Logo
Logo
×

অভিমত

বিএনপির সামনে আর কোনো পথ খোলা রাখেনি ভারত

Icon

জাফর আব্বাস

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৫:২৩ পিএম

বিএনপির সামনে আর কোনো পথ খোলা রাখেনি ভারত

৭ জানুয়ারির নির্বাচনের আগে-পরে ভারতের ভূমিকার প্রতিবাদ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হলে অনেকেই মনে করেছিলেন, এই বর্জন আন্দোলনে বিএনপির সমর্থন দেওয়া উচিত।

আবার অনেকে মনে করেছিলেন, অনেকবার শাসন ক্ষমতায় থাকা দায়িত্বশীল দল হিসেবে সরাসরি এ আন্দোলনে বিএনপির সমর্থন দেওয়া উচিত নয়।

কেননা এটি সরাসরি ভারত-বিরোধী অবস্থান হিসেবে চিহ্নিত হবে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে এই বলে প্রভাবিত করবে যে, বিএনপি সরাসরি তার স্বার্থ-বিরোধী। ফলে, দলটি ক্ষমতায় এলে তার স্বার্থ ক্ষুণ্ন হবে। তাই তারা বাংলাদেশের ক্ষমতায় বিএনপিকে চায় না।

বলাবাহুল্য, ভারত ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে এই অবস্থান নিয়ে ফেলেছে। সত্যি হলো, ২০০৮ সালের আগে থেকে ভারত এই অবস্থান নিয়ে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার সমস্ত চেষ্টাই করে যাচ্ছে। এবং আওয়ামী লীগকে সকল ধরনের সহায়তা দিয়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ক্ষমতায় এনেছে।

বিএনপিকে ভারত-বিরোধী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করলেও ভারতের কাছে এর স্বপক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। তারা কিছু ধারণার ওপর এই সিদ্ধান্তে এসেছে। কিছু অপ্রচারের কারণে তারা বিএনপিকে ভারত-বিরোধী মনে করে। মজার ব্যাপার, এই অপপ্রচারগুলো করেছে ভারতীয়রাই বা তাদের সমর্থিত লোকজনেরাই। রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে অপরাধটি ভারত নিজের স্বার্থের সবচেয়ে পরিপন্থী বলে মনে করে তা হলো- দলটির জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক মনোভাব। ভারতের সাথে সমানে সমানে কথা বলার মানসিকতা। আঞ্চলিক মোড়ল হিসেবে ভারতীয় কর্মকর্তারা ও সরকার এ মনোভাব পছন্দ করে না। পছন্দ করে না বলেই তারা তাদের কথামতো চলবে এমন সরকার বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে রাখতে চায়। গত ১৫ বছর ধরে সেটি তারা করে দেখিয়েছি। আওয়ামী লীগ সরকার তার প্রতিদানও দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতকে যা দিয়েছি সারাজীবন মনে রাখবে। সত্যি কথা বলতে, গত ১৫ বছরের আওয়ামী শাসনামলে বাংলাদেশের দিক থেকে ভারতকে দেওয়ার আর কিছুই অবশিষ্ট নেই। ২০২৪ সালের নির্বাচনের আগেই একটি অধীনস্ত দেশের কাছ থেকে যা কিছু পাওয়ার সবই তারা পেয়েছে। ২০২৪ সালের নির্বাচনের পর তারা বরং আরও এক ধাপ এগিয়ে নিজেদের কার্যক্রম শুরু করেছে। অনেকেই বলছেন, ভারত এখন বাংলাদেশকে একটি উপনিবেশ হিসেবে দেখতে শুরু করেছে। তারা সেভাবেই এখানে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। এখানে সুকৌশলে বিজেপি-আরএএসের সাম্প্রদায়িক রাজনীতি প্রয়োগ করার নীতি নিয়েছে। বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করছে।

আওয়ামী লীগকে নিয়ে ভারত যেখানে এতদূর এগিয়ে গিয়েছে সেখানে বিএনপির পক্ষ থেকে আসলে ভারতকে বোঝানোর বা আশ্বস্ত করার কিছু নেই। বিএনপি ক্ষমতায় এলে ভারতীয় স্বার্থ ক্ষুণ্ন করবে না- এই প্রতিশ্রুতিরও দরকার নেই ভারতের। কেননা বাংলাদেশকে তারা পুরোপুরি কব্জা করে ফেলেছে। পরিস্থিতি এমনই যে, বিএনপিকে ক্ষমতায় ফিরতে হলে আওয়ামী লীগের চেয়ে বেশি করে ভারতীয় স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ফিরতে হবে। এটা করতে গেলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়বে। তার সমস্ত নীতি ও আদর্শ বিসর্জন দিতে হবে। তার সমর্থকরা সরে যাবে। আর বিএনপি এটা করবেও না। ফলে, ভারতের কব্জায় থাকা বাংলাদেশে স্বাভাবিক নির্বাচনীপন্থায় বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এটা এখন দিবালোকের মতো পরিষ্কার। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বও কোনো সহযোগিতা বিএনপিকে করতে পারবে না।

৭ জানুয়ারির নির্বাচনের আগে মার্কিনিরা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য যে ফাঁকা বুলি ও লোক দেখানো সফরগুলো করেছে সেগুলো খুব সহজেই ভারত স্যাবোটাজ করতে পেরেছে। নির্বাচন হয়ে যাবার পর বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের স্বার্থের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত করেছে। ফল হিসেবে জনগণ মার্কিনিদের প্রতারক ও বিশ্বাসঘাতক হিসেবে দেখতে শুরু করেছে। এবং বাংলাদেশের রাজনীতিতে সকল সমস্যার কেন্দ্র হিসেবে ভারতকে চিহ্নিত করে তাদের পণ্য বর্জনের ডাক দিয়েছে।

বিএনপি শেষ পর্যন্ত এই পণ্য বর্জন কর্মসূচিতে সমর্থন দিয়ে যথাযথ ভূমিকা নিয়েছে, তা বলতেই হবে। তবে, বিএনপিকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেননা, প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি অনেক বছর ধরে সরকার ও ভারতের টার্গেটে পরিণত হয়েছে। শুধু দমন-পীড়নের মাধ্যমে যে সরকার ও ভারত দলটিকে কোণঠাসা করে ফেলেছে তা নয়। বরং কৌশলে দলটির ভেতর সরকারি ও ভারতীয় স্বার্থের পক্ষের লোকজন ঢুকে আছে। এরা অব্যাহতভাবে বিএনপির কর্মসূচিগুলোকে স্যাবোটাজ করে চলেছে। বিএনপির ভেতরে থেকে ভারতের স্বার্থ দেখাশোনা করছে। পণ্য বর্জন কর্মসূচিতে সমর্থনের পর তারা আরও সক্রিয় হয়ে এই কর্মসূচিকে স্যাবোটাজ করতে চাইবে। বিএনপিকে মনে রাখতে হবে, এই কর্মসূচি কোনো দৃশ্যমান ব্যাপার নয়। এ নিয়ে আলাদা করে কিছু করার দরকার নেই। নেতাকর্মীরা ভারতীয় পণ্য না কিনলেই চলবে। এই কর্মসূচির জন্য মিটিং-মিছিল দরকার নেই। মানুষের কাছে বার্তা পৌঁছানোই বড় কাজ। এ কাজে এমন কিছু করা যাবে যা সরকার কাজে লাগাতে পারে বা দলের ভেতরে ঘাঁপটি মেরে থাকা ভারত-পন্থীরা স্যাবোটাজ করতে পারে।

বিএনপির বিরুদ্ধে ভারত তার দিক থেকে সব কার্ড খেলে ফেলেছে। ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে তারা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে, বিএনপিকে তারা কোনোভাবেই ক্ষমতায় ফিরতে দিতে চায় না। এ অবস্থায় দেশের ভেতর জাঁকিয়ে বসা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরাসরি কথা বলা ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই। তবে বিএনপি কথা বলা শুরু করলেই ভারত সমর্থিত বাংলাদেশী মিডিয়াগুলো তাতে সাম্প্রদায়িক রঙ চড়াতে চেষ্টা করবে। উস্কানি দিয়ে হিন্দু-মুসলিম সংঘাতের দিকে নেওয়ার চেষ্টা চালানো হবে। ইসলামপন্থীদের ক্ষেপিয়ে তাদের মাধ্যমে জঙ্গি ইসলামিস্ট ট্যাগ দেওয়ার চেষ্টা করা হবে। তাই বিএনপিকে সতর্কভাবে পা ফেলতে হবে। সবার আগে দলের ভেতর ঘাঁপটি মেরে থাকা ভারতপন্থীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে।

এরপর ভারতীয় আধিপত্য ও খবরদারির বিরুদ্ধে কথা বলে জনগণকে বোঝানোর কাজ শুরু করতে হবে। তবে এটি যেন কোনোভাবে ইসলামপন্থী লেবাস ধারণ করতে না পারে সে বিষয়েও সজাগ থাকতে হবে। এই রাজনীতিকে যেন মুসলিম বিদ্বেষী ভারত ও পশ্চিমারা জঙ্গি আখ্যা দিয়ে কোনো সামরিক অজুহাত তৈরি করতে না পারে সেদিকে বিএনপিকে সজাগ থাকবে হবে।  

সর্বোপরি মালদ্বীপের প্রেসিডেন্ট মুহম্মদ মুইজ্জুর মতো করে ভারতকে মোকাবেলার নীতি অবলম্বন করলে বিএনপি রক্ষা পাবে বাংলাদেশও রক্ষা পাবে।  

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন