Logo
Logo
×

অভিমত

বুয়েট ধ্বংস করতে চায় কারা?

Icon

জাফর আব্বাস

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১১:৪৩ পিএম

বুয়েট ধ্বংস করতে চায় কারা?

আবরার ফাহাদ হত্যাকণ্ডের দায়ভার অবশ্যই ছাত্রলীগের। আবরার নিহত হয়েছেন ছাত্রলীগের সক্রিয় কর্মীদের দ্বারা। আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগ যে শুধু সরকারের কথামতো রাজনীতি করে তা নয়, বাংলাদেশ সরকারের ঘনিষ্ট সহযোগী ভারত সরকারের কথামতোও কাজ করে। বিশ্ববিদ্যালয়গুলোতে এর বহু নজির রয়েছে।

আবরার ফাহাদকে ছাত্রলীগ ধরে এনে মারধর করে হত্যা করেছে কেন? উত্তরটা সবার জানা। কারণ তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের অসম চুক্তি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন।

পরিতাপের বিষয়, এই হত্যাকাণ্ড নিয়ে অনেক অসন্তোষ ও ক্ষোভ তৈরি হলেও ছাত্রলীগ ভারত-তোষণ নীতি থেকে সরে আসেনি। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরেও তারা ভারতের সমালোচনা করায় শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে। আবরারের পর একই কারণে কেউ মৃত্যুবরণ না করলেও ছাত্রলীগ তাদের নীতি পরিবর্তন করেনি। ফলে, নীতিগতভাবে তারা এই হত্যাকাণ্ডের দায় থেকে এখনও মুক্ত হতে পারেনি। দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকলে আবরারের হত্যাকাণ্ডের দায়ে দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি সংগঠন হিসেবে ছাত্রলীগও নিষিদ্ধ হয়ে যেত। কিন্তু তেমন কিছু আমরা ঘটতে দেখলাম না। বরং খুনের দায়ে অভিযুক্ত সংগঠনটি বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু করার জন্য সরব হয়েছে।

সরকারের মন্ত্রীরা তাদের সমর্থনে বক্তব্য রাখছেন। সর্বশেষ আদালত থেকে রায় এসেছে বুয়েছে ছাত্র রাজনীতি চালু করার নির্দেশনা দিয়ে। এটা খুবই লজ্জার যে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ না করে প্রকারান্তরে তাদের সেই কলুষিত রাজনীতি ফিরিয়ে দিল সর্বোচ্চ আদালত।

বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় সংক্ষেপে বুয়েট নামে পরিচিত। আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে হত্যা করে ২০১৯ সালের ৭ অক্টোবর। ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে আবরার ফাহাদকে ভোঁতা জিনিসের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করেছে, আবরারকে তার ফেসবুক পোস্টের কারণে আক্রমণ করা হয়েছিল, যা ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু চুক্তির সমালোচনা বলে মনে হয়েছিল।

বুয়েট সহ সারাদেশে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক জনরোষ তৈরি হয়। স্বাভাবিকভাবে সকলে আশা করছিল, ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা যাতে বুয়েট সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস ও ভয়ের রাজনীতি অব্যাহত রাখতে না পারে সে উদ্যোগ নেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলেও তেমনটি ঘটেনি। ফলে, এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে ২০১৯ সালের ১১ অক্টোবর বুয়েটে সব রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করে বুয়েট কর্তৃপক্ষ। পাশাপাশি ছাত্রলীগের কয়েকজন কর্মীর ছাত্রত্ব বাতিল করা হয়। সেসময় শিক্ষার্থীরা এই বলে আশ্বস্ত হয়েছিল যে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ফলে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন হলেও এতে অন্তত ছাত্রলীগের হত্যা ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ হবে। ২০১৯ সাল থেকে এই ব্যবস্থাই চলছিল। বুয়েটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পড়াশোনা ভাল চলছে। তবে হঠাৎ করে কেন সরকার, তাদের ছাত্রসংগঠন ও আদালত সর্বশক্তি দিয়ে বুয়েটে ছাত্র রাজনীতি চালুর বিশেষ করে ছাত্রলীগকে ঢোকানোর ব্যাপারে উদগ্রীব হয়ে পড়লো?

খুনী একটি ছাত্র সংগঠনের উপস্থিতির মাধ্যমে কেন আবারও বুয়েক ক্যাম্পাসে ভয়ের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে?

এ নিয়ে বিশ্লেষকরা দ্বিধাবিভক্ত। অনেকেই আবরার হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ভুলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করার চেষ্টা করছেন। কিন্তু এই প্রেক্ষাপট বাদ দিলে কিছুতেই বোঝা যাবে না- কেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চায় না এবং কেনই বা সরকার তাদের ছাত্রলীগ সেখানে সক্রিয় করতে চায়।

কেউ কেউ মনে করছেন, বাংলাদেশের সবচেয়ে ভাল বিশ্ববিদ্যালয় ও মেধাবীদের বিদ্যাপীট বুয়েট নিয়ে সরকার আসলে খুব বেশি চিন্তিত নয়। এ বিশ্ববিদ্যালয়টি নিয়ে সক্রিয় হয়েছে ভারত। তারা যেমন একদিকে ভাল অবস্থানে থাকা এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করে দিতে চায় তেমনি আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর এই বিশ্ববিদ্যালয়ে ভারত-বিরোধী যে সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটিকে চ্যালেঞ্জ করতে চায়। আবরার ফাহাদ মৃত্যুবরণ করেছেন ভারতের সমালোচনা করার কারণে। অনেকেই ধারণা করেন, ছাত্রলীগ ভারতের নির্দেশনায় তাকে হত্যা করেছে। আর এ কারণে বুয়েটে ভারত-বিরোধী মনোভাব শক্তিশালী হয়েছে। এ অবস্থায় ভারতীয়রা এ বিশ্ববিদ্যালয়টি নিয়ে চিন্তিত। এখন ছাত্রলীগ ঢুকিয়ে বিশ্ববিদ্যালয়টিতে নিয়ন্ত্রণে নিয়ে ধ্বংস করার পাঁয়তারা করছে মূলত ভারত।

এরই মধ্যে ভারতের বুলি আমরা মন্ত্রীদের মুখে শুনতে পাচ্ছি। তারা জঙ্গীবাদের ধূয়া তুলছেন। খুব স্পষ্ট, দেশের মেধাবীদের এই বিদ্যাপীঠে ষড়যন্ত্রকারীদের নজর পড়েছে।

ছাত্ররাজনীতি বন্ধের নামে বুয়েটকে জঙ্গিবাদের কারখানায় পরিণত করা হচ্ছে কি না, সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্ররাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে জঙ্গিবাদ, অপরাজনীতির কারখানায় পরিণত করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। সেই রকম হলে সরকারকে অ্যাকশনে যেতে হবে। (৩১ মার্চ, প্রথম আলো)

বিরাজনীতিকরণের নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) জঙ্গিবাদের আখড়া বানাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুয়েটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সেই ঘটনার বিচারও হয়েছে। কিন্তু প্রগতিশীল রাজনীতি বন্ধের আড়ালে সেখানে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী সক্রিয় হয়েছে কি না, সেটি খুঁজে বের করতে হবে। (১ এপ্রিল, প্রথম আলো)

সরকারের অন্য কর্তাব্যক্তিরা এরই মধ্যে মন্ত্রীদের সুরে কথা বলতে শুরু করেছেন। ভারতপন্থী বুদ্ধিজীবীরা আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ভুলে বুয়েটে ছাত্রলীগের রাজনীতি চালু করার পক্ষে ওকালতি শুরু করেছেন।

এ অবস্থায় এটা অনেকেই মনে করছেন, বুয়েটের দিকে ভারতীয়দের নজর পড়েছে। এবং তারা আঁটঘাট বেঁধেই নেমেছে। তারা খুব ভাল করেই জানে সাধারণ শিক্ষার্থরা তীব্র প্রতিবাদ করবে। ছাত্রলীগ তাদের সামনে টিকতে পারবে না। এ অবস্থা বরাবরের মতোই আদালতের রায়ের মাধ্যমে বুয়েট ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন