একের পর এক মৃত্যুর ঘটনায় বাংলাদেশ হয়ে উঠছে হত্যাপুরীতে। বেইলি রোডের ভয়ংকর আগুনে প্রায় অর্ধশত মানুষ মারা যাবার পক্ষকালের মধ্যেই গাজীপুরে এক ভয়াবহ আগুন। গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন। যাদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার রাত পর্যন্ত পাওয়া খবরে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। শ্রমিক এলাকার এই দরিদ্র মানুষগুলোর মৃত্যুতে সামাজিক মাধ্যমে অবশ্য তেমন মাতম দেখা যায়নি। বেইলি রোডের মতো উচ্চমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেনীর বদলে শ্রমিক শ্রেনীর মৃত্য হয়তো সামাজিক মাধ্যমকে তেমন একটা টানেনি। এমনকি একটা শীর্ষ পত্রিকা তো এই শিরোনামও দিয়েছে যে, নিহতদের অধিকাংশই উৎসুক জনতা।
কিন্তু, এরচেয়েও ভয়ংকর ব্যাপার হচ্ছে যেভাবে আগুন লাগলো তাঁর ধরন। সিলিন্ডার বিস্ফোরণ কিংবা সিলিন্ডারের ত্রুটির ফলে আগুন ধরে প্রানহানীর ব্যাপারটা নিয়মিতই হয়ে পড়ছে। ২০২১ সালের পরিসংখ্যান ঘেটে দেখা যায়, সেবছর সিলিন্ডারঘটিত রিপোর্ট করা দূর্ঘটনার সংখ্যা ৮৯৪। গত দুই বছরে এই হার আরো বেড়ে গেছে বলেই ধারনা করা হয়। বেশ কিছু ঘটনায় হতাহতের সংখ্যা অন্তত ২০ ছাড়িয়েছে।
সিলিন্ডারের হোস পাইপ, রেগুলেটর, গ্যাস ভালভের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ত্রুটির কারণে গ্যাস লিক হয়। সেই লিকেজ থেকে গ্যাস বেরিয়ে বাইরে কোথাও জমতে থাকে। সামান্য আগুন, এমনকি স্ফুলিঙ্গের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে জমে থাকা সেই গ্যাস ভয়াবহ বিস্ফোরণ সৃষ্টি করে।
প্রাকৃতিক গ্যাসের সংকটের কারনে দেশে সিলিন্ডারের ব্যবহার বেড়েছে। দেশের অন্যন্য খাতের মতো এই খাতেও চলছে স্বেচ্ছাচারীতা। এইরকম বিপদজনক একটি ব্যাপারেও দূর্নীতির মাধ্যমে অনুনোমোদিত প্রতিষ্ঠানকে সুযোগ দেয়া হচ্ছে।
অবশ্য, এর চেয়েও গুরুতর অভিযোগ হচ্ছে, দেশের কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান এই ব্যবসায় নিম্নমানের পণ্য ব্যবহার করছে। প্রধানমন্ত্রীর অতি কাছের একজন উপদেষ্টা, শেয়ার বাজার কেলেংকারীসহ বিভিন্নরকম কারসাজীতে লিপ্ত এক নামজাদা ব্যবসায়ীর প্রতিষ্ঠান অধিক মুনাফায় নিম্নমানের ও ঝুকিপূর্ণ সিলিন্ডার বাজারজাত করছে বলে জানা গেছে। এসব সিলিন্ডার বিক্রির পর রক্ষণাবেক্ষণেও কোম্পানীগুলো দায় এড়িয়ে যায়। আর, সরকারের তরফ থেকেও এই ব্যাপারে পরীক্ষার কিংবা কঠোর মান নিয়ন্ত্রণের তেমন উদ্যাগ নেই।
বিপুল প্রভাব থাকার কারনে, সংবাদপত্রগুলোও এইসব ব্যবসার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করতে পারছেন না বলেও অনেক সাংবাদিক জানিয়েছেন।
দ্রব্যমূল্যর চাপে পিষ্ট, গণতন্ত্রহীনতায়, পুলিশি রাষ্ট্রে অত্যাচারিত এই দেশের মানুষের জন্য বেঁচে থাকাই নরকসম হয়ে উঠেছে। সেখানে মৃত্যুর আরেক নাম হয়ে উঠেছে সিলিন্ডার গ্যাস।
আসলে গ্যাস না, দূর্নীতি আর স্বেচ্ছাচারিতায় বিস্ফোরিত হয়ে মরছে মানুষ।
