Logo
Logo
×

অভিমত

মানুষ ভুলতে চায়, মনে করিয়ে দেয় আওয়ামী লীগ!

Icon

ইয়াসির আরাফাত

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৩:০২ পিএম

মানুষ ভুলতে চায়, মনে করিয়ে দেয় আওয়ামী লীগ!

৭ জানুয়ারি নির্বাচনের দিন একটি ফাঁকা ভোট কেন্দ্র

৭ই জানুয়ারি নির্বাচনের নামে দেশে কী হয়েছে তা সবারই জানা। ৩শ’ আসনের সংসদের সবগুলোই না আবার নৌকা পেয়ে যায় তেমন এক আশংকা নিয়ে ডামি প্রার্থীর এবং সাজানো ও পাতানো নির্বাচন নি:সন্দেহে বাংলাদেশের  ভোটাধিকার ও গণতান্ত্রিক রাজনীতির জন্য এক কৃষ্ণ অধ্যায়। মানুষ ভোট দেয়নি, কিন্তু শেখ হাসিনাসহ আওয়ামী সরকারের প্রচার যন্ত্র অহর্নিশ বলছে, জনগণ নাকি এ সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে!! জনগণই নাকি উন্নয়নের জন্য ক্ষমতার ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মত সরকার প্রধানের আসনে বসিয়ে দিয়েছে!

৭ই জানুয়ারি বা নির্বাচন বিষয়টাকে মানুষ যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে শেখ হাসিনাসহ আওয়ামী বলয় ততই একে জনগণের সাথে জড়িয়ে দেয়ার চেষ্টা করছে। ৭ই জানুয়ারির ভোট সুষ্ঠু হয়েছে এই দাবি করে আওয়ামী শিবিরের যে আত্মতুষ্টি তা দেখে দলটির প্রতি দেশের মানুষের করুণাই জাগে।

চলমান সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে সংসদে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে একটি রাজনৈতিক দলসহ তাদের জোট অংশগ্রহণ করেনি। তবে ২৮টি দল নির্বাচনে অংশ নেয়। এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ও দেশের জনগণসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ্ও জানান শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর প্রতিটি নির্বাচন তো আমরা দেখেছি। সেই হ্যাঁ-না ভোট। নির্বাচন কমিশনে তালা দিয়ে ভোটের রেজাল্টই নেই। তিন-চার দিন পর রেজাল্ট।  

বাংলাদেশের কয়েকটি নির্বাচন বাদে সব নির্বাচন নিয়েই কম-বেশি সমালোচনা আছে। ফলাফলে বিলম্ব ঘটানোর অভিযোগটাও মিথ্যা নয়। কিন্তু শেখ হাসিনার এই প্রতিটি বাক্যই তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বেলায় সত্য।

এখন নির্বাচনের ফলাফল প্রকাশ করতে তিন/চার দিন লাগে না, বরং নির্বাচনের তিন.চার সপ্তাহ আগেই মানুষ জেনে যায় ও বুঝে যায় যে শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, আর ক্ষমতায় আসছে আওয়ামী লীগ।

২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ আসন ঘরে তুলে নেয় আওয়ামী লীগ। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে এলেও তাদের কোন ধরণের নির্বাচনী কার্যক্রম করতে দিলো না শেখ হাসিনা সরকার। সারাদেশে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ বহু আসনের অসংখ্য কেন্দ্রে নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখে।

২০২৪ সালে তারা যখন দেখলো নির্বাচনে বিএনপি আসছে না, তখন তারা নিজেদের দলের নেতাদেরই স্বতন্ত্র প্রার্থী করে দাঁড় করিয়ে দিলেন নিজ দল অর্থাৎ নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে।। বিষয়গুলো চর্বিত চর্বন হয়ে যায় কিন্তু শেখ হাসিনা ও তার পারিষদ যেভাবে ৭ জানুয়ারির কর্মকাণ্ডকে বৈধ হিসেবে দেখাতে মরিয়া হয়ে অপপ্রচার চালাচ্ছেন তখন সেই চর্বিত বিষয়গুলোকেই আরেকবার চর্বন করতে হয়।  আওয়ামী লীগ তাদের অপকর্মকে যতই বৈধতা দেয়ার চেষ্টা করুক তা মেনে নেয়া গণতন্ত্রের প্রতি যাদের আস্থা তাদের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। সুতরাং সাবধানতা আওয়ামী শিবির থেকেই গ্রহণ করতে হবে। ৭ই জানুয়ারির তথাকথিত নির্বাচনের বিষয়টা তারা যত কম বলবে, যত কম ঘাটাবে ততই মানুষ আওয়ামী লীগের আসল চেহারাটা ভুলে থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন