আদালতে ড. ইউনুস। ফাইল ছবি
লেখার শিরোনামে যে বাক্যটি ব্যবহার করা হয়েছে তা এই লেখকের নয়, এটি বলেছেন, বাংলাদেশের শান্তিতে একমাত্র নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ২ এপ্রিল আদালতে হাজিরা দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, বিশ্বনন্দিত ড. মুহাম্মদ ইউনূস। সেখানেই তিনি এ বাক্যটি ব্যবহার করেছেন।
ড. ইউনূস বাংলাদেশে কথা কম বলেন, বিভিন্ন দেশে তিনি বক্তৃতা করেন আর সে সব বক্তৃতা টিকেট কেটে শোনার লোকের অভাব হয় না, কিন্তু বাংলাদেশে তিনি কথা বলেন খুবই কম। সম্ভবত: বাংলাদেশ যেহেতু তার জন্মভূমি এবং নিজের কাজ করার ভূমি তাই এখানে এসে উদ্দীপনামূলক বক্তৃতা দেয়ার চেয়ে কাজ করে তা দেখিয়ে মানুষকে উদ্দীপ্ত করাটাকেই উত্তম মনে করেন ড. ইউনূস।
তবে গত ক’মাসে মামলার ‘আসামী’ হয়ে তাক আদালতের বারান্দায় নিয়মিত ঘুরতে হচ্ছে, একজন বিচারপ্রার্থী হিসেবে তিনি এর আগেও আদালতে গেছেন, তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেয়ার পর রিট করে। কিন্ত বিশেষ আদেশে গঠিত বিশেষ ধরণের অর্থনৈতিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক থেকে ড. ইউনূসকে সরিয়ে দেয়ার মধ্যে অন্যায়ের কিছু পায়নি বাংলাদেশের ‘স্বাধীন’ বিচার বিভাগ।
আবার আদালতে আদালতে ঘুরছেন ড. ইউনূস, আজ এ আদালতে হাজিরা তো কাল ও আদালতে, এমনকি বিদেশ থেকেও তাড়াহুড়ো করে তাকে দেশে ফিরতে হয়েছে আদালতের সম্মান রক্ষায়। (তিনি না এলে হয়তো আদালত অবমাননা হতো)। এই আদালতে আসা-যাওয়া কালে ড. ইউনূস মাঝেমধ্যে গণমাধ্যমের সাথে কথা বলছেন। মঙ্গলবার আদালত থেকে বের হয়ে আসার পর ড. ইউনূস বলেছেন ‘দেশে বালা–মুসিবত হচ্ছে। মানুষ যেভাবে বাঁচতে চায়, যেভাবে থাকতে চায়—সেভাবে থাকতে পারছে না। আইনের শাসন বলে যে জিনিস, সেটা আমরা কোথাও পাচ্ছি না।’ বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, ‘আমরা নিজ নিজ ভূমিকা পালন করতে পারছি কি না। আমরা যেটা করতে চাচ্ছিলাম, সেটা করতে পারছি কি না? সেটা না করতে পারলে কীভাবে আমরা প্রতিবাদ জানাব? কীভাবে আমরা কথা শোনাতে পারি? শোনাবার পথ আমরা বের করি। পথ আমাদের বের করতেই হবে। এটা ছাড়া কোনো উপায় নেই।’
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস বলেন, ‘এখন রমজানের দিন। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, বালা–মুসিবত থেকে আমরা যেন বাঁচতে পারি। আমাদের ওপর অনেক বালা–মুসিবত। ব্যক্তিগতভাবে আমার ওপর অনেক বালা–মুসিবত। আমার যাঁরা সহকর্মী, তাঁদের ওপর অনেক বালা-মুসিবত। দেশের ওপর বালা–মুসিবত। এর থেকে মুক্তির জন্য দোয়া করুন।’
দেশের একমাত্র নোবেলজয়ী আরও বলেন, ‘সামনে ঈদ আসছে। আমরা যেন সত্যি সত্যি ঈদ উদ্যাপন করতে পারি। তারপর পয়লা বৈশাখ। সব খুশি একসঙ্গে আসছে। দেশে বালা–মুসিবত। এসব বালা–মুসিবত অতিক্রম করতে না পারলে আমাদের মুক্তি নেই, রেহাই নেই।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি নিজের বালা–মুসিবতের কথা বললাম। দেশের বালা–মুসিবতের কথা বললাম। পৃথিবীর বালা-মুসিবত আমাদের ঘিরে আছে। সেই বালা–মুসিবত থেকে আমাদের উদ্ধার করতে হবে।’
ড. মুহাম্মদ ইউনূস আরও কিছু কথা বলেছেন, সামাজিক উদ্যোগ, অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশে উদ্ভাবিত অর্থনৈতিক উদ্যোগ অর্থাৎ ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার প্রতি বৈশ্বিক আগ্রহ এমন অনেক বিষয়ে তিনি কথা বলেছেন। তবে মানুষের নজর বিশেষভাবে কেড়েছে তার বক্তব্যের ‘বালা মুসিবত’ এর অংশটুকু। কারণ ড. ইউনূসের এই কথা তো আসলে বাংলাদেশের মানুষেরই কথা। দেশের মানুষ সত্যিই এক মহা মুসিবতে আছে, সে মুসিবত থেকে উদ্ধার বা মুক্তি লাভের পথটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, কিন্তু মুক্তি তো পেতেই হবে। ড. মুহাম্মদ ইউনূস মুসিবত থেকে মুক্তি চান, মানুষও মুক্তি চায়। মানুষের সেই মুক্তি আর কত দূর?
