Logo
Logo
×

অভিমত

বাইডেনের গাজা-নীতি ও মুসলিম ভোটব্যাংক

Icon

আহমেদ বায়েজীদ

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১০:২২ পিএম

বাইডেনের গাজা-নীতি ও মুসলিম ভোটব্যাংক

গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা গভীর ক্ষতের সৃষ্টি করেছে বিশ্বের সব বিবেকবান মানুষের মনে। দেরিতে হলেও গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ার সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এর আগে বেশ কয়েকটি প্রস্তাবে ভেটো দিয়েছে দেশটি; কিন্তু সর্বশেষ প্রস্তাবটিতে তারা সেই অবস্থান থেকে সরে আসে। যা ইসরায়েল বিষয়ে মার্কিন নীতিতে কিছু পরিবর্তন আসার আভাস দিচ্ছে।

শুরুতে একতরফাভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাসের সামরিক অভিযানের পর গাজায় যে যুদ্ধ শুরু হয়েছে তার ওপর রাজনৈতিক, সামরিক, কূটনৈতিকভাবে সর্বাত্মক সমর্থন ছিল যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট জো বাইডেনসহ মার্কিন কর্মকর্তারা দফায় দফায় ইসরায়েল সফর করেছেন। আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরীও পাঠিয়েছে বাইডেন প্রশাসন।

তবে নতুন বছরের জানুয়ারির পর থেকেই ওয়াশিংটনের সাথে তেলআবিবের মতবিরোধের লক্ষণ ফুটে উঠতে শুরু করে। গাজায় ত্রাণ প্রবেশে বাধা, বেসামরিক লোকদের হত্যা, হাসপাতালে হামলার মতো ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন মার্কিন কর্মকর্তারা। এরপর রাফায় স্থল অভিযান নিয়েও শুরু থেকে আপত্তি জানাতে শুরু করে ওয়াশিংটন। প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই বিষয়টি নিয়ে আপত্তির কথা জানান।

দক্ষিণ গাজার মিশর সীমান্তবর্তী রাফাহ শহরটিতে বর্তমানে আশ্রয় নিয়েছে ১৫ লাখের মতো মানুষ। উত্তর ও মধ্য গাজায় সামরিক অভিযান চালানোর আগে এসব অঞ্চলের বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যেতে বলে ইসরায়েল। যে কারণে সবাই রাফায় আশ্রয় নেয়; কিন্তু গত মাস দুয়েক ধরে রাফাহ শহরে অভিযান চালানোর পরিকল্পনা করতে থাকে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল হয়তো চেয়েছিলো, রাফায় অভিযান চালালে সীমান্ত খুলে দেবে মিশর এবং গাজার বাসিন্দারা মিশরে ঢুকে পড়বেন; কিন্তু কায়রো এই ইস্যুতে অনড়। তারা সাফ জানিয়ে দিয়েছে, গাজার বাসিন্দাদের মিশরে ঠেলে দেওয়া চলবে না, তাদের গাজাতেই থাকতে দিতে হবে।

এই আপত্তি সত্ত্বেও ইসরায়েল যখন রাফায় অভিযান চালাতে অনড় তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিষয়টি নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মতবিরোধের বিষয়টি সামনে আসে। নেতানিয়াহু ইসরাইলের উপকারের চেয়ে ক্ষতি বেশি করছেন এমন মন্তব্যও করেন প্রেসিডেন্ট বাইডেন। এরপর তারা নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাব পাস হওয়ার সুযোগ করে দেয়।

যুক্তরাষ্ট্রের এই অবস্থান পরিবর্তনের পেছনে বেশ কিছু কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। গাজায় গণহত্যা নিয়ে বিশ্বব্যাপী জনঅসন্তোষ, যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে দায়ী করা, মুসলিম বিশ্বের সাথে সম্পর্কের অবনতির আশঙ্কা উল্লেখযোগ্য কারণ। তবে তার চেয়েও বেশি ভুমিকা রেখেছে সম্ভবত যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটব্যাংক।

আরব ও অনারব মিলিয়ে যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা প্রায় সাড়ে চার মিলিয়ন বা ৪৫ লাখ। যদিও সারা দেশে মোট ভোটারের মাত্র ২ থেকে ৩ শতাংশ তারা- যেটি নির্বাচনে বড় প্রভাব ফেলার কথা নয়; কিন্তু এমন কয়েকটি অঙ্গরাষ্ট্রে মুসলিম ভোটের সংখ্যা বেশি যেগুলো সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাষ্ট্র হিসেবে পরিচিত। যে কারণে ওইসব স্টেটের মুসলিম ভোটাররা আগামী নভেম্বরের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।

ঐতিহ্যগতভাবে মার্কিন মুসলিমদের বেশিরভাগই ডেমোক্র্যাট দলীয় সমর্থক। ডেমোক্র্যাটদের উদার অভিবাসন ও ধর্মীয় নীতির কারণেই তারা মুসলিম ভোটারদের কাছে টানতে পেরেছে। আসছে নভেম্বরের নির্বাচনে যে তিনটি অঙ্গরাষ্ট্র ব্যাটল গ্রাউন্ড হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে সেগুলো হলো জর্জিয়া, মিশিগান ও পেনসিলভানিয়া। ২০২০ সালে তিনটি অঙ্গরাষ্ট্রেই জয় পেয়েছেন জো বাইডেন। তবে ভোটের ব্যবধান ছিলো কম।

বিশ্লেষকরা বলছেন, ২০২০ সালের নির্বাচনে এই তিনটি অঙ্গরাষ্ট্রে মুসলিম- বিশেষ করে আরব ভোটাররা বাইডেনের জয়ে সহায়ক হয়েছেন। মিশিগানে ১ লাখ ৫৪ হাজার ভোটে জয় পেয়েছেন জো বাইডেন। জর্জিয়ায় আরো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেখানে জো বাইডেন জয় পেয়েছেন মাত্র ১১ হাজারের বেশি কিছু ভোটে। পেনসিলভানিয়ায় ভোটের ব্যবধান ছিলো ৮০ হাজার। এই তিন অঙ্গরাষ্ট্রে ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা ৪২টি, যার সবগুলোই গেছে বাইডেনের পক্ষে।

অন্য যে অঙ্গরাষ্ট্রগুলোতে মুসলিম ভোটারের সংখ্যা বেশি তার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ইলিনয়স, নিউ জার্সি, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ভার্জিনিয়া। এসব অঙ্গরাষ্ট্রের ভোটের রাজনীতিতে মুসলিম ভোটারদের বিশেষ গুরুত্ব রয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার কারণে মুসলিম ভোটাররা ইতোমধ্যেই জো বাইডেনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার আভাস দিয়েছেন। বেশ কয়েকটি অঙ্গরাষ্ট্রে ‘বয়কট বাইডেন’ ক্যাম্পেইনও চলছে। তারা বলছেন, আগামী নভেম্বরের নির্বাচনে তারা আর বাইডেনকে ভোট দিতে চান না। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় বাইডেনের ওপর মুসলিম ভোটারদের এই ক্ষোভ ক্রমশই বাড়ছে। যুক্তরাষ্ট্রে মুসলিম ভোটারের সংখ্যা ৪৫ লাখের মতো। জনমত জরিপ সংস্থাগুলো বলছে, ২০২০ সালের নির্বাচনে তাদের ৮০ শতাংশই জো বাইডেনকে ভোট দিয়েছিলেন।

২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখেও ইতোমধ্যেই ২০ লাখের বেশি মুসলিম ভোটার নিবন্ধিত হয়েছেন বলে জানিয়েছে আমেরিকান মুসলিমদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স। এমগেজ নামের একটি সংস্থার জরিপ বলছে, মার্কিন মুসলিমদের ৯৫ শতাংশই আগামী নির্বাচনে জো বাইডেনকে ভোট দিতে চান না।

শুধু তাই নয়, সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যেও বাইডেনের গাজা নীতি বিরূপ প্রভাব ফেলছে। মার্চের শেষ সপ্তাহে প্রকাশিত জরিপ সংস্থা গলআপের নতুন জরিপের ফলাফলে দেখা গেছে, নভেম্বরে যেখানে গাজায় ইসরায়েলি অভিযানের ওপর ৫০ শতাংশ মার্কিনীর সমর্থন ছিলো, এখন তা কমে ৩৬ শতাংশে নেমেছে। ৫৫ শতাংশ মার্কিনী সরাসরি গাজা অভিযানের বিরোধিতা করেছেন। জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট ও স্বতন্ত্র রাজনৈতিক সমর্থকদের মাঝে ১৮ শতাংশ কমেছে ইসরাইলের প্রতি সমর্থন। রিপাবলিকানদের মাঝে কমেছে ৭ শতাংশ।

ভোটারদের মানসিকতায় এই পরিবর্তন ডেমোক্র্যাট দলীয় নীতি নির্ধারকদের যে চিন্তায় ফেলেছে সেটি বোঝা যাচ্ছে। মিশিগানের ডেমোক্র্যাট নেতারা হোয়াইট হাউজকে সতর্ক করে বলেছেন, জো বাইডেন যেভাবে গাজা যুদ্ধপরিস্থিতি সামলাতে চাইছেন তাতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আরব আমেরিকান কমিউনিটির ভোট হারাতে পারেন। অন্য কিছু অঙ্গরাষ্ট্র থেকেও বাইডেনের নির্বাচনী নীতি নির্ধারকদের সতর্ক করা হয়েছে বিষয়টি নিয়ে।

মনে করা হচ্ছে, এসব বিষয় আমলে নিয়েই গাজা যুদ্ধ বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন এসেছে। গাজায় এয়ারড্রপ করে ত্রাণ সামগ্রী পাঠানো, রাফাহ অভিযান বিষয়ে ইসরায়েলকে বাধা দেওয়া ও জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো না দেওয়া যার অংশ। বেশ কয়েকটি এলাকায় আরব কমিউনিটির নেতাদের সাথে বৈঠক করেছেন বাইডেনের প্রতিনিধিরা। আলজাজিরার এক বিশ্লেষণে বিষয়গুলোকে বাইডেনের ‘ড্যামেজ কন্ট্রোল এক্টিভিটি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে; কিন্তু এসব করেও বাইডেন শেষ পর্যন্ত মুসলিম ভোটারদের নিজের দিকে টানতে পারবেন এমন কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না।

কথা হচ্ছে, আগামী নির্বাচনে আমেরিকান মুসলিমরা যদি জো বাইডেনকে ভোট না দেন, তাহলে কাকে ভোট দেবেন? বাইডেনের প্রতিদ্বন্দ্বী যে ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন, সেটি অনেকটাই নিশ্চিত। সাবেক এই রিপাবলিকান প্রার্থীর বিষয়ে মার্কিন মুসলিমদের রয়েছে ভয়াবহ অভিজ্ঞতা। মুসলিম অভিবাসীদের প্রতি তার ‘বিদ্বেষ’ রয়েছে। ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই সাতটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী নিষিদ্ধ করেন। আরো অনেক ইস্যুতে মুসলিমদের ক্ষোভ রয়েছে ট্রাম্পের ওপর। তাছাড়া ট্রাম্প আরো বেশি ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত। তার প্রেসিডেন্সির সময়েই তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে স্থানান্তর করা হয়েছে। যে কারণে মার্কিন মুসলিমরা পড়তে যাচ্ছেন উভয় সঙ্কটে। গাজার গণহত্যার জন্য তারা বাইডেনকে বয়কট করছেন, আবার ট্রাম্প যেভাবে মুসলিম বিদ্বেষ দেখিয়েছেন সেটিও মুসলিমদের ভোলার কথা নয়।

তাই অনেক মুসলিম ভোটার আগামী নির্বাচনে কাউকে ভোট না দেওয়ার পরিকল্পনা করছেন। যেটি শেষ পর্যন্ত বাইডেনের জন্যই ক্ষতির কারণ হবে, কারণ এই কমিউনিটি ডেমোক্র্যাটদের ভোট ব্যাংক হিসেবেই পরিচিত। হয়তো এসব চিন্তা করেই বাইডেন ড্যামেজ কন্ট্রোল পলিসি নিয়েছেন। গাজার যুদ্ধ বন্ধে ইসরায়েলকে আরো বেশি চাপে রাখতে শুরু করেছেন। তবে সেটি কতটা আন্তরিকতার সাথে আর কতটা লোক দেখানো- তার ওপর নির্ভর করছে এসব নীতির ফলাফল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন