Logo
Logo
×

অভিমত

ভারতীয় পণ্য বর্জন : রাজনীতি কোনদিকে যাবে?

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১০:১২ পিএম

ভারতীয় পণ্য বর্জন : রাজনীতি কোনদিকে যাবে?

অবশেষে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া ভারতীয় পণ্য বর্জনের আলাপ মূলধারার রাজনীতিতেও জোরেশোরে উচ্চারিত হলো। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লিখিত ঘোষনা দিয়ে এই কার্যক্রমে তাঁর দলের সমর্থন ব্যক্ত করলেন।

লিখিত বক্তব্যে রিজভী বলেন, “দেশের জনগণের নয়, ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচনের নামে তামাশা করেছে। ক্ষমতায় থাকতে তলেতলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশের জনগণের পক্ষে নয়, আওয়ামী লীগের পক্ষে।“

তিনি আরো বলেন, “ ভোটাধিকার হরণ, গণতন্ত্র হত্যা, গুম, খুন ও অবিচারের জন্য ভারত দায়ী বলে জনগণ মনে করে। জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ভারতীয় পণ্য বর্জন করে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র এখন ‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে’ উত্তাল। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন।“

বস্তুত, ৭ই জানুয়ারী আরেকটা তামাশার নির্বাচনের পর বিএনপির সামনে সম্ভবত আর কোন পথ খোলা ছিলো না। এই নির্বাচনের আগে বিএনপি শেষতক অহিংস থাকার সিদ্ধান্তে অটল ছিলো। বিএনপি ও জনগণের একাংশের ভরসা ছিলো যে গণতন্ত্রের বুলি আউড়ানো পশ্চিমারা, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে সর্বোতভাবে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদদের দৌড়ঝাপ আর হম্বিতম্বি সত্ত্বেও শেষতক এর কিছুই হয়নি। আওয়ামীলীগ আরো একবার দেশের মানুষের অধিকার কেড়ে নিলো প্রায় বিনা বাঁধায়।

তবে, এইবার নির্বাচনে একটা জিনিস পরিস্কার হয়েছে যে, জনগণই সকল ক্ষমতার উৎস বললেও, প্রবল পরাক্রমশালী প্রতিবেশী ভারতই এদেশের মসনদে কে বসবে তা নির্ধারন করে দেয়। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের পক্ষেও আঞ্চলিক এই বড় শক্তির বিরুদ্ধে যাওয়া সম্ভব হয়নি।

আওয়ামী লীগের নেতারাও একেবারে স্পষ্ট করে তা বলে দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারত পাশে ছিল বলেই বাংলাদেশের নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি।’ দলের আরেক নেতা ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে ২০১৪ সালের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল, ওই সময় ভারত আমাদের পাশে ছিল। ২০১৮ সালে নির্বাচনে ভারত আমাদের সঙ্গে ছিল। এবারও ভারত আমাদের পাশে ছিল ও আছে।’

স্বাভাবিকভাবেই জনগণ ভারতের এই খবরদারীতে ক্ষুদ্ধ হয়েছে। রাজনীতি আর অর্থনীতির অতো জটিল প্যাচে না গিয়ে জনগণ তাঁর সাধ্যর মধ্যে যতটুকু ক্ষমতা আছে তা দেখিয়ে দিচ্ছে। মূল্যস্ফীতিতে জেরবার হলেও আধাপেটা জনতা ভারতের পণ্য বর্জন করছে। এর মাধ্যমে পরিস্কার বার্তা দিচ্ছে ভারত, তাদের তাবেদার সরকার এবং গণতন্ত্রকামী দলগুলোকেও।

তবে, কয়েকটা বিষয় মাথা রাখা দরকার। প্রথমত, ভারতবিরোধীতা কোনভাবেই সে দেশের জনগণের বিরোধীতা নয়। বরং সে দেশের শাসকদের অত্যচারে আমাদের মতো তারাও জর্জরিত। সে দেশের কৃষকরা প্রতিনিয়ত আন্দোলন করছেন, সে দেশের সুশীল সমাজের সাহসীরা নিত্য প্রশ্ন ছুড়ে দিচ্ছেন মোদীর সরকারকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একটা দারুন স্বপ্ন নিয়ে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। এই অঞ্চলের জনগণের মিলিত প্রচেষ্টায় বিপুল জনগোষ্ঠীর দরিদ্র দক্ষিন এশিয়া হয়ে উঠবে আধুনিক ও উন্নত। দেশে দেশে অপশাসনের বিরুদ্ধে সেই ভাতৃত্ববোধ ফিরায়ে আনা জরুরী।

দ্বিতীয়ত, ভারতবিরোধীতা কোনভাবেই যাতে হিন্দুবিরোধীতা না হয়। সেদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে বিজেপি এক ভয়াল রাজ কায়েম করেছে। মুসলিমরা শিকার হচ্ছেন নৃশংস জাতিগত ঘৃনায়। মনে রাখতে হবে, এই হিন্দুত্ববাদে কেবল মুসলমান সহ অন্য অহিন্দুরা তো বটেই, এমনকি নিম্নবর্ণের হিন্দুরাও চরমভাবে নিপীড়িত হচ্ছে। হিন্দুত্ববাদ কেবলই একটা রাজনৈতিক গুটি। ঘৃনা আর বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটা।

বাংলাদেশের ভারতবিরোধীতাকে হিন্দু বিরোধীতা দেখাতে পারলে সবচেয়ে বড় লাভ হবে হিন্দুত্ববাদী বিজেপির। আগামী বছরের নির্বাচনে দলটি এই প্রচার করে সে দেশের বহু মানুষের ভোট পেতে সক্ষম হবে। সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার আরো বাড়বে। আমাদের দেশে হিন্দুরা যতোটা আক্রান্ত হবে এই অজুহাতে সে দেশের মুসলমানদের উপর অত্যচার বাড়বে বহুগুন। সর্বোপরি, আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলন যদি সাম্প্রদায়িকতায় রুপ নেয়, তবে সেই ফায়দাও পুরোপুরি নেবে হাসিনা সরকার।

ভারতীয় শাসকগোষ্ঠী আর এদের বেনিয়াদের বয়কটা করা আমাদের সম্মান রক্ষা, গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই। একই সঙ্গে জনগণের তরফ থেকে বড়সড় একটা বার্তা।

কিন্তু, আমাদের লক্ষ্য রাখতে হবে জনতাকে যাতে কেউ বিভ্রান্ত না করে। বাংলাদেশ, ভারত আর সমগ্র দক্ষিণ এশিয়ার মানুষের মুক্তির লড়াই চালাতেই হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন