মধ্যবিত্ত আর নিম্নবিত্তকে মুখোমুখি দাঁড় করালো কে?
আহমেদ খিজির
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১০:৩৮ পিএম
সম্প্রতি ফেসবুকে একটা লেখা বেশ দেখা যাচ্ছে। একজন আক্ষেপ করে বলছেন, বাসার কাজের বুয়ার পরিবারের আয় বিশ্ববিদ্যালয় পাস করা একজনের পরিবারের আয়ের থেকে বেশি। এরপর হিসেব করে দেখালেন যে কাজের বুয়া ও তার রিকশাওয়ালা স্বামীসহ ছোট বাচ্চা ছেলে- যে টেম্পো চালকের সহকারীর কাজ করে, পরিবারের এই তিনজন মিলে যা কামাই করে তার সমান বিশ্ববিদ্যালয়ের ছেলেটি কামাই করতে পারে না। অথচ, বুয়ার পরিবার গরিব হিসেবে নানা সাহায্য পায়। আর বিশ্ববিদ্যালয়ের ছেলেটি মধ্যবিত্ত বলে সেই সুবিধা পায় না।
এইরকম লেখা গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। সঙ্গত কারণেই, বড় অংশের মানুষ এই লেখাটার ভুল ধরিয়ে দিচ্ছেন। বুয়ার পরিবারে তিনজনের বিপরীতে একজনের কামাইয়ের তুলনা হাস্যকর। বুয়ার পরিবারের তিনজন যে অমানুষিক কষ্ট করেন, অপমানের শিকার হন এবং অনিশ্চয়তায় থাকেন; তার সঙ্গে টেবিল-চেয়ারে কাজ করা যুবকের কাজের তুলনা হয় না। সবচেয়ে বড় কথা, একটা বাচ্চা ছেলে কাজ করতে বাধ্য হচ্ছে এ এক অমানবিক দৃশ্য। আমাদের সমাজ যে কাজ করছে না, তার উদাহরণ। বাচ্চাটার রোজগারকে ঈর্ষা করা তাই অমানুষের কাজ।
কিন্তু, বড় অংশের একটা মানুষ কেন এই লেখা সমর্থন করছেন? কেন কিছুদিন পরপর এমন লেখা হচ্ছে? মধ্যবিত্ত কি সব বিবেচনাবোধ হারিয়ে ফেললো? অমানুষ হয়ে উঠলো?
ব্যাপারটি এরকম নয়। বরং এর পেছনে রয়েছে রাষ্ট্র ও শাসকগোষ্ঠীর লুটপাট ও সীমাহীন দুর্নীতি। গত ১৫ বছর যাবৎ আমরা দেখতে পাই এদেশে বিনিয়োগ করা অসম্ভব হয়ে উঠছে। সরকারি দলের মাস্তান আর প্রশাসনের জবাবদিহিতাবিহীন লুটপাট ও দুর্নীতি ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা থেকে বের করে দিচ্ছে।
এ কারণে প্রাইভেট সেক্টরে চাকরির অবস্থাও খারাপ। অন্যদিকে, সরকার বিসিএসের মুলা ঝুলাচ্ছে। কিন্তু, বিপুল শিক্ষিত জনগোষ্ঠীর কয়জন এই চাকরি পায়? বাকিদের কি হাল হবে তাহলে?
আমরা দেখতে পাই ক্ষমতাসীনদের কারসাজিতে শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে। উন্নয়নের নামে ঋণ করে বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে। এদের বড় অংশই লুটেরাদের পেটে যাচ্ছে। এর প্রভাবে দেশের ঋণ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থনীতির অবস্থা শোচনীয়।
শুধু কি তাই? শিক্ষা ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে, বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের বেশিরভাগ তরুণ উন্নতমানের চাকরি পায় না। এদেশের বেশিরভাগ রেমিট্যান্স যোদ্ধা আসলে নিজের রক্ত-মাংস বিকিয়ে দিয়ে শারিরীক শ্রম দেন।
অথচ, আশির দশকেও মধ্যবিত্তের স্বপ্ন ছিল শিক্ষার সোপান বেয়ে উন্নতি করা। সেই স্বপ্ন এখন বিলীন হবার পথে। শিক্ষিত মধ্যবিত্ত টের পাচ্ছে, তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। শিক্ষা আর তাকে উন্নত জীবনের নিশ্চয়তা দিতে পারছে না।
ফলে, দিশেহারা মধ্যবিত্ত ভাবছে গরীব বুঝি তার চেয়ে ভালো আছে। সে ওই অমানুষিক পরিশ্রম করা মানুষগুলোকে প্রচণ্ড হিংসা করছে হিতাহিত জ্ঞান হারিয়ে। অথচ, মধ্যবিত্ত আর নিম্নবিত্ত উভয়েই প্রচণ্ড রকম লুটপাটের শিকার। তাদের প্রাণান্তকর পরিশ্রমের ফসল লুট করছে ক্ষমতায় থাকা দুর্নীতিবাজরা। এই লুটপাট মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে দুইটি লুট হয়ে যাওয়া শ্রেণীকে। দেশের জন্য এ এক দুর্ভাগ্যজনক সময়।
