Logo
Logo
×

অভিমত

পাকিস্তান : গ্রিন রুমের সেই সব কুশীলব

Icon

অনির্বান খান

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০১:৫৫ এএম

পাকিস্তান : গ্রিন রুমের সেই সব কুশীলব

দেশটির নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। কিন্তু সেখানে শাসকচক্রের মধ্যে ইসলাম অনুশীলনের কোনো লক্ষণই চোখে পড়ে না। আর সেই অনুশীলন  যদি থাকতো তাহলে ১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশের  অভ্যুদ্য় ঘটতো না । কিংবা বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে সে দেশের সাধারণ মানুষের মধ্যে যে আরেকটি ৭১-এর যে আশংকা দেখা দিয়েছে তারও উদ্ভব হত না। এর প্রধান কারণ হচ্ছে যে, ইসলামিক প্রজাতন্ত্র নাম হলেও সমাজে ইনসাফের বালাই নেই। অথচ এটা কে না জানে  যে, ইসলামের মূল বিষয় হচ্ছে সমাজে ইনসাফ কায়েম করা। কিন্তু ইসলামের নামে এই দেশটি সৃষ্টি হলেও কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেননি। বরং ক্রমান্বয়ে দেশটি অন্যায়, অবিচারের ক্ষেত্রে সকল নৈতিক মানদণ্ড ছাপিয়ে পর্যায়ক্রমে  জবরদস্তিমূলক এক জঙ্গলের শাসন কায়েম করে আসছে। ক্ষমতাশালী গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে আইএসআই কর্তৃক ভিন্নমতাবলম্বীদের অপহরণ ও গায়েব করে দেওয়ার ঘটনা অহরহ ঘটছে সেখানে। এ যেন অরওয়েলের দুঃস্বপ্নের রাজত্ব।

পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এখন এ সত্যই বেরিয়ে আসে যে, সেখানে আইনের শাসন বলে কিছু নেই। বিচার বিভাগ দুষ্টচক্র দ্বারা এতটা নিয়ন্ত্রিত যে, সেখানে সাধারণ মানুষের পক্ষে ন্যায়বিচার পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বরং বিচারকরা অন্যায়কারী ও দুর্নীতিগ্রস্তদের সঙ্গে একটি আনহলি আঁতাত গড়ে তুলেছে। আরো সোজা সাপটাভাবে বলা যায় যে, সেখানে দুর্নীতিগ্রস্ত সেনা নেতৃত্ব, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, আমলা ও বিচারকদের এমন একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে যার সঙ্গে দেশটির  অগ্রগতির চাইতে তাদের শ্রেণী স্বার্থের বিষয়টি প্রধান হয়ে উঠেছে।

খুব স্পষ্টভাবে বলতে গেলে পাক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে ক্ষমতা ও সম্পদ লোভী এই চক্র বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেশ শাসন করে আসছে। এ চক্র হচ্ছে পাকিস্তানের সামন্ত সমাজের কর্তৃত্ববাদী মানসিকতার এক সমন্বিত রূপ। তবে কখনো কখনো এরা আবার স্টেজে গদা দিয়ে পিটাপিটি করে; আবার গ্রিন রুমে পরস্পর বন্ধু। জুলফিকার আলী ভুট্টোর ফাঁসির ঘটনা সেই পিটাপিটির ফলশ্রুতি। এখন দেখুন, যে সামরিক জান্তা অন্যায়ভাবে ভুট্টোকে  ফাঁসিতে লটকিয়ে ছিল সেই সেনা নেতৃত্বের সঙ্গে পিপির সখ্যতা এখন কত মধুর। কিংবা মুসলিম লীগ প্রধান নওয়াজ শরিফের কথা ধরুন। যে সামরিক নেতৃত্ব নওয়াজকে বিচার বিভাগের মাধ্যমে শাস্তি প্রদান করিয়েছিল, সেই সামরিক নেতৃত্ব আবার নওয়জের শাস্তি মওকুফ করিয়ে তাকে বীর বানাবার চেষ্টা করছে। অর্থাৎ সেনাবাহিনী, মুসলিম লীগ, ভুট্টোর পিপিপিসহ প্রায় ১১ টা দলের সমন্বয়ে সৃষ্ট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নামক রাজনৈতিক জোটের নেতারাই হচ্ছেন সেই গ্রিন রুমের কুশীলব।

এখানে উল্লেখ করতে হয় যে, পাকিস্তান সৃষ্টির পর থেকে সেখানে সেনাবাহিনীই পরোক্ষ ও প্রত্যক্ষভাবে শাসন করে আসছে। সেখানে বিচার বিভাগ সেনাবাহিনীর নির্দেশ মতো চলে। যে কারণে সেনা অভ্যুত্থান হলে বিচারকরা ‘ডক্ট্রিন অব ন্যাসাসিটি' রায় দিয়ে অভ্যুথানকে জায়েজ করে দেন। যে কারণে ভুট্টোর ফাঁসি হয়ে যায়।

সেনাদের নেতৃত্বে এই কুশীলবরা দেশ রক্ষার দোহাই দিয়ে ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগকে শুধু ক্ষমতায় বসতে দেয়নি; বরং '৭১ সালের ২৫ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের ওপর নিষ্ঠুরতম নিপীড়ন পরিচালনা করেছিল। এক মুসলিম ভাইয়ের দ্বারা আরেক মুসলিম ভাইয়ের ওপর পরিচালিত এই অত্যাচার ও গণহত্যার ঘটনায় তখনই ইসলামিক রিপাবলিকের নৈতিক শক্তির দুর্বলতা প্রকাশিত হয়ে পড়েছিল।

ঠিক একইভাবে ১৯৭১ সালের যুদ্ধে শোচনীয় পরাজয়ের ৫০ বছর পর পাক সেনাবাহিনী খোদ নিজ দেশে গত '২২ সালে আবার দেশ রক্ষার  অজুহাত দেখিয়ে  নির্বাচিত ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকারকে হটিয়ে অনুগতদের দিয়ে পিডিএম সরকার গঠন করে। সম্প্রতি পাক সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল বাজওয়া এক সাক্ষাৎকারে দেশ বাঁচানোর জন্য ইমরানকে সরানো হয়েছে বলে মন্তব্য করেছেন। শুধু তাই নয়, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ইমরানের দল নিরঙ্কুশ বিজয় লাভ করলেও দেশ বাঁচানোর নামে ফলাফল পাল্টে পিডিএম জোটকেই জেতানো হয়। এই জোটই এখন সরকার গঠন করেছে।

এখানে উল্লেখ করতে হয় যে, ১৯৭০ সালের নির্বাচন-পরবর্তী ঘটনালী এবং ২০২৪ সালের নির্বাচন পরবর্তী ঘটনাবলীর মধ্যে বিস্ময়করভাবে মিল খুঁজে পায়। তখন মিলিটারি জান্তা আওয়ামী লীগের বিজয় ঘোষণার পর ঘটনা ঘটিয়েছে। এখন পিটিআই ফর্ম -৪৫ অনুযায়ী ১৮০ আসনে জিতলেও সরকারী ফল ঘোষণায় বিজয়ী করা হয়েছে পিডিএম-কে। অন্যদিকে ১৯৭১ সালে বিজয়ী দলের নেতাকে বিজয়ী ঘোষণার পর গ্রেফতার করা হয়। আর ২০২৪ সালে নির্বাচনের আগেই  পিটিআই নেতাকে গ্রেফতার করে তিনটি মামলায় ৩১ বছরের সাজা প্রদান করা হয়।

এখন দেখা যাক, পাকিস্তানের পরবর্তী ঘটনাবলী কোন দিক গড়াতে থাকে। তবে এ সত্য মানতেই হবে যে, ন্যায় বিচার ও ইনসাফ বিহীন সমাজ দ্রুতই নৈতিক শক্তি হারিয়ে ফেলে। যার ফলশ্রুতিতে '৭১সালের যুদ্ধে পাক সেনাবাহিনীর শোচনীয় পরাজয় ঘটেছিল। আরকটি বড় পরজয় তাদের জন্য অপেক্ষা করছে। সেটা দেশটির পশ্চিম সীমান্তে ঘটলেও বিস্মিত হবার কিছু থাকবে না। আর এই ধরনের নৈতিক অধপতন যে কোনো সমাজ ও রাষ্ট্রের ধ্বংসকে অনিবার্য করে তোলে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন