প্রাথমিক থেকে উচ্চশিক্ষা: পরিকল্পিতভাবে ধ্বংস হচ্ছে ভবিষ্যত
আহমেদ খিজির
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১১:৫৩ পিএম
একটি দেশের শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে সে দেশের ভবিষ্যত। এ কারণে ঔপনিবেশিক আমলে ইচ্ছা করেই শিক্ষার মান নামিয়ে রাখা হতো। যারা দখলদার, তাদের দেশের মানুষ ভালো শিক্ষা পেলেও উপনিবেশগুলোতে শিক্ষা এমনভাবে দেয়া হতো, যাতে তারা বড় জোড় কেরানি হতে পারে।
এসব ডিঙিয়ে অসম্ভব মেধাবীরা উতরে যেতেন। কিন্তু গড় ব্যবস্থা ভালো না হলে সেই দেশ পিছিয়ে যায়- তা ঔপনিবেশিক শক্তিগুলো জানতো। আমরা বহু আগে কাগজে-কলমে ঔপনিবেশিক শক্তিদের তাড়িয়েছি, কিন্তু স্বাধীনতা মনে হয় আজো পাইনি।
কেন? কারণ, যত দিন গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি যে জায়গাটা নিয়ে নয়-ছয় হচ্ছে তা শিক্ষাব্যবস্থা। পাকিস্তান আমলে শিক্ষানীতি নিয়ে এদেশের মানুষ আন্দোলন করেছে। বাংলাদেশ স্বাধীন হবার পর শিক্ষার মান বাড়ানো নিয়ে আন্দোলন হয়েছে। কিন্তু গত দেড় দশকে দেশ যেন হাঁটছে উল্টো পথে।
প্রাথমিক আর মাধ্যমিক শিক্ষায় এন্তার এক্সপেরিমেন্ট। যেন শিশুরা শাসকদের হাতের পুতুল। কখনো পরীক্ষা ব্যবস্থা উঠিয়ে দিচ্ছে, কখনো বিজ্ঞান শিক্ষা কমিয়ে দিচ্ছে। যদিও বিপুল উপার্জন করা ধনিক শ্রেণির সেই সমস্যা নেই, তাদের ছেলেমেয়েরা আন্তর্জাতিক মানসম্পন্ন ইংলিশ মিডিয়ামে পড়ে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠেছে রাজনীতির আখড়া। ছাত্ররাজনীতি বরাবরই এদেশে ভালোমন্দ মিলিয়ে ছিল। কিন্তু গত এক দশকে শিক্ষক রাজনীতি হয়ে উঠেছে বিষময়। শিক্ষক নিয়োগের নামে নেওয়া হচ্ছে দলীয় ক্যাডারদের, অথবা নিয়োগের পর বানানো হচ্ছে দলীয় ভোটারে। ক্ষমতাসীন দলের ছাত্রনেতা আর শিক্ষক নেতাদের যৌন নিপীড়নে শিক্ষার পরিবেশ ধ্বংস হচ্ছে।
কিন্তু, এসব আসলে পানির ওপর ভেসে থাকা বরফের দৃশ্যমান অংশ। আসল ষড়যন্ত্র অনেক গভীর। ঔপনিবেশিক শাসনের মতো এদেশ থেকে শুধু কোটি কোটি গায়ে খাটা ‘কামলা’ আর কেরানি তৈরি হবে। বাংলাদেশের প্রায় সব সেক্টরেই দেখা যায়, শীর্ষস্থানে আছে ভারতীয়রা। সংখ্যায় কম হলেও এইসব উঁচু বেতনের কর্মকর্তারা ভারতে বিপুল রেমিট্যান্স পাঠান। বাংলাদেশ থেকে যাওয়া ভারতের রেমিট্যান্স শীর্ষ পাঁচে।
মানে হচ্ছে, ঔপনিবেশিক শাসনের মতো এদেশ থেকে শুধু সম্পদ লুট আর রাজনৈতিক নিয়ন্ত্রণই না, এদেশকে মস্তিস্কশূন্য করে দেয়া হচ্ছে। এদেশের মানুষের শ্রম শুষে নিয়ে নষ্ট করছে ভবিষ্যত।
এদেশের তাবেদারি, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার এই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে নিজেদের হীন স্বার্থে। খুব দ্রুত আমাদের শিক্ষাব্যবস্থা ঠিক না করতে পারলে এদেশের মানুষকে উন্নত শিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদ না বানাতে পারলে বিপুল জনসংখ্যার দেশটি একেবারে ধ্বংসের পথে চলে যাবে। এই ধ্বংস পরিকল্পিত।
