Logo
Logo
×

অভিমত

রাজনীতির অধিকারের নামে ছাত্রলীগের মাস্তানি

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১১:৩৮ পিএম

রাজনীতির অধিকারের নামে ছাত্রলীগের মাস্তানি

বেশ কিছুদিন ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে আবারো রাজনীতি শুরুর তোড়জোড় করছে ছাত্রলীগ। বেশীরভাগ ছাত্ররাই অবশ্য এর তীব্র বিরোধীতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এক খবরে দেখা যায়, কোন এক সেমিস্টার পরীক্ষায় মাত্র একজন ছাত্র উপস্থিত ছিলেন। পরে জানা যায়, সে ছাত্রলীগ কর্মী এবং তাঁর একাডেমিক রেজাল্ট বেশ খারাপ। 


মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের কর্মীরা নিজের হলেই পিটিয়ে মারার পর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই ছাত্ররা উচ্চকিত ছিলেন, এই খুনে রাজনীতি যাতে আর ফিরে আসতে না পারে। 

বাংলাদেশে ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। স্বাধীনতা যুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। মানুষের অধিকার নিয়ে ছাত্ররা আন্দোলন করবে এই প্রত্যাশা থাকে দেশবাসীর। 

কিন্তু, এরপর থেকে ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোর পরিবেশকে অসুস্থ করেছে। ছাত্র বা জনতার স্বার্থ বাদ দিয়ে দলীয় স্বার্থে ছাত্ররা টেন্ডারবাজিসহ নানা অপকর্মে জড়িয়েছে। হলের সিট দখল এবং বাটোয়ারার অলিখিত দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। 

রাজনীতি করা পুর্ন বয়স্ক মানুষের অধিকার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও অধিকার আছে রাজনীতি করার। কিন্তু শিক্ষাংগনে রাজনীতি চলতে দেয়া উচিত কিনা এই প্রশ্নটা সামনে চলে আসছে বহুবছর ধরে। দলীয় রাজনীতির লাভালাভের উর্ধে উঠে এখন সময় হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেবার।

তদুপরি, আমরা দেখতে পাচ্ছি, রাজনীতি করার অধিকারের সুযোগ নিয়ে ছাত্রলীগ যদি শিক্ষাংগন না, গোটা দেশেই তান্ডব চালাচ্ছে। কিছু বামপন্থী সংগঠনের লোকজন বলার চেষ্টা করছেন যে, বুয়েটসহ সকল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে দিতে হবে। তবে, তাতে লাভ হবে কেবল ছাত্রলীগেরই। 

বুয়েটের ছাত্ররা দেশের সবচেয়ে মেধাবী। চাকরির জন্য তাঁদেরকে বিসিএসের উপর তেমন একটা ভরসা করতে হয় না। এমনকি এদের বড় একটা অংশ বৃত্তি নিয়ে দেশের বাইরেও চলে যান উচ্চতর শিক্ষার জন্য। ফলে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষে অন্য সবার চেয়ে শক্তভাবে নিজেদের দাবী নিয়ে দাঁড়ানো সম্ভব। 

মনে রাখ্তে হবে, বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি না করতে দেয়া মানেই কারো রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া না। ছাত্ররা নিজেদের মতো করে নানা ধরনের সংগঠন করতেই পারে, যেগুলো ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে। এছাড়া শিক্ষাংগনের বাইরে তো যে কোন দলের হয়ে রাজনীতি করার সুযোগ তো থাকবেই। 

ফলে, ছাত্রলীগের মাস্তানি আর বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা জরুরী। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন