Logo
Logo
×

অভিমত

সাংস্কৃতিক লড়াই বনাম ক্ষমতার লড়াই

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পিএম

সাংস্কৃতিক লড়াই বনাম ক্ষমতার লড়াই

দীর্ঘদিন স্বৈরশাসকের অধীনে থেকে দেশের সমস্ত প্রতিষ্ঠান ভঙ্গুর হয়ে পড়লে এর প্রভাব পড়ে জনমানষেও। ক্ষুব্ধ, অত্যচারিত মানুষ যে করেই হোক এর থেকে পরিত্রাণ চায়। নানাভাবে নিজের অধিকার কায়েম করতে চায়। 

আরো একটা তামাশার নির্বাচনের পর মাঠের রাজনীতি কিছুটা স্থিমিত হলেও সামাজিক মাধ্যম বেশ উত্তপ্ত। ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপে আওয়ামী লীগ আরেকদফা ক্ষমতা নিশ্চিত করাতে প্রতিবেশী দেশটির প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ বাড়ছেই। এমতবস্থায় ভারতীয় পণ্য বয়কটের আহ্বান বিপুল জনপ্রিয়তা পেয়েছে।

তবে, ভারতবিদ্বেষের ব্যাপারটা রাজনীতিবিদদের জন্য টাইম বোমার মতো। একে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে, তা হিতে বিপরীত হতে পারে। ভারতবিদ্বেষ যদি হিন্দু বিদ্বেষে পরিণত হয় তবে দেশে-বিদেশে সরকারবিরোধী শক্তিগুলো সমর্থন হারাবে।

যদিও গণতন্ত্র পুনুরুদ্ধারে জনগণের সংগঠিত শক্তিই সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হয়, দেশি-বিদেশি অন্যান্য শক্তিও রাজনীতিতে গুরুত্বপূর্ণ। গত নির্বাচনের আগে ভারতের প্রভাবে মার্কিন ও অন্যন্য পশ্চিমা শক্তি পিছু হটে গেলেও এই কথা অনস্বীকার্য যে, পাশার দান উল্টাতে বাইরের সাহায্য লাগবেই।

বাংলাদেশকে যদি সাম্প্রদায়িক দেশ হিসেবে দেখানো যায় তবে সবচেয়ে বেশি লাভ ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং তাদের এদেশীয় দোসরদের। তারা পশ্চিমসহ বাকি বিশ্বকে ওয়ার অন টেরর রুখতে আওয়ামী লীগের বিকল্প নাই বলে ভয় দেখাতে পারবে। এমনকি দেশের মানুষও দ্বিধাবিভক্ত হয়ে যাবে। 

এটা সত্যি যে, এদেশের সুশীল সমাজে হিন্দুত্ববাদের দোসররা আছে। কিন্তু, তাদের প্রতি ক্ষোভ দেখাতে গিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করলে তাতে হিন্দুত্ববাদী শক্তিদেরই লাভ হবে। আর, এতে পুরো আন্দোলনের নৈতিক শক্তি হারাবে।

মাথায় রাখতে হবে যে, ভারতের নির্বাচন আসন্ন। হিন্দুত্ববাদী মিডিয়া যতোই বড় বড় কথা বলুক, ভারতের একটা বড় অংশের জনগণ ক্ষমতাসীন বিজেপির ওপর ক্ষুদ্ধ। কিন্তু, বাংলাদেশকে সাম্প্রদায়িক দেখিয়ে, বাংলাদেশকে ভারতের জন্য হুমকি দেখিয়ে, অনেক ভোটারকেই নিজেদের দলে টেনে আনার চেষ্টা করবে দলটি। শত হলেও এই দলের রাজনীতিই হচ্ছে ইসলাম ঘৃণা। ফলত, সেই ফাঁদে পা দেয়া যাবে না।

বাংলাদেশে আমরা যে বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখি, তাতে সব ধর্ম, বিশ্বাস, মতের মানুষের অধিকার আছে। সামাজিক মাধ্যমে সাংস্কৃতিক লড়াই জেতার জজবায় আমরা যেন সেই গণতন্ত্রের লড়াইয়ে পিছিয়ে না যাই। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন