Logo
Logo
×

অভিমত

অল্প বিনিয়োগে বেশি লাভের জন্য জাতীয় পার্টি!

Icon

ইয়াসির আরাফাত

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৭:২৮ এএম

অল্প বিনিয়োগে বেশি লাভের জন্য জাতীয় পার্টি!

‘অল্প চাপে বেশি পানির জন্য…।‘ একটি জনপ্রিয় বিজ্ঞাপনের জিঙ্গেল। এই বিজ্ঞাপনের আদলে যদি প্রশ্ন করা হয়, বাংলাদেশের রাজনীতির কম বিনিয়োগে বেশি লাভ করার মত দল কোনটি? এর উত্তরে নানা জন নানান দলের নাম বলতে পারেন। গত ১৫ বছরের বেশি সময় ধরে টানা ক্ষমতায় থাকায় এবং নানাবিধ মেগা প্রকল্পের বদৌলতে দু’হাতে আয়ের সুযোগ থাকায় অর্থাৎ অর্থমূল্যের বিচারে কিংবা অর্থ লাভের দিক বিবেচনা করে দলটির নাম নি:সন্দেহে আওয়ামী লীগ। তবে রাজনীতি আর অর্থনীতির সার্বিক বিচারে দলটির নাম জাতীয় পার্টি।

এই দলটি করলে মহাসচিব হওয়া সহজ, প্রেসিডিয়াম সদস্য হওয়া সহজ, যুগ্ম মহাসচিব হওয়া সহজ, কেন্দ্রীয় নেতা হওয়া সহজ, সবচে’ সহজ চেয়ারম্যানের উপদেষ্টা হওয়া। সম্ভবত: কিছুটা কঠিন জেলা বা উপজেলা পর্যায়ের নেতা (সভাপতি/সাধারণ সম্পাদক) হওয়া। কারণ সে সব পদ হচ্ছে দখলকৃত পদ। যারা একবার দখল করে ফেলেছে তাদের আর সরায় কে?

জাতীয় পার্টির ভাগ্যই সম্ভবত: ভাঙ্গনের ভাগ্য। এই দলটি থেকে নি:সৃত হয়ে জাতীয় পার্টি বা কাছাকাছি নামের অন্তত: পাঁচটি দল এখনও আছে দেশের রাজনৈতিক অঙ্গণে। সম্ভবত: আবার ভাঙ্গনের দ্বারপ্রান্তে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের করা দলটি। আজ শনিবার রওশন এরশাদের অনুসারীদের সম্মেলন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। এর মাধ্যমে জাতীয় পার্টির আরেক দফার ভাঙ্গণ সময়ের ব্যাপারমাত্র।

জাতীয় পার্টিতে গৃহদাহ কিংবা ভাবী-দেবরের লড়াই বহু আগে থেকে চলে আসলেও তা নতুন মাত্রা পায় এরশাদের মৃত্যুর পর।  রওশন এরশাদ, তার স্বামীকে ঢাকা বা এর আশপাশে দাফন করার কথা ভাবলেও জিএম কাদের রংপুরের বাড়িতে দাফনের সিদ্ধান্ত নেন। স্থানীয় নেতা-কর্মীদের চাপে শেষ পর্যন্ত করাও হয় তাই। এরপর রওশন আর কাদেরের সম্পর্কটা কখনোই স্বাভাবিক হয়নি। ২০১৯ সালে জ্যেষ্ঠ নেতাদের মধ্যস্থতায় বিরোধী দলের নেতার পদ পেয়ে জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে মেনে নেন রওশন। তিন বছর পর সমঝোতা ভেঙে যায়। জি এম কাদেরকে নেতৃত্ব থেকে সরাতে ২০২২ সালের আগস্টে কাউন্সিলের ডাক দেন তিনি। পাল্টা হিসেবে রওশনকে বিরোধী দলের নেতার পদ থেকে সরাতে চেষ্টা করেন জি এম কাদের। তবে সরকারের সমর্থনে টিকে যান রওশন।

২০২৩ সালের জানুয়ারিতে সরকারি মধ্যস্থতায় সমঝোতা হয় জাপা চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশনের। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে খেলা শুরু করে আওয়ামী লীগ, তাতে বড় ধরণের ফাঁদে পড়ে যান রওশন এরশাদ। সরকারের সব শর্ত মেনে নির্বাচনে যায় জাতীয় পার্টি। তার সমর্থক নেতাদের মনোনয়ন না দেয়ার অভিযোগ এনে নির্বাচনে প্রার্থী হননি রওশন এরশাদ।

ডামি প্রার্থীর দ্বাদশ নির্বাচনে মাত্র ১১টি আসন পেয়েছে জাপা। ভোটের পর দলটিতে ফের অস্থিরতা শুরু হয়। লাঙ্গলের পরাজিত প্রার্থীরা সভা করে অভিযোগ তোলেন, জি এম কাদের ভোটে গিয়ে টাকা পেলেও অন্যদের দেননি। আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় না পাওয়া কিংবা ছাড় পেয়েও হেরে যাওয়া নেতারা জি এম কাদেরের সমালোচনায় মুখর হন। অভিযোগ করা হয়, স্ত্রী শেরিফা কাদেরকে সংসদে নিতে দলকে জলাঞ্জলি দিয়েছেন জিএম কাদের। তবে তাতেও তিনি কামিয়াব হননি।
কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ভাইস চেয়ারম্যান ইয়াহহিয়া চৌধুরীকে অব্যাহতি দেন জি এম কাদের। তারা সবাই রওশনের পক্ষে যোগ দিয়েছেন। দল থেকে বাদ পড়াদের নিজের পক্ষে টেনেছেন রওশন। গত ২৮ জানুয়ারি জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন রওশন। এরপর ডাকেন দলের জাতীয় সম্মেলন।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেছেন, ১০টা সম্মেলন করুক অসুবিধা কী। জাতীয় পার্টি নামে চারটি দল আছে। আরেকটি হতে যাচ্ছে। তাতে কিছু যায় আসে না। লাঙ্গল যার, আসল জাতীয় পার্টি তার। লাঙ্গল জি এম কাদেরের। রওশন এরশাদের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) সম্পর্ক ‘স্পর্শকাতর’ বলে মন্তব্য করে চুন্নু বলেন, এ কারণে তাঁর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে রওশন এরশাদের নাম ব্যবহার করে যাঁরা অন্যায় করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রওশন এরশাদ সম্মেলন ডাকার পর জি এম কাদেরও সম্মেলনের ব্যাপারে তৎপর হয়ে ওঠেন। তিনি এরইমধ্যে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় পার্টির সম্মেলন হবে। তার আগে সব জেলা ও উপজেলায় দলের সম্মেলন শেষ করতে হবে। শিগগিরই জাতীয় পার্টির বর্ধিত সভা, ইফতার মাহফিল এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ করা হবে।

দলের মহাসচিব মুজিবুল হক জানিয়েছেন, এপ্রিল মাসের মধ্যে কেন্দ্রীয় বর্ধিত সভা হবে। সভায় জেলা ও উপজেলার নেতারা থাকবেন। আগস্টের মধ্যেই সব জেলার সম্মেলন সম্পন্ন করা হবে। এরপর আগামী ১২ অক্টোবরে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। রওশন ঘোষিত মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, সম্মেলনে নির্বাচিত নেতৃত্ব লাঙ্গল পেতে চেষ্টা করবে। রওশনের নেতৃত্বের জাপাই আসল। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন