নিহত বাবা ও ছেলে
নব্বইয়ের দশকে পশ্চিম বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা গেয়েছিলেন, ‘আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড- কর্তৃপক্ষ দায়ী না।’ গানটা মনে পড়ে গেল গতকাল রাতে আগারগাঁওয়ে এক বাবা-ছেলের মৃত্যুতে।
রাজধানীর শেরেবাংলা নগরের তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)। সাহদাব রাজধানীর একটি কলেজে উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তাদের সঙ্গে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন মশিউরের ১৩ বছরের মেয়ে সিনথিয়া।
মশিউর ফ্যানের সঙ্গে ঝুলছিলেন, আর সাহদাব বিছানায় পড়েছিলেন, গলায় আঘাতের চিহ্ন। সম্ভবত, ছেলে-মেয়েকে ফাঁসি দিয়ে মেরে নিজে ঝুলে পড়েছিলেন তিনি।
গণমাধ্যেমের খবরে জানা যায়, পিতা-পুত্রের লাশের পাশে পিতার হস্তাক্ষরে ‘কেউ দায়ী নয়’ লেখা একটা চিরকুট পাওয়া গেছে।
আসলেই কি কেউ দায়ী নয়? জানা গেছে, মশিউর ছিলেন একজন প্রকৌশলী। বছর তিনেক আগে চাকরি হারানোর পর তিনি সংসার চালানোর জন্য শেয়ার ব্যবসায় যুক্ত হন। কাউকে দায়ী না করার আগে আমরা গত দুই দিনের সংবাদমাধ্যম যদি ভালো করে পর্যবেক্ষণ করি, তবে দেখবো গত তিন মাসে শেয়ার বাজারে ১ লাখ কোটি টাকা লোপাট হয়ে গেছে।
আওয়ামী লীগ বিগত দিনে যতবার ক্ষমতায় এসেছে ততোবার এই ঘটনা ঘটেছে। এইবার যখন অনেক ঘটা করে বছরের শুরুতে শেয়ার বাজারে ফ্লোর প্রাইস তুলে দিয়ে বাজার আবার রমরমা হবে এই আশাবাদ জানালো কর্তৃপক্ষ আর সংবাদমাধ্যম, অনেকেই প্রমাদ গুণছিলেন।
হলোও ঠিক তাই! কিন্তু মশিউররা বড়ই অসহায়। চাকরি নাই, ব্যবসার পরিস্থিতি সুবিধার না। অর্থনীতির হাল খারাপ। জেনেবুঝেই বিষপানের মতো হয়তো দুইটা বাচ্চার অসহায় বাপ নেমেছিলেন শেয়ার বাজারের ফাঁদে। কে জানে, হয়তো উনি সেই গ্লানিতেই আত্মহত্যা করলেন। আল্লাহ উনাকে মাফ করুক।
আমাদের আশপাশে এইরকম আরো লাখো লাখো মশিউর আছে। সংবাদমাধ্যেমে চোখ বুলালে আজকে আমরা দেখতে পাবো সিপিডির ফেলো মুস্তাফিজুর রহমান দেখিয়েছেন কিভাবে বাজেটের ভুল আর হটকারি সিদ্ধান্তে দেশের অর্থনীতি দুই বছরের মধ্যে ধসে গেল। মূল্যস্ফীতি আকাশে উঠার দিকে যাত্রা অব্যাহত রাখলো। একদিকে পুঁজি লুট হয়ে দরবেশ বাবাদের হারেমখানায় ঢোকে, উড়ে উড়ে চলে যায় বেগমপাড়ায়। অন্যদিকে সামান্য ভাত-ডালের জন্য গুণতে হয় অনেক অনেক টাকা। সেই চাপ মশিউর, মশিউররা নিতে না পেরে হয়তো চরম পথে পা বাড়ান।
কিন্তু, মশিউর আর তার সন্তানের লাশের ময়নাতদন্তে এসব কথা লেখা থাকবে না। সংবাদমাধ্যমে মাঝে মাঝে মশিউরদের নির্মম মৃত্যুর খবর প্রকাশ পাবে।
পিতা আর পুত্রদের লাশের গায়ে লেখা থাকবে- আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী না।
