Logo
Logo
×

অভিমত

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে সুর নরম আওয়ামী লীগের

Icon

আহমেদ কল্লোল

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে সুর নরম আওয়ামী লীগের

৭ ডিসেম্বর এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ‘স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক’ করার কথা বলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন। বিদেশিদের ‘সহায়তা’ ছাড়াই বাংলাদেশ সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সক্ষম বলেই বিশ্বাস করে তাঁর দেশ।  রুশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাহলে পরিস্থিতি মোকাবেলায় রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে। 

এর আগের দিন যুক্তরাষ্ট্রের মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ এর সমন্বয়ক জন কিরবি ষ্পষ্ট ভাষায় জানিয়ে দেন বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র তার অবস্থান বদলায়নি, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ওয়াশিংটন যা যা করার তার সবই করবে।

বাংলাদেশকে দু’বৃহৎ শক্তির ক্রীড়ণকে পরিণত করেছে শেখ হাসিনা সরকার।  এটি একটি বিস্তৃত আলোচনার দাবি রাখে, আপাতত সে আলোচনা তুলে রেখে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও সে বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব বিষয়ে কথা বলাই অধিকতর সময়োপযোগী ও প্রয়োজনীয়।

আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের গণতান্ত্রিক যে ধারা রয়েছে তার নেতৃত্ব দিচ্ছে। গণতন্ত্র একটি বৈশ্বিক ধারণা হওয়ায় এর অগ্রগতি আর অবনতি এবং দেশভেদে গণতন্ত্রের অবস্থা কেমন সে দিকে সব গণতান্ত্রিক দেশ ও শক্তিরই নজর থাকে। বাংলাদেশ কোন বিচ্ছিন্ন দ্বীপ নয়, ১৮ কোটি মানুষের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও গণতন্ত্র চর্চার দিকে সবারই যথেষ্ট আগ্রহ রয়েছে। বাংলাদেশ একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সর্বোপরি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করবে এটা গণতান্ত্রিক বিশ্বের প্রত্যাশা।

বাংলাদেশে ২০১৪ সালের জানুয়ারিতে হয়েছিল ভোটারবিহীন নির্বাচন। আর ২০১৮ সালের ডিসেম্বরে হয়েছিল মহাপ্রতারণার নির্বাচন।  এবারের অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তাই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর, গণতান্ত্রিক বলয়ে ফিরে আসার সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু শেখ হাসিনা সে সুযোগকে তার জন্য পতন ঘন্টা মনে করছেন।  তাই সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন থেকে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে বঞ্চিত করতে তারা প্রতারণামূলক আরেকটি নির্বাচনের পথে রয়েছেন।

বাংলাদেশের জনগণ এই প্রতারণামূলক নির্বাচনের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে রয়েছে। একটি গণতান্ত্রিক আন্দোলনকে সফলতার দিকে নিতে, অভ্যন্তরীণ শক্তিমত্তা (আন্দোলনে জগণের উপস্থিতি ও অংশগ্রহণ) যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন অভ্যন্তরীন নানা গোষ্ঠীর সহযোগিতা। পাশাপাশি গণতান্ত্রিক দেশগুলোর অবস্থান ও মনোভাবও এসব আন্দোলন সফল করার ক্ষেত্রে উৎসাহ যোগায়। এসব দিক বিবেচনায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অষ্ট্রেলিয়া, জাপানের মত দেশ এবং ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোর মনোভাবের দিকে বাংলাদেশের মানুষের যথেষ্ট আগ্রহ ও নজর রয়েছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের মন্তব্যের কথা উল্লেখ করে জন কিরবি বলেছিলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র তার তৎপরতা চালিয়ে যাবে।  তিনি বলেন, বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্র তাই চায় এবং তা হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর এটাই রাষ্ট্রদূত (পিটার হাস) চেয়েছিলেন। তিনি ষ্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র  বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে। বাংলাদেশের জনগণের মৌলিক আকাঙ্ক্ষাকে সমর্থন করতে যুক্তরাষ্ট্র তার ভূমিকা রেখে যাবে। 

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ৭ জানুয়ারির তথাকথিত ভাগবাটোয়ারার নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় আসাটাকেই নিজের ধ্যানজ্ঞা্ন মনে করছেন শেখ হাসিনা।  ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয়ার পর নিজেকে বেশ নিরাপদ মনে করছেন গত ১৫ বছর ধরে গণভবনকে নিজের বাড়ি বানিয়ে ফেলা শেখ হাসিনা। গণতন্ত্র নয় শেখ হাসিনার একমাত্র আকাঙ্ক্ষা ক্ষমতা। জনগণ আর শেখ হাসিনার এমন বিপরীতমুখী অবস্থান ও প্রত্যাশায় জনগণ বিজয়ী না হলে বাংলাদেশ আরও ভয়াবহ স্বৈরশাসনের মুধ্যে পড়বে, ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। এ অবস্থা থেকে বাংলাদেশের জনগণের পরিত্রাণ খুবই জরুরি। আর এ ক্ষেত্রে বিশ্ববাসীর বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গণতান্ত্রিক অক্ষের সমর্থন গুরুত্বপূর্ণ উপাদান ও শক্তি হয়ে উঠবে।

যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পর আওয়ামী লীগ যেন কিছুটা হলেও থমকে গেছে। তারা বলছে, বাংলাদেশের বিরুদ্ধে এককভাবে কোন ব্যবস্থা নেয়ার কোন অধিকার বা সুযোগ যুক্তরাষ্ট্রের নেই।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফের সংবিধানের দোহাই দিতে শুরু করেছেন। তিনি বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই শেখ হাসিনা নির্বাচন করতে যাচ্ছেন।  পাশাপাশি তিনি বলেছেন, নির্বাচন বানচাল করতে বিএনপি মরণ কামড় দিচ্ছে।

ওবায়দুল কাদেরের এসব কথা যেন ভয়ার্ত পথিকের গান গাওয়ার মত বিষয়। সংবিধানের দোহাই দিয়ে আরেকটি প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার চেষ্টা করলে হয়তো কঠিনতর পরিস্থিতিরই মুখোমুখি হবেন ভয়ার্ত পথিক ওবায়দুল কাদের, তাদের নেতা শেখ হাসিনা আর আওয়ামী লীগ।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন