দেশের রাজনীতির নিস্তরঙ্গ নদীতে একটি ঢিল পড়েছে, আর সেই ঢিলের নাম হচ্ছে সাকিব আল হাসান। গত দেড় দশক ধরে বাংলাদেশের অন্যতম আলোচিত একটি নাম সাকিব আল হাসান। ক্রিকেট ও ক্রিকেটার হিসেবে তিনি বেশিরভাগ সময় আলোচিত হলেও ব্যক্তিগত নানা ইস্যুতেও মাঝেমধ্যেই তিনি আলোচনায় উঠে আসেন।
২০১৮ সালের নির্বাচনের আগেই শোনা গিয়েছিল সাকিব রাজনীতির মাঠে নামছেন। কিন্তু সেবার তিনি রাজনীতিতে নামেননি। ২০২৪ সালের ডামি প্রার্থীর নির্বাচনে সাকিব নৌকা মার্কার প্রার্থী হয়েছিলেন, লোক দেখানো ভোট সংসদে গেছেন তিনি। সংসদ অধিবেশনের তিন মাসেরও কম সময়ে জানা গেলো আওয়ামী লীগে যোগ দেয়ার আগে অর্থাৎ নৌকায় ওঠার আগে সাকিব আল হাসান অন্যত্র ঠাঁই নেয়ার জন্য উকিঝূঁকি দিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএম-এ যোগ দিতে ফরমও পূরণ করেছিলেন তিনি।
সাকিব আল হাসান বিএনএম এ যোগ দিলে তা দেশের রাজনীতিতে নিশ্চয়ই একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হতো। তবে সরকারি ইন্ধনে অর্থাৎ কিংস পার্টি হিসেবে খ্যাত বিএনএম এ তিনি শেষ পর্যন্ত ঠাঁই নেননি, উঠে বসেন নৌকায়। এখন মুজিবকোট গায়ে দিয়ে সংসদে যাচ্ছেন তিনি।
সাকিব আল হাসানের রাজনৈতিক বিষয়ক এই পথচলাটুকু একটু খেয়াল করে দেখলে যে কেউ বুঝতে পারবেন, সাকিবের এই পথচলাটুকু তার নিজস্ব ইচ্ছার প্রতিফলন নয়। যে সাকিব ২০১৮ সালে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন, এরপর একাধিক উপনির্বাচনে যার নাম এসেছে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সেই সাকিব কোন দু:খে বিএনএম- এ যোগ দেবেন?
বিএনপিতে যোগ দেয়ার বিষয় হলেও না হয় একটা কথা ছিল, নির্বাচনের আগে জয়ের ভাল সম্ভাবনা আছে এমন প্রার্থীদের কেউ কেউ দল বদল করেন। ৭ই জানুয়ারির নির্বাচনের আগে বিএনপির ব্যারিস্টার শাহজাহান ওমর বীরোত্তম দলবদল করে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। তিনি নৌকা মার্কা বগলদাবা করে নিজের ‘হেডম’ দেখিয়েছিলেন। সেখানে সাকিব আল হাসান আওয়ামী লীগের নিশ্চিত মনোনয়ন উপেক্ষা করে বিএনএম-এ তে কেন যোগ দেবেন?
বিএনপির পাল্টা প্লাটফর্ম হিসেবে বিএনএমকে প্রতিষ্ঠিত করতে চমক হিসেবে তাকে সেই দলে পাঠিয়েছিল আওয়ামী লীগ, এমন কথা ঘুরছে রাজনৈতিক অঙ্গণে। অর্থাৎ সাকিবকে এই ক্ষেত্রে ‘পেইড এজেন্ট’ হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। এই পেইড এজেন্ট মানে মাসোহারা বা অর্থের বিনিময়ে কাজ করা নয়, বরং তুমি ও ঘর বা এ ঘর যে ঘরেই থাকো, তুমি এমপি হবে এবং ‘আমাদের লোক’ হয়ে থাকবে, এ ধরণের একটি বোঝাপড়া বা সমঝোতা হতে পারে।
তবে স্বভাবসুলভভাবে সাকিবের বিএনএম-এ তে যোগ দেয়ার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তিনি বিষয়টি গণমাধ্যমে দেখেছেন। এ সম্পর্কে তার কিছু জানা ছিল না। এখন সাকিব আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছে, জয়লাভও করেছে। নমিনেশন চাওয়ার সময় সে দলের প্রাথমিক সদস্য হয়েছে। তার আগে তো সাকিব আওয়ামী লীগের কেউ ছিল না।
বিএনপিকে ভাঙার চেষ্টার অভিযোগ উড়িয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি”কে আমরা কেন ভাঙতে যাব? আমাদের কি কোনো দুর্বলতা আছে যে বিএনপি থেকে লোক এনে সে ঘাটতি পূরণ করতে হবে? আওয়ামী লীগের বহু নেতা-কর্মী আছে। গত নির্বাচনে দেখেছেন প্রার্থিতা ফরম নিতে কত ভিড়। আওয়ামী লীগে কোনো দুর্ভিক্ষ নেই।’
ওবায়দুল কাদেরের এই বক্তব্য যে অসার তার বড় প্রমান ‘হেডাম শাহজাহান’ বিএনপির উঁচু দরের এই নেতাকে কোন উপায়ে জেলে নিল, জেল থেকে ছেড়ে দিল, দলে নিল, নিজেদের পূর্বঘোষিত প্রার্থীকে বসিয়ে তাকে নৌকায় উঠিয়ে দিলো সে কথাটা কি ওবায়দুল কাদের একেবারে ভুলে গেলেন?
বিএনপিতে ভাঙ্গন ধরাতে বিএনপির নেতাদের ব্যবহারের চেষ্টা করলেও তাতে পুরোপুরি ব্যর্থ হয় আওয়ামী লীগ। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের আগে নতুন দল গঠনের প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেননি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, তারা শুনেছেন বিএনপির ১৩০ জন সাবেক সংসদ সদস্যকে নানা প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু ১৩০ জন তো দূরের কথা তিনজনকেও তারা টানতে পারেনি।
সাকিব আল হাসানকে আওয়ামী লীগ যে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চেয়েছিল তাও ষ্পষ্ট হাফিজউদ্দিন আহমদের বক্তব্যে। তিনি জানিয়েছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে তাঁর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তিনি সাকিবকে নতুন দলে যোগদানের বিষয়ে উৎসাহ দেননি। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিব আল হাসানকে তাঁর কাছে নিয়ে যান। সাকিব রাজনীতিতে যোগদানের ইচ্ছা ব্যক্ত করেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি সাকিবকে বলেছি, রাজনীতি করা তোমার বিষয়। তুমি এখনো খেলাধুলা করছ, রাজনীতি করবে কি না বিবেচনা করে দেখ। আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সে চলে যায়।’
শুধু সাকিব নয়, সামরিক বাহিনীর আরও কয়েকজন কর্মকর্তাকেও তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হাফিজউদ্দিন তাদের জানিয়ে দেন রাজনীতিতে কোনো শর্টকাট নেই।’
হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস ছয়েক আগে থেকেই সরকারি দল করা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যোগাযোগ করা শুরু করে। তাঁরা দেখেছে বিএনপির নীতিনির্ধারণী বিষয়ে তিনি মাঝেমধ্যে দ্বিমত প্রকাশ করেন। তাঁরা ধরে রেখেছিল যে বিএনপি ত্যাগ করার জন্য তিনি (হাফিজউদ্দিন আহমদ) উন্মুখ। কিন্তু হাফিজউদ্দিন আহমদ তাদের সাফ জানিয়ে দেন তার পক্ষে ৩২ বছর পর দল ত্যাগ করা সম্ভব নয়।
আওয়ামী লীগ সরকারের কার্যক্রম যারা পর্যবেক্ষণ করেন তাদের কাছে একটি বিষয় ষ্পষ্ট, আওয়ামী লীগ ক্ষমতার জবরদখল ধরে রাখতে যেমন জনগণের ভোটের তোয়াক্কা করে না, তেমনি বিএনপিকে ভাঙতে এমন কোন ’ডার্টি গেম’ নেই যা আওয়ামী লীগ খেলেনি, এমন কোন কার্ড নেই যা তারা ব্যবহার করেনি, কিন্তু এ ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, তাদের সেই খেলার সব শেষ এপিসোড ছিল সাকিবের বিএনএম-এ তে যোগ দেয়ার নাটক। বিএনএম বিএনপির বিকল্প নয়, কিন্তু সাকিবের মত একটি চকমকে পাথরকে সেখানে ফেলে আওয়ামী লীগ দেখতে চেয়েছিল তা কতটা ঢেউ তোলে, কিন্তু তা যে মোটেও ঢেউ তোলেনি তা প্রমাণিত হয়েছে, বিএনএম নামক দলটির অস্ত্বিত্ব হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে। সাকিবের বিএনএমতে যোগ দেয়ার বিষয়টিকে সামনে এনে আবার বিএনপিতে একটা তোলপাড় ফেলতে চেয়েছিল কুচক্রীমহল, কিন্তু তা তোলপাড় ফেলেনি বরং বুমেরাং হয়ে আওয়ামী লীগেই আঘাত হেনেছে, মানুষ এখন আরও নিশ্চিত, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে সব খেলাই খেলেছে আওয়ামী লীগ।
