Logo
Logo
×

অভিমত

বাংলাদেশে ‘লেখক নেই ’ এ আলাপ কেন উঠছে?

Icon

শওকত জামান

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম

বাংলাদেশে ‘লেখক নেই ’ এ আলাপ কেন উঠছে?

দেশের বহুল প্রচারিত একটি দৈনিকের নির্বাহী সম্পাদক ও লেখক আনিসুল হক এক টেলিভিশনকে বলেছেন, বাংলাদেশে ভালো লেখক নেই। পরে তিনি এও বলেছেন, বাংলাদেশে লেখক নেই। তার সঙ্গে ফেসবুকে সুর মেলাতে দেখা গেল বাতিঘর প্রকাশনীর প্রধান দীপংকর দাসকেও। এ ছাড়া ফেসবুকে আরো কয়েকজন সমালোচক, সাহিত্য অনুরাগী মনে করেন, বাংলাদেশে প্রকৃত লেখক নেই বা ভালো লেখক নেই।

এ ধরনের আলাপ অবশ্য নতুন না। বাংলা সাহিত্যে কলকাতার লেখকরা বাংলাদেশিদের তুলনায় ভালো লেখেন, এটা যেন স্বতঃসিদ্ধ ব্যাপার। শুধু এ সময়ে নয়, কলকাতার চেয়ে ভালো না লেখার খোঁটা জসিম উদদীন থেকে শুরু করে আল মাহমুদ পর্যন্ত শুনতে হয়েছে। যার প্রমাণ আনিসুল হকই দিয়েছেন। তিনি বলেছেন, কলকাতার দেশ পত্রিকায় আল মাহমুদের লেখা ছাপা হওয়ার পর তিনি বিখ্যাত হয়েছেন। তার কথায় প্রমাণ বাংলা সাহিত্যের ‘মক্কা’ কলকাতা। বাংলাদেশের সংবাদমাধ্য, সাহিত্যিকদের অনেকে একে ধ্রুব সত্য জেনে আসছেন। কলকাতার দিক থেকে ধরলে, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, মহাশ্বেতা দেবী, নবারুণ ভট্টাচার্য, শ্যামল গঙ্গোপাধ্যায়-এমন আরো যারা লেখক আছেন; তাদের মৃত্যুর পর এ দাবির জোর কমছিল। কিন্তু বাংলাদেশেই এখন কেউ কেউ সেই দাবিকে পুনরুজ্জীবিত করছেন। কলকাতাকে সাহিত্যের চেয়ে মনে হয়েছে ভিডিও কনটেন্টে বেশি মনযোগী হতে। কারণ তাদের দিক থেকে সুনীল-সমরেশ-শীর্ষেন্দু বন্দোপাধ্যায়ের মতো লেখক আর আসছে না। বইয়ের ক্রেতাও কমছে। তারা এখন ওটিটি প্ল্যাটফর্ম, সিনেমার দিকে বেশি ঝুঁকেছে। বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীদের গ্রুমিং করে তাদের দিয়ে সিনেমা বানাচ্ছে। এ সময়ে সুযোগ ছিল বাংলাদেশি সাহিত্যকে তাদের ওপর তুলে ধরার।

ভাষা হিসেবেও বাংলার প্রাণকেন্দ্র বহু বছর ধরেই ঢাকা। সাহিত্য চর্চায়ও ঢাকা এগিয়ে থাকছে এ কারণে। কিন্তু কিছু সুবিধাভোগী, দুর্বল চিন্তা ও লেখার মানুষ আটকে রাখতে চাইছে বাংলাদেশি সাহিত্যের সমস্ত সম্ভাবনাকে। এর সঙ্গে বলাবাহুল্য কিছু প্রতিষ্ঠানও আছে। এবারের বইমেলার সময় তাদের কার্যক্রম দেখে মনে হলো সবাই যেন একজোট হয়েছে। কলকাতার সাহিত্যকে বাংলাদেশের ওপর চাপিয়ে দেবেই।

এখন কথা হলো, বাংলাদেশের সাহিত্য কেন দুর্বল বা এখান লেখক নেই কেন বলা হচ্ছে? আর কোনো দেশের বিষয়ে বলা হচ্ছে না কেন? ইংরেজি সাহিত্য, মান্দারিন সাহিত্য, পর্তুগিজ সাহিত্যের ক্ষেত্রে এসব আলাপ ওঠে না কেন? এখানে লেখক নেই কথাটার অন্তর্নিহিত বক্তব্য হচ্ছে কলকাতার লেখকরা ভালো। তা তারা যদি ভালো লেখক হয়ও, দুই দেশের সঙ্গে কেন তুলনা করতে হবে? নিশ্চয় এর ভেতরে কোনো উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য হলো, একুশে বইমেলায় কলকাতার বই আনা। শুধু বইমেলা কেন, তাদের উদ্দেশ্য কলকাতার বইয়ে সয়লাব করে ফেলা বাংলাদেশের সমস্ত লাইব্রেরি।  

তারপরও যদি তুলনা করতে হয়, সেটা এক কথায় বলার মতো বিষয় না। এখানে বিস্তর পর্যালোচনার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের সাহিত্য দুর্বল না সবল তা নিয়ে আলোচনাটা কোথায় হয়েছে? কোথাও না। আলোচনা করলে বুঝা যেত, বাংলাদেশের সাহিত্যই সবল। সেই সৈয়দ ওয়ালিউল্লাহর সময় থেকে তা সবল। কারণ বাংলাদেশ শুধু একটা মুক্তিযুদ্ধের ভেতর দিয়েই যায়নি, বরং এখানে রাজনৈতিক, সামাজিক, বুদ্ধিবিৃত্তিক ঘাত-প্রতিঘাত এতটা ক্রিয়াশীল যে সাহিত্য ভালো হতেই হবে। এটা রসয়ানের মতো ঘটনা। যে কারণে আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’, শওকত আলীর ‘প্রদোষে প্রাকৃতজন’র মতো বিশাল উপন্যাস কলকাতায় লেখা সম্ভব না।

কলকাতার ষাটের দশকের বাম রাজনীতিকে উপজীব্য করে গড়ে ওঠা সাহিত্যের ভোক্তা শ্রেণি ছিল আমাদের মধ্যবিত্ত, শিক্ষিত সমাজ। তারা বরাবরই নিজের দেশের লেখালেখিকে মূল ভাবতে পারে নাই। যে সংকটে নিপতিত হয়েছে মধ্যবিত্ত। রাজনৈতিকভাবে তারা সব ক্ষমতা হারিয়েছে। সাংস্কৃতিক পরিবেশ নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে যখন নিজেদের প্রয়োজনেই আমাদের নিজেদের সাহিত্য বিষয়ে আরো মনযোগী হওয়ার কথা, সেখানে উল্টোরথ চালু হয়েছে আবার।  এর বিরুদ্ধে সচেতন মহলের সর্বোচ্চ সক্রিয়তা দেখাতে হবে। না হলে ভুয়া নির্বাচনের মতো করে ভারত আমাদের চিন্তা রাজ্যকেও ফাঁপা করে দেবে। 

 
 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন