বেইলি রোড অগ্নিকাণ্ড, অবশেষে রাজউক ও সিটি করপোরেশেনর ব্যাঘ্র গর্জণ
ইয়াসির আরাফাত
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৮:৩৯ পিএম
ঘুমিয়ে পড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আর ঝিমুতে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যাঘ্র গর্জন দিয়ে জেগে উঠেছে। বেইলি রোডে আগুনে ৪৬টি তরতাজা প্রাণ ঝরে যাওয়ার পর তারা একেবারে কোমড়ে কাপড় বেধে নেমেছে অভিযানে। ৪ মার্চ সোমবার হঠাৎ রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কের গাউসিয়া টুইন পিকে ভবনে অভিযান চালায় রাজউক। সংস্থাটির ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চালানো অভিযানে সিলগালা করে দেয়া হয় ১২টি রেস্তোরাঁ, গুড়িয়ে দেয়া হয় রুফটপের রেট্রো লাইভ কিচেন। রাজউকের বক্তব্য কোন অনুমতি না নিয়েই এসব রেস্তোরা চলছিল। এর পাশাপাশি ধানমন্ডি কেয়ারি ক্রিসেন্ট ভবনে অভিযান চালিয়ে বেশ কয়েকটি রেস্টুরেন্ট সিলগালা করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রাজধানীতে অবৈধ ভবন কোন বিস্ময়কর কিছু নয়, রাজউকের অনুমোদন নেই এমন ভবন আছে, আবার যেভাবে অনুমোদন দেয়া হয় অনেক মালিক তা নির্মাণ করেন অন্যভাবে, নকশা লংঘনের অভিযোগ তো একেবারে সাধারণ ঘটনা।
গত কয়েক বছরে দেশে রেস্টুরেন্ট ব্যবসা জমজমাট। বিশেষ করে রাজধানী ঢাকায় রেস্টুরেন্ট হচ্ছে যত্রতত্র। নিয়ম-নীতির বালাই নেই, নেই প্রয়োজনীয় অনুমোদন, নেই নিরাপত্তা ব্যবস্থা। সুউচ্চ ভবনের বহু ‘ফ্লোর’ রান্না ঘরে পরিণত। গ্যাস সংযোগ নেই, তাই সিলিন্ডার দিয়েই চলছে রান্নাবান্না।
সন্ধ্যার পর অনেক ভোজনরসিক নগরবাসীর গন্তব্য বিভিন্ন রেস্টুরেন্ট। দেশি খাবারের তো আছেই, এশিয়ার বিভিন্ন দেশের মুখরোচক খাবারের পাশাপাশি, ইউরোপ এবং উত্তর এমনকি দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন রেসিপি দিয়ে তৈরি খাবার রেস্টুরেন্টে টেনে আনে অসংখ্য মানুষকে। এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরণের অনুষ্ঠানও হয়ে থাকে এসব রেস্টুরেন্টে। ফলে রেস্টুরেন্ট ব্যবসা দারুণ জমজমাট।
বেইলি রোডের ভবনে আগুন লাগার পর থেকেই নানাজন বলছিলেন, এবার রেস্টুরেন্টের বিরুদ্ধে শক্ত অভিযান চালানো হতে পারে। হয়েছেও তাই। একদিনে এক ভবনের ১২টি রেস্টুরেন্ট বন্ধ করা হয়েছে। সুউচ্চ ও আলিশান ভবনের রেস্টুরেন্টগুলো বন্ধই করে দেয়নি রাজউক বা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, হাতুড়ি-শাবল-গাইতি চালিয়ে অনেক রেস্টুরেন্টের অভ্যন্তরীণ ডেকোরেশন গুড়িয়েও দেয়া হয়েছে।
রাজউক ও ঢাকা সিটি করপোরেশনের আকস্মিক এমন অভিযানে মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রাজধানীর বুকে ভবনে ভবনে এই যে এত হোটেল, এত রেস্টুরেন্ট এগুলো তো একদিন হয়নি, এসব যে নিয়ম নীতির তোয়াক্কা না করে হয়ে গেল সে ব্যর্থতার দায় রাজউক, সিটি করপোরেশন এড়াবে কী করে?
শুধু রেস্টুরেন্টই নয়, যে কোন ধরণের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বড় ধরণের কোন ঘটনা বা দুর্ঘটনা ঘটলেই কেবল অভিযান চালানো হয় কেন? গত কিছুদিন ধরে অভিযান চালানো হচ্ছে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এসব অভিযান চালানো হচ্ছে। বেশ ক’টি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, অনেকগুলোর বিরুদ্ধে নেয়া হয়েছে নগদ অর্থ জরিমানাসহ বিভিন্ন ধরণের শাস্তিমূলক ব্যবস্থা।
এর আগে গুলশানে হলি আর্টিসানে গুলিতে ২৪ জনের মৃত্যুর পর গুলশান এলাকায় চালানো হয়েছিল অবৈধ হোটেল ও রেস্টুরেন্ট বিরোধী অভিযান। কিন্তু এক সময় সবকিছু কেমন জানি মিইয়ে যায়। কয়েকদিন বন্ধ রেখে গরম বাতাস ঠান্ডা হলেই ফের চুটিয়ে ব্যবসা। আইন নিয়ে কিংবা আইনের সাথে এমন চোর-পুলিশ খেলার বিষয়টি সব কর্তৃপক্ষই নীরবে সহ্য করে, মেনে নেয়।
এর পেছনের কারণ, যারা এসব হোটেল, রেস্টুরেন্ট বা হাসপাতাল-ক্লিনিকের মালিক, তারা হয় রাজনৈতিকভাবে শক্তিশালী কিংবা তারা অর্থ দিয়ে কর্তৃপক্ষের মুখ বন্ধ করেই ব্যবসায় নামেন। রাজউকের আচমকা এই ঘুম ভাঙ্গা কিংবা সিটি করপোরেশেনর আড়মোড়া ভেঙে জেগে ওঠা নিয়ে আশাবাদী হওয়ার বিশেষ কোন কারণ নেই। কেন না এগুলো শুধুই ‘আইওয়াশ’। মানুষের চোখে ধুলা দিয়ে ঘটনা অন্যদিকে প্রবাহিত করা চেষ্টা মাত্র। এই প্রবণতা দূর করার জন্য যে ধরণের সরকার কিংবা শাসন কাঠামো দরকার তা থেকে বাংলাদেশ শুধু দূরেই নেই, দিন দিন তা থেকে আরও দূরেই সরে যাচ্ছে।
