মন্তব্য প্রতিবেদন
সর্বাত্মক রূপ ধারণ করছে ভারতীয় পণ্য বর্জন
শওকত জামান
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১১:০৩ পিএম
২৫ মার্চ (সোমবার), নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ। ছবি: বাংলা আউটলুক
বিএনপি সংহতি জানানোর পর সর্বাত্মক রূপ ধারণ করেছে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি। গত ৭ জানুয়ারি একতরফা ও প্রতারণামূলক দ্বাদশ নির্বাচনের পর প্রবাসী অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। বাংলাদেশের নির্বাচনে ভারতের ভূমিকার প্রতিবাদে তিনি এ আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে হাজার হাজার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এ আন্দোলনের প্রতি সমর্থন জানান। তারা এনিয়ে প্রচারণা চালাতে থাকেন। গণ অধিকার পরিষদসহ কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দলও এতে সমর্থন জানায়।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলটির মুখপাত্রের ভূমিকা পালন করে আসা রুহুল কবির রিজভী আহমেদ এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রকাশ্যে ভারতীয় চাদর রাস্তায় ছুড়ে মারেন। গত ২০ মার্চ ওই কর্মসূচিতে তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সুতরাং জনগণের দল হিসেবে বিএনপিসহ ৬৩ গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে।
যদিও এরপর দেশের প্রথম সারির বেশ কয়েকটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করে, এ কর্মসূচি রিজভী আহমেদের একার না দলের সব নেতার এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুহুল কবীর রিজভী বিএনপির প্রথম সারির একজন নেতা। তিনি দলটির মুখপাত্র। তার মাধ্যমে বিএনপির অবস্থান বা বক্তব্য জনগণ জানতে পারে। রুহুল কবির রিজভী রাজনীতিতেও পরীক্ষিত নেতা। রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়ও পাওয়া যায়। গত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি প্রথম রাতের বেলা ভোট হয়ে যাওয়ার বিষয়টি সামনে নিয়ে আসেন। এর আগেও বিএনপির প্রতি ভারতের বিমাতাসুলভ আচরণের বিরুদ্ধে অবস্থান নেন তিনি। তবে এরপর বিএনপির পক্ষ থেকে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পক্ষ একটি উদ্যোগ নেয়া হয় বলে সংবামাধ্যমগুলো জানায়। প্রথম আলোর ওই প্রতিবেদনে বলা হয়, ‘এমনকি গত ৭ জানুয়ারির নির্বাচনের সময়ও ভারত প্রশ্নে সতর্ক ছিল বিএনপি; বরং বাংলাদেশের নির্বাচনে ভারত কোনো দলের পক্ষ না নিয়ে গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে, এ ধরনের বক্তব্য বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকে দিয়েছিলেন।’ সেটি না হওয়ায় বিএনপি নেতারা ভারতের এ অবস্থানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। নাম উল্লেখ না করে দলটির শীর্ষ নেতাও ভারতের সমালোচনা করছেন। যার প্রেক্ষিতে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি নিয়ে থাকতে পারে।
কেউ কেউ বলছেন, কৌশলে এ কর্মসূচি নিয়েছে বিএনপি নেতৃত্ব। রুহুল কবির রিজভীর মাধ্যমে এতে সংহতি জানিয়েছে দলটি। দলের ভেতরে যেমন রিজভী আহমেদের ব্যাপক অনুসারী রয়েছে আবার জনগণের ভেতরও তার গ্রহণযোগ্যতা আছে। তার ঘোষণার রাজনৈতিক গুরুত্ব অস্বীকারের উপায় নেই। নিয়মতান্ত্রিকভাবে এ ঘোষণা দিতে গেলে নানা যুক্তি তৈরি হতো। তখন আর সরাসরি এ ঘোষণা দিতে পারত না বিএনপি। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, স্থায়ী কমিটির একাধিক সদস্য বলছেন, ভারত ইস্যুতে দলের কোনো পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। কিন্তু রুহুল কবির রিজভী ভারতীয় পণ্য বর্জনের ওই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করার পাশাপাশি চাদর ছুড়ে ফেলার যে ঘটনা ঘটিয়েছেন, দলের কোনো পর্যায়ের ইঙ্গিত ছাড়া তিনি এটি করেছেন, তা বিশ্বাস করতে পারছেন না দলটির নেতাদের অনেকে। তাদের কেউ কেউ মনে করছেন, এর পেছনে দলের শীর্ষ পর্যায়ের ভিন্ন কোনো কৌশলও থাকতে পারে।
সোমবার এ বিষয়টি আরো পরিষ্কার হয়। এদিন দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশের পেছনে একটি কাপড়ের ওপর বাংলা ও ইংরেজিতে লেখা ছিল ‘ভারতীয় পণ্য বর্জন করুন’। সেখানে বক্তাদের কেউ কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেও পণ্য বর্জনের বিষয়ে কোনো কথা বলেননি। এর অর্থ হলো বিএনপি ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি দলীয়ভাবেই গ্রহণ করেছে। তবে এ বিষয়ে বিএনপির কৌশল সম্ভবত ‘ধীরে চলো নীতি’। ভারতের বিরুদ্ধে সর্বাত্মক সমালোচনা করছে না তারা।
যদিও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর এ বিষয়ে সংশয় রয়েছে। যেমন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলছেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল ভারত। এ নিয়ে বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের অন্য দল ও জোটগুলোতেও ভারতের ভূমিকা নিয়ে নানা আলোচনা রয়েছে। কিন্তু বিএনপি নেতাদের কেউ কেউ আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারতকে মূল প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন, সেটা কতটা পরিপক্ব রাজনৈতিক অবস্থান হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বাজার ঘুরে দেখা গেছে এ সন্দেহ অমুলক। ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি দেশের প্রায় সব প্রান্তে ছড়িয়ে পড়েছে। দেশি অনেক পণ্য ক্রেতা ও ভোক্তারা খুঁজে বের করে কিনছেন। ভারতীয় চিনিসহ অন্যান্য পণ্য বাংলাদেশে আমদানি কমে গেছে অনেক। ধীরে ধীরে যা আরো কমে আসবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দেশি বিভিন্ন পণ্যের বাজার তৈরি হওয়ার সুযোগও ঘটছে এখানে।
এ প্রেক্ষাপটে ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচিতে বিএনপির সংহতিকে স্বাগত জানিয়েছেন অনেকে। তাদের মতে, এমন একটা ইস্যুতে বিএনপিকে অনেক কৌশলে সংহতি জানাতে হয়েছে। তাদের ঘোষণার ওপর নির্ভর ভারতীয় পণ্য বর্জনে বৃহত্তর জনগণের সক্রিয় অংশগ্রহণ তৈরি হবে। যা আরো চাপ তৈরি করবে।
আওয়ামী লীগ অবশ্য যথারীতি এর সমালোচনা করছে। তারা ভারতীয় পণ্য বর্জনে বিএনপির সংহতিকে দলটির দুর্বলতা হিসেবে দেখছে। এ ইস্যুতে বিএনপির সব নেতা যে একমত নন, তাও তারা দাবি করছেন। রিজভী আহমেদ ঘোষণা দিলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করছেন, এ ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছু বলতে। তবে মনে হয় না তিনি বা দলের শীর্ষ নেতা এ ইস্যুতে সরাসরি কিছু বলবেন। বিএনপি হয়তো ভারতের জন্য সমঝোতার একটি দ্বারও উন্মুক্ত রাখতে চাইছে।
