Logo
Logo
×

অভিমত

অগ্নিকাণ্ড, মৃত্যু এবং অত:পর

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১০:৪৮ পিএম

অগ্নিকাণ্ড, মৃত্যু এবং অত:পর

ঢাকা অনেক বিচারেই বিশ্বের ঝূঁকিপূর্ণ ও বিপজ্জনক রাজধানীগুলোর একটি। অতিরিক্ত জনসংখ্যার চাপে নুয়ে পড়া এ নগরীটিতে সবচে’ বড় আতংকের নাম অগ্নিকাণ্ড। প্রায় প্রতি বছরই ঘটছে বড় ধরণের কোন না কোন অগ্নিকাণ্ড, প্রাণ হারাচ্ছে মানুষ, বিনষ্ট হচ্ছে সম্পদ, সর্বশ্বান্ত হচ্ছে মানুষ। ভয়াবহ অগ্নিকাণ্ডের তালিকায় যুক্ত হলো বেইলি রোডের অগ্নিকাণ্ড। বৃহষ্পতিবার রাতে লাগা ওই আগুনে নিশ্চিত হয়েছে ৪৬ জনের মৃত্যু।

আগুন লাগা আর তাতে প্রাণহানির বেশ কিছু বড় ঘটনা গত ক’ বছরে ঘটেছে রাজধানীতে। ২০১০ সালের ৩ জুন রাজধানীর চানখারপুলের নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় ১২৪জন মানুষ। আহত হন প্রায় অর্ধশতাধিক। পুড়ে যায় ২৩টি বসতবাড়ি, দোকান ও কারখানা। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় লাগা আগুনছড়িয়ে পড়ে সড়কে যানজটে আটকে থাকা পিকআপ, প্রাইভেট কার, রিকশা, ঠেলাগাড়ি ও মোটরসাইকেলে,  অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান।

বনানীর ২২ তলা বাণ্যিজিক ভবন এফআর টাওয়ারে ২০১৯ সালের ২৮ মার্চ  লাগা আগুনে ২৭ জনের মৃত্যু এবং শতাধিক আহত হয়। এছাড়া ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। এতে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে ৩০৫ কোটি টাকার। একই বছরের ১৫ এপ্রিল ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ২২৬টি দোকান পুড়ে যায়। আগুনে ৩৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের পর গঠিত হয় তদন্ত কমিটি। সে কমিটিগুলোর রিপোর্টও প্রকাশিত হয় না, জানা যায় না আগুন লাগার প্রকৃত কারণ, কে দায়ী, কার দায় কতটা? সরকারের কাজই যেন তদন্ত কমিটি গঠন আর মৃত ব্যক্তিদের দাফনে আর্থিক সহায়তা দেয়া। মৃত মানুষের পরিবার প্রতি ২৫ হাজার টাকা বরাদ্দে প্রশাসনের মধ্যে বিরাজ করা স্বস্তি নাগরিকের জন্য অস্বস্তিকর।

তবে অগ্নিকাণ্ডের জন্য প্রাথমিকভাবে যে কারণগুলোর কথা উঠে আসছে তা হচ্ছে-বৈদ্যুতিক গোলযোগ (শটসার্কিট), নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার, মশার কয়েলের আগুন, এমনকি জ্বলন্ত সিগারেটের টুকরোর আগুন থেকেও অগ্নিকাণ্ড ঘটেছে। আর প্রাণহানির পেছনে যে কারণগুলো উঠে এসেছে তা হচ্ছে ভবনের অনুমোদন, নকশার ত্রুটি ও অগ্নিনিরাপত্তা না থাকা।

বেইলি রোডের যে ভবনে আগুন লাগে তার দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান ছিল। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতারা ভীড় জমান। অর্থাৎ এটি সান্ধ্যকালীন ও রাতের খাবার ও আড্ডার স্থলে পরিণত হয়েছিল। কিন্তু সেই প্রাণবন্ত আড্ডাস্থল যে এতগুলো মানুষের মৃত্যুপুরীতে পরিণত হবে তা কেইবা ভেবেছিল।

তবে এই ভবনটিও অগ্নিকাণ্ড ঘটার এবং তাতে প্রাণহানি ঘটার কারণগুলো তৈরি হয়েই ছিল। বেইলি  রোডের ভবনটি ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনবার চিঠি দিয়েছিল ফায়ার সার্ভিস। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের এ কথা বলেন। এই ভবনে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না জানিয়ে তিনি বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ বলে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। দেয়া হয় আশ্বাস নেয়া হয় উদ্যোগ। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার থেমে যায় সব উদ্যোগ। আর কেউ ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে কথা বলেন না। শেষ পর্যন্ত প্রকাশ করা হয় না দুর্ঘটনার পর গঠিত দন্ত কমিটির প্রতিবেদনও। সরকারি আইন আর আদেশ-নির্দেশ লঙ্ঘণ ও অমান্য করার বিষয়টি উঠে এসেছে খোদ প্রধানমন্ত্রীর বক্তব্যে। ১ মার্চ রাজধানীতে বীমা দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার নির্দেশ দেয়ার পরও অগ্নি নির্বাপন নিরাপত্তার বিষয়ে সতর্ক না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশের অগ্নি নির্বাপক দলের সরঞ্জামসহ আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে। তবে গত ক’ বছরে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথেষ্ট দক্ষতারই পরিচয় দিয়েছে। বৃহষ্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, আর তাদের প্রথম ইউনিট সেখানে পৌঁছে খবর পাওয়ায় ছয় মিনিটের মধ্যে, অর্থাৎ ৯টা ৫৬ মিনিটে। একে একে ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

ফায়ার সার্ভিসের জনবল আর ‘লজিস্টিক’ বাড়ানোর বিষয়টি প্রতিটি অগ্নিকাণ্ডের পরই সামনে আসে। তবে তা থেকে যায় আশ্বাসেই। সরকারি নানা প্রতিষ্ঠানের মধ্যে ফাইল চালাচালি হয়। ফের যখন ঘটে কোন অগ্নিকাণ্ড, তখন আবার ঘুম ভাঙে কর্তৃপক্ষের, নতুন করে শুরু হয় উদ্যোগ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন