Logo
Logo
×

অভিমত

এই বেনজীরের সেই বয়ান

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৩২ পিএম

এই বেনজীরের সেই বয়ান

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে ঢাকার গণমাধ্যমে খবর প্রকাশের পর অনেকের চোখ কপালে উঠেছে। শুদ্ধাচার পুরস্কার পাওয়া সাবেক পুলিশ প্রধানের অর্থ-বিত্ত আর জমি-জমার পরিমাণ জেনে শুধু অবাকই নয় মূর্চ্ছা যাওয়াটাও অস্বাভাবিক নয়। পত্রিকার খবরে বলা হয়েছে, গোপালগঞ্জে তিনি গড়ে তুলেছেন সুবিশাল এক রিসোর্ট। সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন এ পার্কটি আসলে একটি পর্যটন কেন্দ্র। রিসোর্টটির মোট জমির পরিমাণ প্রায় ১৪০০ বিঘা। সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বেনজীরের বড় মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীর এবং পরিচালক ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীর।

শুধু এই এক ইকো রিসোর্টই নয়, পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও দুই মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। তার আছে নানা ধরনের ছয়টি প্রতিষ্ঠান, যাতে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি।

বেনজীর আহমেদের দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গাজুড়ে ডুপ্লেক্স বাড়ি; যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরো ১০ বিঘা জমি। এ ছাড়া রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতাল সংলগ্ন ইস্টার্ন প্রপ্রার্টিজের একটি বহুতল ভবনে চার হাজার বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন বেনজীর আহমেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়ায় বেনজীর আহমেদের রয়েছে দুই বিঘা জমি; যার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

পুলিশ প্রধান কেন, কোনো পর্যায়ের চাকরি করেই একজন ব্যক্তির পক্ষে এত সম্পদ অর্জন করা সম্ভব নয়, এটা করতে গেলে নির্বিচারে দুর্নীতি করতে হবে। বেনজীর আহমেদও তাই করেছেন- এটা স্পষ্ট। দুদক বলছে, তারা বিষয়টির দিকে চোখ রাখছে। ‘সাপোর্টিং পেপারস’ পেলে তদন্ত হবে।

অথচ এই বেনজীর আহমেদ চাকরিতে থাকাকালে নিজেকে শুধু একজন চৌকস ও স্মার্ট পুলিশ কর্মকর্তা হিসেবেই উপস্থাপন করেননি, সততার গালভরা নানা বুলিও আওড়েছেন। ২০২০ সালের বিভিন্ন সময়ে পুলিশের নানা অনুষ্ঠানে বলেছিলেন, পুলিশের কেউ অবৈধভাবে অর্থ উপার্জন করে সম্পদ গড়তে পারবে না। বড়লোক হতে চাইলে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুন।

বেনজীর এও বলেছিলেন, কোনো পুলিশ সদস্য অবৈধভাবে অর্থ উপার্জন করতে পারবেন না। দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে কেউ যদি বড়লোক হতে চায়, তাহলে সে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুক বড় লোক হোক, আমরা তাকে সাধুবাদ জানাব। কিন্তু পুলিশে থেকে কোনভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা যাবে না। তিনি বলেছিলেন, এখানে (পুলিশে) দুর্নীতির সুযোগ নেই। অন্য পেশার মানুষ কে কী করলো সেটা জনগণ ভাবে না। কিন্তু পুলিশ দুর্নীতি করলে তা নিয়ে মানুষ সমালোচনা করে। তিনি আরও বলেছিলেন, ভবিষ্যতে যারা পুলিশি পেশায় আসবেন তাদের মনে কোনো খারাপ উদ্দেশ্য থাকলে এই চাকরিতে আসার দরকার নেই। পুলিশ একসময় দুর্নীতি ও দুর্ব্যবহারের ওপর জয়ী হবে। এ বিষয়ে আমরা কাজ করছি। পুলিশ বাহিনীতে আমরা যারা আছি, সবাই সম্মানের সঙ্গে চাকরি করতে চাই।

বেনজীর আহমেদের আগে দেশে পুলিশ প্রধানের পদে অনেকেই দায়িত্ব পালন করেছেন, কিন্তু বাগাড়ম্বর আর আওয়ামী লীগের অবৈধ শাসনের প্রতি তার দুর্নিবার প্রেমের বিষয়টি সবারই জানা। আড়ালে অনেকে তাকে ‘শেখ হাসিনার চাইতে বড় আওয়ামী লীগার’ বলতেন। কিন্তু তিনি যখন পুলিশের চাকরিতে ছিলেন তখন তার ব্যাপারে কিছু বলার সুযোগ বা সাহসই কারো ছিল না। অবসরে যাওয়ার পর তাকে নিয়ে আলাপ-আলোচনা করার বিশেষ কিছু ছিল না, বিশেষ করে তার পছন্দের সরকার ক্ষমতায় থাকায় তিনি আগের মতই উড়ছিলেন। 

তার প্রভাব-প্রতিপত্তি এ নিয়ে নানামহলে আলোচনা হলেও তিনি যে ভেতরে ভেতরে অর্থনৈতিকভাবে এমন সাম্র্রাজ্য গড়ে তুলেছেন তা মানুষের অজানাই ছিল। সেই অজানা কাহিনী মানুষের জানা হয়ে গেছে। যে বেনজীর পুলিশের চাকরি করে দুর্নীতি করলে চাকরি ছাড়ার পরামর্শ দিতেন সেই বেনজীর এখন হাজার কোটি টাকার মালিক। তার টাকা ও সম্পদের উৎসের ব্যাপারে সদুত্তর কি পাওয়া যাবে কখনো?

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন