গত বছর বিএনপির একটি সমাবেশের ছবি
বাংলাদেশের ইতিহাসে এতো দীর্ঘস্থায়ী এবং নির্মম স্বৈরাচার আর দেখা যায়নি। একটার পর একটা নির্বাচন নানা কায়দায় পার হয়ে আসা এই সরকার দেশের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার এবং প্রতিষ্ঠান ধংস করে দিয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর নিষ্ঠুরতায় গোটা দেশকে অবরুদ্ধ করে রেখেছে।
তাই বলে জনতা যে প্রতিরোধ করছে না তা কিন্তু নয়। সম্প্রতি দেখা গেলো খুনে সংগঠন ছাত্রলীগ বুয়েটে আবার ফিরে আসার চেষ্টা করছে। তবে, আবরার ফাহাদের খুনীদের সংগঠনকে ঠেকাতে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রায় কেউই চাইছে না এখানে রাজনীতি ফিরে আসুক।
ছাত্রলীগকে ঠেকাতে রাজনীতিই নিষিদ্ধ করাটা কোন আদর্শ কথা না, কিন্তু বুঝতে হবে যে এ ছাড়া এই আমলে আর হয়তো তেমন কিছু করার নেই। আসলে, গত পনের বছর বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি বলে তো কিছু নেইই। আছে কেবল ছাত্রলীগ।
ছাত্রদলের নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়ে ক্যাম্পাসগুলো থেকে বিতাড়িত। এমনকি সরকারের সরাসরি পদলেহন করা কিছু সংগঠন বাদে বাকি বামদলগুলোও কোনঠাসা। ছাত্র রাজনীতির ইতিহাস ঐতিহ্যর কথা বলা হয়, কিন্তু এরশাদ আমলে সরকারী ছাত্রসংগঠনের এইরকম একক মাস্তানী ছিলো না, এমনকি পাকিস্তান আমলে আইয়ুব খানের সময়েও না।
কিন্তু, এরমধ্যেও ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছে। সেই আন্দোলনের কর্মীরা ডাকসু নির্বাচনে ভালো ফল করেছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফিস কমানোর আন্দোলন হয়েছে, এমনকি কিশোররা রাস্তায় নেমে এসেছে।
রাষ্ট্রযন্ত্র ও পেটোয়া বাহিনী দিয়ে সরকার এই আন্দোলনগুলো দমন করেছে। তবুও মানুষ প্রতিবাদ চালিয়ে গেছে। টানা দুইটি নির্বাচনকে হাস্যকর করে তুলেছে। বিশ্বব্যাপী সেই নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা হারিয়েছে।
এমনকি চরম আর্থিক সংকটের কালেও ভারতের পণ্য বয়কট আন্দোলনের মতো ব্যাপারে যুক্ত হয়েছে। বাংলাদেশের নির্বাচনে ভারতের ক্ষমতাসীনদের নগ্ন হস্তক্ষেপ উন্মোচিত হবার পর জণগণের ক্ষোভ উগরে পড়েছে।
কিন্তু, মাঠের রাজনীতি না থাকলে এই ক্ষোভগুলো দানা বেঁধে সফল হতে পারবে না। বিরোধীদের জন্য রাজনীতি এখন সবচেয়ে কঠিন হয়ে উঠেছে তবে এইসব ছোট ছোট আন্দোলনকে বড় কিছুর দিকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক দলগুলোকেই মাঠে থাকতে হবে, শত মার খেয়ে হলেও।
যেই দানব আমাদের উপর চেপে বসেছে তাঁকে উৎখাত করতে হয়তো গোটা একটা প্রজন্মকেই পুরোপুরি আত্মত্যাগ করতে হবে। এছাড়া আমাদের গতি নেই।
