Logo
Logo
×

অভিমত

মুক্তিযুদ্ধে জিয়ার সামরিক কৌশল ও গেরিলা যুদ্ধ-দর্শনের প্রয়োগ

Icon

ড. মারুফ মল্লিক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৭:৫৬ পিএম

মুক্তিযুদ্ধে জিয়ার সামরিক কৌশল ও গেরিলা যুদ্ধ-দর্শনের প্রয়োগ

ছবি সংগ্রহীত

স্বাধীনতা যুদ্ধের এক অনবদ্য চরিত্র জিয়াউর রহমান। স্বাধীনতা দিবস এলেই ঘুরে-ফিরে জিয়াউর রহমানের নাম চলে আসে অবধারিতভাবে। কারণ জিয়াউর রহমান সময়ের ডাকে সাড়া দিয়েছিলেন। গত শতকের ৯০-এর দশকে বামপন্থীদের একটি জনপ্রিয় দেয়াল লিখন ছিল। দেয়াল লিখনটি হচ্ছে, ‘বেজে উঠলো কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি।’ ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাকিস্তানী সামরিক বাহিনীর হামলায় চারদিকে যখন হত্যা, ধ্বংসযজ্ঞ ও রক্তের হোলিখেলা তখনই জিয়াউর রহমান সময়ের ঘড়ির ডাক শুনতে পেলেন এবং বিদ্রোহ করে বেতারে একটি ঘোষণা দিলেন। অনেকেই এখন বেতারে ঘোষণা দেওয়ার দাবি করেন। কিন্তু দেশবাসী জিয়াউর রহমানের ঘোষণাই শুনতে পেয়েছিল এবং দিশেহারা জাতি সম্বিৎ ফিরে পেয়ে ঘুরে দাঁড়িয়েছিল। সারাবিশ্ব জানতে পেরেছিল- নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানীদের বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু করেছে বাংলাদেশ।

এরপর কেবলই প্রতিরোধ যুদ্ধের গল্প। বাঙালি, চাকমা, সাঁওতাল, গারো, হাজং, ত্রিপুরা, খাসিয়া- এই ভূখণ্ডে যত জাতি, বর্ণ ও ধর্মের মানুষ আছে সবাই মিলে নতুন এক ইতিহাস নির্মাণে সশস্ত্র পথ চলার শুরু। গত শতকের ৬০ ও ৭০ এর দশক উপনিবেশবাদ ও জাতীয়তাবাদী আন্দোলনের এক স্বর্ণালী সময়। দিকে দিকে পরাধীনতার শিকল ছিঁড়ে স্বাধীন হওয়ার উন্মাদনা। পূর্ব বাংলার জনমানুষও স্বাধিকারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ঠিক ওই সময়ই।

আমাদের স্বাধীনতা যুদ্ধের শীর্ষ নায়কদের একজন জিয়াউর রহমান। সম্প্রতি আওয়ামী লীগ ও দলটির মতাদর্শে বিশ্বাসী অনেকেই বলার চেষ্টা করেন- জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি। এমনকি তাঁকে পাকিস্তানের চর বলতেও দ্বিধা করেন না তারা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আজকাল কোনো কথা বললেও ওই পক্ষের অনেকে ভ্রু কুঁচকে তাকান।

মূলত হীনম্মন্যতা ও নিজেদের ব্যর্থতা আড়াল করতেই অনেকে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকাকে খাটো করতে চান। অথচ জিয়াউর রহমানসহ অন্যান্য  সামরিক কর্মকর্তাদের ত্বরিৎ প্রতিক্রিয়ার কারণেই আমাদের মুক্তিযুদ্ধ দ্রুতই শক্তিশালী এক গণযুদ্ধের চরিত্র ধারণ করে। জিয়াসহ এক ঝাঁক মেধাবী সামরিক কর্মকর্তার সামরিক জ্ঞান ও কৌশল এবং অগনিত মানুষের সাহসী অংশগ্রহণ আমাদের মুক্তিযুদ্ধকে সাফল্যের দিকে নিয়ে যায়।

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের সব চেয়ে বড় অবদান হচ্ছে- প্রচলিত সামরিক জ্ঞানের সঙ্গে গেরিলা যুদ্ধের কৌশল সফলভাবে প্রয়োগ করা। অনেকেই বলতে পারেন, আমাদের মুক্তিযুদ্ধ তো জনযুদ্ধ যা প্রকৃতপক্ষে গেরিলা কৌশলেরই যুদ্ধ। এটা ঠিক। কিন্তু সামরিক আগ্রাসন বা দখলদারিত্বের বিরুদ্ধে জনযুদ্ধ শুরু হতে কিছুটা সময় লাগে। এক্ষেত্রে আমাদের স্বাধীনতা যুদ্ধের সমসাময়িককালে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। আলজেরিয়ায় স্বাধীনতা যুদ্ধ দশ বছর ধরে চলেছে। এবং ওই যুদ্ধ সর্বোপরি একটি গেরিলা জনযুদ্ধে পরিণত হতে কিছুটা সময় নিয়েছিল।

আর আমাদের মুক্তিযুদ্ধ ছিল ৯ মাসের। ২৫ মার্চের হামলার পরই দ্রুত জনযুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের সর্বাগ্রে ছিলেন জিয়াউর রহমান। ঢাকায় হামলার সংবাদ পেয়েই জিয়াউর রহমান সম্ভবত তার রণকৌশল নির্ধারণ করেছিলেন। নিজস্ব কমান্ডিং অফিসারকে হত্যা করে তিনি যুদ্ধের সূচনা করেন। যুদ্ধ শুরুর বিষয়ে তিনি বিন্দুমাত্র দ্বিধায় ভোগেননি। জিয়াউর রহমানের নেতৃত্বে ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করলে পাকিস্তানী সেনাবাহিনীর তিন ব্যাটেলিয়ান কমান্ডো ও তিন ব্যাটেলিয়ান পদাতিক বাহিনী হামলা করে। জিয়াউর রহমান যুদ্ধ করতে করতে কর্নফুলি পার হয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান এবং নিরাপদ আশ্রয়ে চলে যান।

এরপর জুন মাসের শুরুর দিকে মুজিবনগর সরকার নিয়মিত পদাতিক ব্রিগেড গঠনের সিদ্ধান্ত নেয়। জিয়াউর রহমানকে পদাতিক ব্রিগেডের কমান্ডার নিযুক্ত করা হয়। শুরু থেকেই জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন ক্যাপ্টেন অলি আহমেদ, ক্যাপ্টেন সাদেক। পরে রামগড় থেকে মেজর এজেডএম আমিনুল হক ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্ট নিয়ে যোগ দেন। ৩য়  ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে যোগ দেন মেজর শাফায়েত জামিল। মেজর মঈনুল হোসেন চৌধুরী  ও ক্যাপ্টেন হাফিজ উদ্দিন আহমেদও  জিয়াউর রহমানের সঙ্গে শামিল হন। জুলাইয়ের সাত তারিখে ১ম, ৩য় ও ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সমন্বয়ে যুদ্ধকালীন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম পদাতিক ব্রিগেড গঠন করা হয়।

সেপ্টেম্বর মাসে এই ব্রিগেডের নাম রাখা হয় জেড ফোর্স। জেড ফোর্সের সদস্যরা জিয়াউর রহমানের নেতৃত্বে বেশ কয়েকটি বড় ধরনের যুদ্ধে পাকিস্তানী বাহিনীকে পর্যুদস্ত করে ও হারিয়ে দেয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, জামালপুরের ধানুয়া-কামালপুরের যুদ্ধ। এই যুদ্ধ শুধু বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামেই উল্লেখযোগ্য না, বরং সামরিক শিক্ষা ও কৌশল অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ওই সময় কামালপুর সড়ক ছিল শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও ঢাকার মধ্যে একমাত্র সংযোগ সড়ক। জেড ফোর্সের সদস্যরা বারবার ওই অঞ্চলে আচমকা হামলা করে পাকিস্তানী সৈন্যদের হত্যা করে। এই যুদ্ধে প্রচলিত সামরিক ও গেরিলা যুদ্ধের মিশেল দেখা যায়। পাকিস্তানীদের ঘাঁটিতে একাধিকবার পরিকল্পিত হামলার পাশাপাশি কমপক্ষে ২০টির বেশি গেরিলা আক্রমণ করা হয়। উপুর্যপরি হামলায় পাকিস্তানী বাহিনী হতবিহ্বল হয়ে পড়ে।

এছাড়াও জিয়াউর রহমানের নেতৃত্বে  মুক্তিযোদ্ধারা শেরপুরের নকশী সীমান্তে হামলা করে। আগস্টে রৌমারি মুক্ত করে সেখানে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড পরিচালনা করতে শুরু করে। রৌমারিতে নিজস্ব বিচার ব্যবস্থা, পুলিশ, ডাক বিভাগ, স্বাস্থ্যসেবা  ও রাজস্ব বিভাগ গড়ে তোলা হয। ১৯৭১ সালে রৌমারী থেকে বাংলাদেশের রাজস্ব বিভাগ ১ লাখ ৫০ হাজার টাকার শুল্ক আদায় করে আন্তঃসীমান্ত বাণিজ্য থেকে। জিয়াউর রহমানের নেতৃত্বে আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বড় বিজয় হচ্ছে ২১ নভেম্বর হামলা করে সিলেট পাকিস্তানীদের শাসন থেকে মুক্ত করা। (সূত্র : জ্যোতি রহমান, দি রোড টু ডেমোক্রেসি)।

জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের শুরু থেকেই নিয়মানুবর্তী, প্রশিক্ষিত ও দক্ষ সেনাবাহিনী গঠনের দিকে মনযোগ দিয়েছিলেন। পাশাপাশি তিনি প্রচলিত যুদ্ধ কৌশলের সঙ্গে গেরিলা  জনযুদ্ধের প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন। শুধু আমাদের স্বাধীনতা যুদ্ধেই নয়, পরে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনের সময়ও নিরাপত্তা ব্যবস্থায় একই দর্শনের প্রয়োগ করেছিলেন। জিয়াউর রহমান সেনাবাহিনীকে শক্তিশালী করার সঙ্গে সঙ্গে আনসার, ভিডিপির মত আধাসামরিক বাহিনী গঠনের দিকে মনযোগ দেন। এক্ষেত্রে জিয়াউর রহমানের যুদ্ধ ও নিরাপত্তার দর্শন পরিষ্কার। তিনি মনে করতেন, প্রথমে প্রচলিত যুদ্ধের কৌশল হিসাবে সামরিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এতে কাজ না হলে গেরিলা পদ্ধতি বেছে নিতে হবে। তিনি ওই সময়ের অনেক দেশের মতো বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কৌশল অবলম্বন না করে আনসার, ভিডিপির মত আধাসামরিক বা প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী গঠনের দিকে মনযোগ দেন। এতে করে দেশে অস্ত্র পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্তদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল।

জিয়াউর রহমান আপাদমস্তক একজন সাহসী, কৌশলী ও দক্ষ যোদ্ধা ছিলেন। দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা- কখনোই জিয়াউর রহমান খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন না। ত্বরিৎ সিদ্ধান্ত নিতে পারতেন সাহসের সঙ্গে। সাহসীরাই ইতিহাস নির্মাণের নিপুন কারিগর হিসাবে কাজ করে। জিয়াউর রহমান আমাদের স্বাধীনতা যুদ্ধের সেই দক্ষ ও নিপুন কারিগর যিনি পরিবার পরিজনের নিরাপত্তাকে তুচ্ছ জ্ঞান করে দেশ-মাতৃকার প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এ বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে অপপ্রচার চালিয়ে আত্মতৃপ্তি পেতে পারেন অনেকেই কিন্তু মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ভাবমূর্তি তাতে মলিন করা যাবে না।

 

ড. মারুফ মল্লিক : লেখক ও রাজনৈতিক বিশ্লেষক

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন