ভ্রাম্যমান আদালত। বাংলাদেশের অনেক মানুষের কাছেই অত্যন্ত প্রিয় একটি বিষয়। ব্যাপারটার মধ্যে একটা সিনেমা সিনেমা ভাব আছে। একজন নায়কের (বা নায়িকা) মতো ম্যাজিস্ট্রেট ধমক ধামক দিয়ে ‘অবৈধ’ ব্যাবসায়ীদের গুড়িয়ে দিচ্ছেন। সাধারন মানুষের মনে যেহেতু ধারনা ব্যাবসায়ী মাত্রই লোভী, ধান্দাবাজ, ফলে এইসব নাটকীয় দৃশ্য প্রচুর বাহবা পায়।
কিন্তু, ভ্রাম্যমান আদালতের আইনি ভিত্তি কতোটা? সেনা নিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে ভ্রাম্যমাণ আদালত অধ্যাদেশ জারি করে । পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালের ৪ অক্টোবর জাতীয় সংসদে এটিকে আইনে পরিণত করে। এরপর থেকে এটি ‘ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯’ নামে পরিচিত।
কিন্তু ২০১৭ সালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চের এক রায়ে বলা হয়, এটি অসাংবিধানিক ও মাসদার হোসেন মামলার (বিচার বিভাগ পৃথককরণ) রায়ের পরিপন্থি। বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থি।
সাদা চোখেই বোঝা যায় যে, এই ধরনের আদালত সমস্যাজনক। একজন ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা সীমিত। কিন্তু, বাংলাদেশের প্রশাসনে থাকা কর্তাব্যক্তিরা কলোনিয়াল আমল থেকেই নিজেদের চরম ক্ষমতাসম্পন্ন মনে করেন। অবৈধ, অনির্বাচিত আমলে এইসব ক্ষমতা আরো বাড়ে, কারন এরাই সরকারকে টিকিয়ে রাখে।
এই ব্যাবস্থায় অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, যা যে কোন আইনের পরিপন্থী। নির্বাহী ক্ষমতাবলে একজন ম্যাজিস্ট্রেট বড়জোর অভিযুক্তের বিরুদ্ধে মামলা করতে পারেন, যা নিস্পত্তি হবে আদালতে। কিন্তু, তিনি যদি নিজেই বিচারক হয়ে পড়েন তবে ন্যায়বিচার বঞ্চিত হবার পাশাপাশি ক্ষমতার বিপুল অপব্যাবহার হতে পারে।
সম্প্রতি দেখা গেছে একজন সাংবাদিককে তথ্য জানতে চাওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে কারাদন্ড নিশ্চিত করেছেন একজন উপজেলা নির্বাহী অফিসার। তথ্য অধিকার আইন সাংবাদিকের পক্ষে থাকলেও নির্বাহী বিভাগের ক্ষমতাবলে তা ধামাচাপা দিয়েছেন সেই নির্বাহী।
আরেকটা আলোচিত ঘটনায় দেখা যায় একজন ম্যাজিস্ট্রেট একজন ব্যাবসায়ীর সঙ্গে অসভ্যতা করছেন। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা যায় যে, ঐ ব্যাবসায়ী অনেক বেশী দামে পণ্য বিক্রয় করছিলেন বলে অভিযোগ ছিলো আর সেখানেই মেজাজ হারান নির্বাহী অফিসার।
প্রথমত, ঐ ব্যাবসায়ী অপরাধী কিনা তা নির্ণয় করবে আদালত। আর এরচেয়েও বড় ব্যাপার তিনি যদি অপরাধীও হন, তাঁর বিরুদ্ধে অসভ্যতা করার অধিকার কারোই নেই। এমনকি কারাদন্ড পাওয়া আসামীদের সঙ্গেও অসভ্যতা করা যায়না। আইনের লোকেরা তো পারেনই না। ব্যাপারটা পরিস্কারভাবে ক্ষমতার অপব্যাবহার। আইনের খাতায় শাস্তিমূলক। আরেকটা প্রশ্ন থেকে যায়, ব্যাবসায়ী কতো দামে বিক্রি করবে তা কি সরকার নির্ধারন করতে পারে? যদি তাই পারে, তবে ব্যাবসায়ীর যদি কোন কারনে ক্ষতি হয় সেই দায়ভার কে নিবে?
যেহেতু আমাদের দেশে ব্যবসায়ীদের সঙ্গে রাজনীতিবিদদের ভালো যোগাযোগ থাকে অথবা ব্যাবসায়ীরাই টাকার জোরে সংসদে যান, সেহেতু তাঁদের উপর দেশের জনগণের আস্থা কম। ফলে, এদের ‘টাইট’ হতে দেখলে লোকে খুশী হয়। ম্যাজিস্ট্রেটরা বাহবা কুড়ায়।
কিন্তু, বাস্তব তো আর সিনেমা না। আইনের বদলে দ্রুত নিস্পত্তি লম্বা সময়ের জন্য বড়সড় বিপর্যয় ডেকে আনে। আমরা দেখেছি র্যাব দিয়ে ‘সন্ত্রাসীদের’ দমন করায় শুরুর দিকে জনতা মিষ্টি বিলাতো। পরে এই র্যাবই অতি ক্ষমতা পেয়ে কিলিং মেশিনে পরিণত হয়।
আইনের শাসন দীর্ঘ এবং জটিল হলেও এর থেকে বিচ্যুত হলে শেষমেশ দুর্ভাগা জনতাই এর ফল ভোগ করবে। কারন আইন মূলত জনতার, দুর্বলের রক্ষাকবচ। সস্তা জনপ্রিয়তায় একে ধংস করা আত্মহত্যার শামিল।
