ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তিন মার্কিন কর্মকর্তার ঢাকা সফরের পর ঢাকায় মৃদুভাবে মধ্যবর্তী নির্বাচনের আওয়াজ উঠেছে। তিন কর্মকর্তা হলেন- মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার, ইউএসএআইডির এশিয়া বিষয়ক সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। এই তিন কর্মকর্তা নির্বাচনের আগেও ঢাকা সফর করেছেন। কিন্তু সে সময় তারা বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। এবার তারা ঢাকায় এসে সদ্য কারামুক্ত বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন। অনেকেই এই বৈঠকের মধ্যে তাৎপর্য খোঁজার চেষ্টা করছেন। এমনকি এই বৈঠকের সূত্র ধরে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনার কথাও তুলতে শুরু করেছেন। কিন্তু বৈঠক সম্পর্কে যা জানা গেছে তাতে সেখানে নির্বাচন ও রাজনীতি বিষয়ে কোনো কথাই হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের দিক থেকে এটি স্রেফ সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে, বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করছেন, জেল থেকে বিএনপি নেতাদের মুক্তির পেছনে মার্কিন প্রতিনিধি দলের ভূমিকা থাকতে পারে। ঢাকা আসার আগে তারা সম্ভবত ভারতীয় পক্ষের মাধ্যমে সরকারের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে, তারা ঢাকা গিয়ে বিএনপির কারাবন্দি নেতাদের সঙ্গে দেখা করতে চান। আর সেই আগ্রহের ফলে ভারতীয়দের মধ্যস্থতায় বিএনপি নেতাদের তড়িঘড়ি মুক্তি দেওয়া হয়। সরকার চেয়েছিল, আরও কিছুদিন বিএনপি নেতাদের কারাগারে রাখতে।
নেতাদের মুক্তির পেছনে মার্কিন কর্মকর্তাদের ভূমিকা থাকুক না না থাকুক, তারা সৌজন্যবশত দেখা করেছেন সেটা ইতিবাচক ঘটনা। কিন্তু সত্যটাও মনে নিতে হবে- নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিএনপির পাওয়ার কিছু নেই।
মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু ভূমিকা রাখতে চেয়েছিল। আর কিছু না হোক, ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা অন্তত প্রয়োগ করতে আগ্রহী হয়েছিল। কিন্তু মার্কিন সমস্ত পরিকল্পনাকে স্যাবোটাজ করে দিয়েছে ভারত। তারা মার্কিনিদের বোঝাতে সক্ষম হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাসীন রাখাই তাদের জন্য লাভজনক। মার্কিনিদের জন্য সেটা কতটা লাভজনক তা এখনও স্পষ্ট নয়। তবে ভারতের জন্য যে লাভজনক সেটি স্পষ্ট। আপাতত, চীন মোকাবেলার নীতি ঠিক রাখতে ভারতের লাভকেই নিজেদের লাভ হিসেবে গণ্য করতে বাধ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির বর্ষপূর্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ভারতকেই দক্ষিণ এশিয়ার নেতা হিসেবে মেনে নিয়েছে। এ অঞ্চলে ভারতের নেতৃস্থানীয় ভূমিকা মেনে নিয়েই নিজেরে দক্ষিণ এশিয়া নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
ফলে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা শুকনো কথার বাইরে যেতে পারবে বলে মনে হয় না। ভারত এরই মধ্যে এই সরকারের নতুন দফাকে পূর্ণ মেয়াদে সমর্থনের ঘোষণা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন কোনো অবস্থান নেবে বলে মনে হয় না। মুখে তারা বলেছে, বাংলাদেশ বিষয়ে নির্বাচনের আগে ঘোষিত নীতি তারা পরিবর্তন করেনি। এই নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু হয়নি সেকথাও তারা বলেছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে তারা আগ্রহী। সম্পর্ক গভীর করার পদক্ষেপ নিতে তারা সরকারের সঙ্গে কাজ করবে।
মিয়ানমার যুদ্ধে এরই মধ্যে চীনের কৌশলের কাছে ভারত ও যুক্তরাষ্ট্র কাবু হয়ে পড়েছে। তারা সেখানে কোনো ভূমিকা রাখতে পারছে না। যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা ঢাকায় দৌড়ঝাঁপ করছেন যুদ্ধে বাংলাদেশকে জড়াতে। ধারণা করা হচ্ছে, কর্মকর্তাদের সফর মূলত এ উদ্দেশেই। কিন্তু বাংলাদেশে মিয়ানমারের যুদ্ধে কোনোভাবে জড়াতে চাইছে না। কেননা, চীন বিগড়ে গেলে বাংলাদেশের জন্য বিপদ হবে।
মিয়ানমার যুদ্ধে বাংলাদেশের কাছ থেকে সুবিধা আদায়ের জন্য মাকির্নিরা সরকারকে চাপ দিতে চাইছে। এই চাপের অংশ হিসেবে বিরোধী দলগুলোকেও আবার হাওয়া দিতে পারে তারা। মধ্যবর্তী নির্বাচনের ধূয়াও তুলতে পারে। কিন্তু সেখান থেকে আশা করার কিছু নেই। কেননা, এখানে ভারতই মূল প্রভাবক। এসব আওয়াজের শেষে কিছুই মিলবে না। ভারত শেষে এসে নিজেদেরে আধিপত্য অব্যাহত রাখার স্বার্থে আওয়ামী লীগ সরকারের পক্ষেই দাঁড়াবে।
৭ জানুয়ারির নির্বাচনে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবেই বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে থাকতে চেয়েও থাকেনি। বাংলাদেশের নাগরিক সমাজের পাশে দাঁড়ায়নি। এমনকি তাদের বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধেও মার্কিন সরকার স্পষ্ট অবস্থায় নেয়নি। নিজেদের ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা তারা একজন ব্যক্তির বিরুদ্ধে প্রয়োগ করেছে এমন আলামত নেই। সবচেয়ে বড় যে প্রতারণা তারা করেছে সেটি হলো, তারা বারবার বলেছে বাংলাদেশকে তারা ভারতের চোখ দিয়ে দেখে না। কিন্তু কার্যক্ষেত্রে উল্টোটাই দেখা যাচ্ছে। ভারতের চোখ দিয়েই তারা বাংলাদেশকে দেখছে। ভারতের কথায় তারা বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করে চলেছে।
এ অবস্থায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিএনপি সহ বিরোধী দলের কিছু পাওয়ার নেই। তবে কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা চালিয়ে যেতে হবে দুটি দেশের সঙ্গেই। যোগাযোগ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি, চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ ঝালাই করতে হবে। বিএনপির সামনে বড় সমস্যা ভারত। ভারত কিছুতেই বিএনপিকে মেনে নেবে না। ফলে, ভারত মোকাবেলা করতে তাকে চীনের সঙ্গে পুরনো সম্পর্ক ঝালাই করে নিতে হবে।
তবে সবকথার শেষ কথা জনগণের শক্তি। বিএনপির সবচেয়ে বড় শক্তি এটাই। জনগণের শক্তি সাথে করে বিএনপিকে নতুন করে মাঠে নামতে হবে। মধ্যবর্তী নির্বাচন নয়, প্রথম সুযোগেই মাঠে নেমে আন্দোলন জমিয়ে ফেলতে হবে।
