটাঘাঁটি করলে দেখা যাবে এই সংখ্যা এতদিনে আরো বেড়েছে।
২০১৯ সালের ঘটনা নিশ্চয়ই জাতি এখনো ভুলে যায়নি। তখন সড়ক দুর্ঘটনায় দুজন শিক্ষার্থীর মৃত্যু নিয়ে রাজধানী প্রায় অচল করে দিয়েছিল ছোট ছোট শিক্ষার্থীরা। সে সময় তাদের সেই আন্দোলন সরকার উপড়ে ফেলার যোগাড় করেছিলো। আন্দোলনের সেই স্ফুলিঙ্গ থামাতে আমাদের গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলায় নিয়োজিত সব বাহিনীকে যে কী পরিমাণ বেগ পেতে হয়েছে তা অনেকেই বুঝবেন।
এ সময় তারা নিজেরাই রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছিল। আর সরকারি চাকুরে ট্রাফিক পুলিশরা অন্দরমহলে আশ্রয় নিয়েছিলেন। অতিশয় আশ্চর্যের ব্যাপার হলো, যারা কোনো দিন জানতো না ট্রাফিক পুলিশ কী জিনিস, সিগন্যাল কী জিনিস, সেই তারাই দায়িত্ব নিয়েছিল সারা রাজধানীর। গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে কি না, গাড়ির ফিটসেন আছে কি না, কাগজ ঠিক আছে কি না—এসব তল্লাশি করতে বেশুমার শিক্ষার্থী রাস্তায় নেমেছিল। অবাক করা কাণ্ড হলো, তাদের তল্লাশি থেকে বাদ পড়েনি মন্ত্রী-এমপিদের গাড়ি পর্যন্ত। অনেকে তল্লাশির ভয়ে বিকল্প পথ ধরে পগার পার হয়েছেন। এখানেই বলা যায়, যেখানে ঠেকবে সেখানেই শিখবে। তারা ঠেকেছে, তারা শিখেছে, তারা কাজ করে দেখিয়েছে এবং তারা সফল হয়েছে।
কারা ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন তাদের পক্ষে সরকারের এক মন্ত্রীর সরল উক্তি ছিল, গাছের ছবি দেখে যে বলতে পারবে এটা গাছ, মাছের ছবি দেখে যে বলতে পারবে এটা মাছ, সে-ই গাড়ির চালক হওয়ার জন্য যোগ্য। তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে। অর্থাৎ প্রতীক চিনতে পারলেই তিনি নাকি যোগ্য ড্রাইভার হতে পারেন।
প্রতিবছর ঈদকে কেন্দ্র করে দেশে বিপুল সংখ্যক মানুষ এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত করেন। ঈদের পরও এই ধারা অব্যাহত থাকে। ফলে যাওয়া এবং আসার সময় সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে পরিবহন ব্যবসায়ীরা মেয়াদোত্তীর্ণ এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামায়। সরকারের কাছে এই তথ্য থাকলেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ফলে সড়ক দুর্ঘটনা আমাদের নিত্যসঙ্গী হচ্ছে। প্রতিদিন রাস্তায় শেষ হচ্ছে অনেক জীবন।
সম্প্রতি দেশে বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। এর মধ্যে ফরিদপুরে বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে ঝালকাঠিতে। ট্রাক-প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে সেখানেও মৃত্যুর সংখ্যা ১৪। দেশে সড়ক দুর্ঘটনা যে ভয়াবহ আকার ধারণ করেছে সেটি প্রমাণের জন্য এই দুটি ঘটনাই যথেষ্ট।
এসব দুর্ঘটনার ক্ষেত্রে আমরা প্রায়ই যে কথাটি শুনতে পাই বা দেখতে পাই তা হলো বাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ বা ধাক্কা, বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বা ধাক্কা, নইলে গাছের সঙ্গে বাসের ধাক্কা ইত্যাদি। আর এসবের মূলে থাকে গাড়ির নিয়ন্ত্রণ হারানো। ফলে বাস বা ট্রাককে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বা নদীতে পড়ে থাকতে দেখা যায়। এই যে, যত্রতত্র ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে এর জন্য অদক্ষ গাড়ির চালক এবং ফিটনেসবিহীন বা মেয়াদোত্তীর্ণ গাড়িই কেবল দায়ী? সরকার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কি কোনো দায় নেই? কোনোভাবেই কি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এর দায় এড়াতে পারেন?
রাস্তায় যারা গাড়ি চালাচ্ছেন তাদের বেশির ভাগেরই ড্রাইভিং লাইসেন্স নেই। আবার যাদের আছে তাদের অনেকের লাইসেন্স জাল। এ ছাড়া আছে অপ্রাপ্তবয়স্ক গাড়ির চালক। আবার অনেক চালক আছেন যারা নেশাগ্রস্ত। তারা নেশা করেই গাড়ি চালিয়ে থাকেন। একজন গাড়ির চালক যদি নানা দোষে দুষ্ট থাকেন এবং তিনি যে গাড়িটি চালান সেটি যদি ফিটনেসবিহীন হয়ে থাকে, এবং মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে, তাহলে সড়ক দুর্ঘটনা ঘটবে এটাই তো বাস্তবতা। এটাই স্বাভাবিক। অথচ মোটর গাড়ি চালনা আইনের ধারা-৪ এবং ৫-এ উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে তাকে ৫ হাজার টাকা জরিমানা গুনতে হবে। অন্যথায় তিনি আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন। অথবা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। কিন্তু কথায় আছে না ‘কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নাই’। এখানকার অবস্থাটাও ঠিক তাই।
সবশেষে বলতে চাই, এই দেশে এখন আর কোনো কিছুরই ফিটনেস নেই। ফিটনেস হারিয়েছে গণতন্ত্র, আইনের শাসন। বিকল হয়ে পড়ে রয়েছে মানবাধিকার ও ভোটাধিকার। বিলুপ্ত হয়ে গেছে জবাবদিহিতাও। ফলে এখন আর কোনো দুর্ঘটনার দায় সরকার কিংবা মন্ত্রণালয়ের ঘাড়ে পড়ে না। কোনো অব্যবস্থাপনার দায় তাদেরকে দায়ী করে না। তারা নির্দ্বিধায় কেবল চালক আর গাড়ির ওপর দায় চাপিয়ে বছরের পর বছর চেয়ারে চেপে বসে থাকেন। ফিটনেসবিহীন গাড়ির মতো এই মন্ত্রণালয়ের মন্ত্রীর ফিটনেস না থাকলেও তাতে কোনো সমস্য হয় না। এমন ফিটনেসহীনভাবেই গত দেড় দশক এই দেশটা চলছে। কিন্তু এভাবে আর কতদিন চলবে কিংবা চালাতে পারবে সেটিই দেখার বিষয়।
লেখক: মহাসচিব, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
