Logo
Logo
×

অভিমত

এই পুলিশি রাষ্ট্র আমার নয় 

Icon

মেসবাহ শিমুল

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০২:৫০ পিএম

এই পুলিশি রাষ্ট্র আমার নয় 

সম্প্রতি গনতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলা

বাংলা আউটলুকে প্রকাশিত তিনটি সাক্ষাতকার পড়েছি। সাক্ষাতকার দাতাদের মধ্যে দু’জন যথাক্রমে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা। অপরজন নেত্রকোনার একটি কলেজে অধ্যয়নরত ছাত্রদল নেতা। সাক্ষাতকারে তাদের ওপর পুলিশি নির্যাতনের যে বর্ণনা দিয়েছেন সেটি পড়তে গিয়ে আঁতকে উঠেছি। দীর্ঘ সময় ধরে তাদের ওপর পুলিশ যে বর্বরতা চালিয়েছে সেটি নিকট অতীতে অন্য কোনো বন্দীর বেলায় ঘটেছে কি না তা জানা নেই। হয়তো হতেও পারে। তবে সেগুলো কোনো মিডিয়ায় না আসায় হয়তো আমার কাছে অজানা। 

দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন থেকে তাদের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছিলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের দায়িত্বশীল নেতাদের পক্ষ থেকে উত্থাপিত এমন অভিযোগ সেভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি। এর একটি কারণ হতে পারে আজ্ঞাবহ মিডিয়া সরকারের ভয়ে সেটি প্রকাশ করেনি। দ্বিতীয় কারণটি হতে পারে গণমাধ্যম কর্মীরা আসলেই ভাবতে পারেননি যে পুলিশ নেতাকর্মীদের ওপর এতোটা নিষ্ঠুর, অমানবিক ও ভয়াবহ নিপীড়ন করতে পারে। 
বাংলা আউটলুক সেক্ষেত্রে একটি সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। অন্তত সদ্য প্রকাশিত তাদের কয়েকটি সাক্ষাতকার তেমনই স্বাক্ষ্য দেয়।

গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত সাক্ষাতকারে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক সাঈদ ইকবাল মাহমুদ টিটু পুলিশের হাতে কয়েক দফা আটক ও সে সময়গুলোতে পুলিশের অমানবিক নির্যাতনের যে বিবরণ দিয়েছেন তা এক কথায় লোম হর্ষক। কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে পুলিশ তার ওপর যে জুলুম করেছে তা ইতিহাসের অন্যতম জঘন্য বর্বরতা। 

এছাড়া ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান ও আশরাফুল ইসলাম জাসামের ওপরও পুলিশ একই কায়দায় বর্বরতা চালায়। পুলিশ রাস্তা থেকে তুলে নিয়ে এই দুই নেতাকে যে কায়দায় নির্যাতন করেছে তার বর্ণনা দেওয়াটাও বেদনাদায়ক। নির্যাতনের প্রতিটি চিত্র চোখের সামনে যেন কেয়ামতের আলামত হয়ে ভেসে ওঠে। 

গত ১৫ বছর ধরে পুলিশ বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের এভাবে নির্যাতন করছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতের তরুণ প্রজন্মকে তারা টার্গেট করে করে নির্যাতন করছে। যারা উদীয়মান হিসেবে রাজনীতির মাঠে সরকারের প্রতিপক্ষ হিসেবে বেড়ে উঠছে সেই প্রজন্মটিকে শেষ করে দিতে চাইছে পুলিশ। 

পুলিশ দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত একটি বাহিনী। দেশের আপামর জনসাধারণের শ্রম-ঘামের টাকায় তাদের একটি রাষ্ট্র পোষে। সেই পুলিশ কেন দেশের একটি বড় রাজনৈতিক অংশকে এমন প্রতিপক্ষ মনে করছে? তারা কেন আইনের বাইরে এসে বিরোধী নেতাকর্মীদের নির্তন করছে? 

আইনের চোখে কেউ অপরাধী হলে আইনের মধ্যে থেকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের কোনো বাধা নেই। কিন্তু নির্যাতনের যে ভয়াবহতা সেটি নি:সন্দেহে আইনের বাইরে থেকে। তারা বিরোধী মত দমনে কোনো প্রকার আইনের ধার ধারছে না। 

গত পরশু দিন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা জামিনে মুক্তি পেয়েছেন। তিনিও তার কারাগারের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছেন। তার ওপরও পুলিশ ভয়ানক আক্রোশ প্রয়োগ করেছে। নির্মমতা এমন ভয়ানক তা না শুনলে বোঝার উপায় নেই। একটি স্বাধীন দেশে কেবল বিরোধী রাজনীতি করে বলেই এতো নিষ্ঠুর নির্মম নির্যাতনের মুখে পড়তে হবে সেটি হয়তো তারা আগে কখনোই ভাবেনি।

রাজনীতি নাগরিকের মৌলিক অধিকার। সাধারণ মানুষের কল্যাণের স্বপ্ন দেখে ছাত্ররা রাজনীতিতে আসে। শিশু বয়সে নিজের ভালো লাগা, গরীব-অসহায় মানুষের জন্য কিছু করার প্রবল আগ্রহ আর সমাজ বদলের স্বপ্ন তরুণ বয়সে মনের মধ্যে গেঁথে গেলে তাকে আর নিবৃত রাখা যায় না। তাইতো এদেশের অনেক তরুণ-যুবক পরিবার, আ্ত্মীয়-স্বজনদের চাপ-বাধা উপেক্ষা করেই রাজনীতিতে নাম লেখায়। কিন্তু তার পরিনাম যদি হয় এমন নিষ্ঠুরতা তাহলে সমাজ ও দেশ বদলের স্বপ্ন কারা দেখবে? 

এসব সাক্ষাতকারগুলো দেশের অসংখ্য মানুষ পড়ছে। সামাজিক মাধ্যম হয়ে ছড়িয়ে পড়ছে সাঈদ ইকবাল টিটু, আমান কিংবা বিন ইয়ামিনদের ওপর চালানো পুলিশি স্টিম রোলারের বুক ফাটা বর্ণনা। এই বর্ণনা পড়ে নিশ্চয়ই আর কোনো তরুণ রাজনীতি করার সাহস পাবে না। আর কোনো মা তার ছেলেকে পাঠাবে না মুক্তির মিছিলে। কিংবা বাবা তার ছেলেকে রাজপথ থেকে তুলে এনে বাসায় আটকে রাখবে। 

তাহলে কি পুলিশ সেই বাংলাদেশ চায়? যেই বাংলাদেশে তরুণ-যুবকরা অধিকার সচেতন হবে না। অন্যায়-অনিয়ম দেখলে কোনো প্রতিবাদ করবে না কেউ। এই পুলিশি রাষ্ট্রতো আমার নয়। আমিতো এমন অধিকারহীন রাষ্ট্র চাই না। এই বাংলাদেশ হলে কি তাদের লাভ? তারা যেভাবে ইচ্ছা সেভাবে দেশ চালাবে? যেই দেশটির জন্মই হয়েছে অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে সেই দেশটিকে কি আদৌ তারা নিজেদের খেয়াল খুশিমত চালাতে পারবে?  

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন