বাংলা ভাষায় একটি প্রবাদ আছে যত গর্জে তত বর্ষে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সবশেষ বক্তব্য বা অবস্থানের পর এ প্রবাদটির যথার্থতা খুজতে শুরু করেছে মানুষ।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুরান ঢাকার মৌলভীবাজারে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না। বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে পণ্যের সরবরাহ নিশ্চিত করা দরকার। তাই কোনো মিল থেকে যদি পণ্যের সরবরাহ কমিয়ে দেওয়া হয়, তাহলে সেই মিলে অভিযান পরিচালনা করা হবে। সরবরাহ–সংকটের কারণে বাজারে অভিযান হবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোনো বাজারে অভিযান পরিচালনা করতে গেলে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে রাখবে। রাজধানীর ভোগ্য পণ্য সরবরাহের প্রধান কেন্দ্র বা মোকাম মৌলভীবাজারের ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রীর হঠাৎ সুর বদলে মানুষের মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তরুণ প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের জন্য মন্ত্রিসভায় জায়গা পাওয়াটা কতটা বিস্ময়ের ছিল তা জানা যায়নি, তবে গত তিন/চার সরকারে প্রভাবশালী রাজনীতিবিদরা এ মন্ত্রণালয়ের মন্ত্রী থাকায় ধারণা করা হয়েছিল এবারও হয়তো তেমনটা হবে। কিন্তু তা হয়নি, এমনকি এ মন্ত্রণালয়টিতে কোন মন্ত্রীও দেয়া হয়নি, দেয়া হয়েছে একজন প্রতিমন্ত্রী।
আহসানুল ইসলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকেই সিন্ডিকেট বিরোধী নানা বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। ছয় মাসের মধ্যে দেশে সিন্ডিকেট বলে কিছু থাকবে না বলেও জানিয়েছিলেন তিনি। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে শুল্ক মওকুফসহ কিছু পণ্য ভারত থেকে আমদানি করতে ত্বড়িৎ কিছু পদক্ষেপ নেয়াও হয়। কিন্তু বাজারে এর কোন প্রভাব নেই। পেয়াজের ভর মৌসুমেও এর দাম কেজি ১শ থেকে ১৩০ টাকা।
এরমধ্যে রমজান মাস সমাগত। আর এটা সবাই জানেন, রোজার মাস মানে বাংলাদেশের একশ্রেণির ব্যবসায়ীর কাছে যেমন খুশি তেমন আয় করো। রাতারাতি অনেক পণ্যের দাম বেড়ে কখনো কখনো দুই বা তিনগুণও হয়ে যায়। যে সময় সরকারের পক্ষ থেকে ব্যবসায়দের শক্ত বার্তা দেয়া প্রয়োজন ছিল, সে সময় বাণিজ্য প্রতিমন্ত্রী কেন পিছু হটলেন? এ প্রশ্ন সবার।
অনুষ্ঠানে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বসির উদ্দিন বলেন, ‘মৌলভীবাজারের কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আমাদের জানাবেন। অভিযান করতে হলে আমাদের সঙ্গে নেবেন।’ তিনি আরও বলেন, অযথা ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না। ব্যবসায়ীরা এমনিতেই নানামুখী চাপে আছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমি সবখানে বলেছি, এখানেও বলছি পুলিশ দিয়ে অভিযান করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। তবে আমদানিকারক বা ব্যবসায়ী অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রমজানসহ পুরো বছরই বাজারের ওপর তীক্ষ্ণ নজর রাখা হবে।’ তিনি জানান, ‘কোনো মিল যদি পণ্যের সরবরাহ কমিয়ে দেয়, তাহলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সেখানে অভিযান করা হবে। আমদানিকারক বা ব্যবসায়ী যত বড় হোক না কেন, অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। সরবরাহের সংকটের কারণে বাজারের দোকানে কোনো অভিযান করা হবে না।’
প্রতিমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বক্তব্য রাখেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে বিশেষভাবে পরিচিতি পাওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ’বাজারে বাজারে গিয়ে ব্যবসায়ীদের পেছনে দৌড়ানো আমাদের কাজ নয়। বাজার স্থিতিশীল থাকলে আমাদের কাজও কমে যায়।’
বাণিজ্য প্রতিমন্ত্রী আর ভোক্তা অধিকারের এমন ইউ টার্ন দেশের সাধারণ মানুষের জন্য সুখবর নয়, এটা বরং মুনাফাবাজ ব্যবসায়ীদের জন্য স্বস্তির বিষয়। তারা নির্দ্বিধায়, নিজেদের মত করে ব্যবসা পরিচালনা করতে পারবেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবেন। পণ্যমূল্যে সততা দেখানোর বিষযে দেশের ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রীর আস্থা থাকতে পারে, কিন্তু দেশের মানুষের তাদের ওপর না আছে আস্থা না আছে বিশ্বাস।
’দাগ থেকে যদি ভাল কিছু হয়, তাহলে তো দাগই ভাল; বিজ্ঞাপনের এ ভাষার মত করে বলা য্য়, সরকার আর ব্যবসায়ীদের মতৈক্যে যদি ভাল কিছু হয় তবে তো মতৈক্যই ভাল। তবে এ ধরণের মতৈক্যে রোজার মাসে ‘ভাল’ কিছু হবে এমনটা আশা করার মত নির্বোধ নয় মানুষ।
