Logo
Logo
×

অভিমত

বয়কটের রাজনীতি, রাজনীতির বয়কট

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পিএম

বয়কটের রাজনীতি, রাজনীতির বয়কট

বয়কট শব্দটা ইদানীং দেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। নানাসময়ে নানা ধরনের পণ্য এবং প্রতিষ্ঠান বয়কটের ডাক উঠছে। এর মধ্যে কোন কোন বয়কট জনপ্রিয় ও কার্যকর হয়ে উঠছে এবং কোন কোনটি কেবলই হুংকারে পরিণত হয়েছে। 

নির্বাচনে হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জনমনে সাড়া পড়েছে, তবে ইসলামী বিভিন্ন দল এবং গোষ্ঠীর বয়কটগুলো কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থাকে। কিছুদিন আগে আড়ং এবং ব্র্যাক বয়কটের আহ্বান খুব একটা সফল হয়নি বলেই মনে হয়। অতি সম্প্রতি দেশীয় কোম্পানি ওয়ালটনের বিরুদ্ধে বয়কটের আহ্বান জানানো হয়েছে। এই নিয়ে সামাজিক মাধ্যম দুইভাগে ভাগ হয়ে গেছে। 

প্রথমত, ট্রান্সজেন্ডার ইস্যু। এই ব্যাপারটা মূলধারার রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ তা তলিয়ে দেখা দরকার। বিশেষত ভারতীয় নির্বাচনের আগে এই ধরনের ব্যাপারে হইচই সন্দেহের উদ্রেক করে। বাংলাদেশকে নানাভাবে উগ্র মুসলমানের দেশ দেখানো এবং আওয়ামী লীগই তা ঠেকানোর একমাত্র শক্তি দেখাতে পারলে কাদের লাভ হয় ইতোমধ্যেই রাজনীতি সচেতন লোকেরা বোঝে। ওয়ালটনের ব্যাপারটাই যদি ধরি, বাংলাদেশে প্রায় কোন ব্যাপারেই গ্রাহকদের তোয়াক্কা না করা কোম্পানিগুলো কেন এই প্রতিবাদেই অতি দ্রুত মাফ চেয়ে ব্যাপারটাকে অনেক বড় করে দেখাতে চাইছে তা সন্দেহের উদ্রেক করে। 

দ্বিতীয়ত, বয়কটের মনস্তত্ত্ব ও ইতিহাস। বয়কটের ব্যাপারটা কিন্তু আমাদের সমাজে অতি প্রাচীন একটি ব্যাপার। শক্তিশালীরা তো নানাভাবে অনেককে একঘরে করতোই, অনেকসময় শক্তিশালীদের সঙ্গে পেরে না উঠলেও দুর্বলেরা তা করতো। বাংলাদেশের মানুষের বর্তমানে কোন ধরনের রাজনৈতিক এজেন্সি নাই। এরা ভোট দিতে পারে না, নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে না, উপরন্তু যাবতীয় অবিচার ও অত্যাচারের শিকার। এই অবস্থায় বেশিরভাগ মানুষ ক্ষোভ পুষে রাখা ছাড়া আর তেমন কিছু করতে পারছে না। নিজেকে বিপন্ন বোধ করা মানুষেরা তাই যখনই সুযোগ পাচ্ছে তখনই তাঁর ক্ষমতা দেখানোর প্রচেষ্টা চালাবে। বয়কট তেমনি একটি হাতিয়ার। আমরা গত শতকের জাতীয়তাবাদী আন্দোলনগুলোতে এর বহুল ব্যবহার দেখি। এই অঞ্চলে মহাত্মা গান্ধী কিংবা আমেরিকায় কালো মানুষদের নেতা মার্টিন লুথার কিং তাঁদের রাজনৈতিক কৌশলে নিয়মিত বয়কটের ব্যবহার করতেন। বর্তমান দুনিয়াতেও আমরা দেখি একটি ভিষ্টরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বয়কট আন্দোলন করার চেষ্টা করে। 

কিন্তু, এসব ছাপিয়ে প্রশ্ন হচ্ছে, বয়কটই কি রাজনীতির শেষ কথা? বয়কট করতে পারলেই কি গণতন্ত্র পুনরুদ্ধার হবে। একদমই না। বয়কট কেবলমাত্র একটি প্রাথমিক হাতিয়ার, জনগণকে চাঙা করার উপায় মাত্র। এমনকি বয়কট যাতে অতি ব্যবহার হয়ে ক্লিশে না হয় তাও খেয়াল রাখতে হবে। বয়কটের অতি ব্যবহার একে খেলো করতে পারে, অকার্যকর করে তুলতে পারে। নানা ইস্যুতে তা আমরা দেখেছি। 

মাঠের রাজনীতি শক্তিশালী করাই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায়। বয়কট থেকে অর্জিত অনুপ্রেরণা কাজে লাগিয়ে নির্বাচন ও সরকার পতনের আন্দোলন করাটাই রাস্তা, কেবল বয়কটে থেকে থাকা নয়। আমরা গত নির্বাচনের আগেও দেখেছি, অনলাইন ভিত্তিক বিপুল জনপ্রিয় আন্দোলন সরকারকে টলাতে পারেনি। শুধু বয়কটের ধোয়া দিয়ে তা সম্ভবও হবে না, বরং জনগণ এতে থেমে থাকলে আরো একবার হতোদ্যম হতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন