রাজনৈতিক কারনে আমাদের দেশের বিভিন্ন মহান অর্জনকে বায়বীয় চেতনা এবং মূল চেতনার একেবারে বিপরীত করে ফেলা হয়েছে। এর একটা বড় উদাহরণ ভাষা আন্দোলন। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো গান গেয়ে একধরনের মাখো মাখো আবেগ দিয়ে একে বায়বীয় করা এবং বাংলাই সকল ভাষার সেরা এই বলে ভাষা আন্দোলনের মূল চেতনার সম্পূর্ন বিপরীত উগ্রতা ছড়ানো হয়।
ভাষা আন্দোলন একটা রাজনৈতিক আন্দোলন ছিলো। ব্রিটিশদের তাড়িয়ে নতুন একটা দেশ পেলেও বাংগালী দেখলো যে, সেই দেশে তাঁদেরকে উপনিবেশের মতোই দেখা হচ্ছে। এর আগে দুইশতো বছর এই অঞ্চলের কৃষকেরা ইংরেজ ও জমিদারদের হাতে নিস্পেশিত হয়েছে। সেইসব মানুষের স্বপ্ন ছিলো নতুন দেশে তাঁদের অবস্থার পরিবর্তন হবে। শিক্ষিত হয়ে অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাবে।
ফলত, নিজের ভাষা রাষ্ট্রভাষার অধিকার থেকে বঞ্চিত হতে পারে এই ক্ষোভে বাংগালী খেপে উঠে। এই খেপে উঠাটা নিজেদের অধিকার আদায়ের জন্য। এর সঙ্গে একেবারেই বাস্তব চাওয়া ও আশা আকাঙ্ক্ষা জড়িত। এই রাজনৈতিক আন্দোলন কোন রোমান্টিক বিষয় ছিলো না। দীর্ঘদিন শোষিত থাকা মানুষের সংগ্রামের অংশ এই আন্দোলন।
এবং, এই আন্দোলন কোন নির্দিষ্ট দিনে বা এমনকি নির্দিষ্ট ঘটনায় সীমাবদ্ধ না। ভাষার আন্দোলন তো কেবল রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার নয়, বরং নিজের অধিকার সচেতন জনগোষ্ঠীর নাগরিক হয়ে উঠার একটা ধাপ।
যে কারনে দেখা যায় যে, মাতৃভাষার প্রতিষ্ঠার অধিকারের পর এই অঞ্চলের মানুষ নিজেদের হিস্যা বুঝে পেতে চেয়েছে। শিক্ষার অধিকারে আন্দোলন করেছে, চাকরিবাকরির অধিকার চেয়েছে, এরপর দাবী করেছে স্বাধীকারের। আত্মসম্মানের। সেই থেকেই সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধ। এবং, মুক্তিযুদ্ধও কোন বায়বীয় চেতনার ব্যাপার নয়। এক লুটেরা থেকে আরেক লুটেরা দ্বারা শোষিত হবে এই অবস্থা সেই লড়াইয়ের পুরো বিপরীত।
ফলে, যারা মনে করে ভাষার লড়াই শেষ হয়ে গেছে এরা হয় গণশত্রু না হয় বোকা। স্বাধীকারের লড়াই, গণতন্ত্রের লড়াই, মতপ্রকাশের লড়াই এগুলো চলমান প্রক্রিয়া। আমরা দেখেছি, এই দেশে সেগুলো বেহাত হয়ে গেছে। ফলে, মাতৃভাষার অধিকারের যেই লড়াই সেদিন আমাদের উদ্দীপ্ত করেছিলো তা এখনো চলমান। আমাদের মত প্রকাশের অধিকার আদায় করতে হবে। ভোটের অধিকার আদায় করতে হবে। আমাদের আদায় করতে হবে গণতন্ত্র, যাতে সকল মত আর পথের অধিকার থাকবে।
বাংলাদেশ ভাষাবৈচিত্র্যর দেশ। যদিও দেশের ৯৯ ভাগ লোক বাংলায় কথা বলে, কিন্তু, এর বাইরে গোটা চল্লিশেক ভাষা এই দেশের বহু মানুষের মাতৃভাষা। বায়বীয় চেতনায় বাংলার বিকাশের বদলে বাংলাকে আগ্রাসী রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে। অন্য ভাষার প্রতি তাচ্ছিল্য এবং ঘেন্না ছড়ানো হচ্ছে। এইসব ভাষাকে আমাদের সুরক্ষা করতে হবে। একটা রাষ্ট্র ততোটাই সুরক্ষিত, যতোটা এর সবচেয়ে বিপন্ন জনগোষ্ঠী সুরক্ষিত।
বাংলাকে এই রাজণীতির কবল থেকে মুক্ত করা দরকার। একে আরো বেশী কার্যকরী, আরো যুগোপযোগী করতে হবে। বাণিজ্য, প্রযুক্তি, বিজ্ঞান, আইন ইত্যাদির ভাষা হিসেবে বাংলাকে সমৃদ্ধ করতে হবে। শুধু মাতৃভাষার সস্তা আবেগ দিয়ে বাংলা টিকে থাকতে পারবে না।
একুশে ফেব্রুয়ারীর যে আন্দোলন তা এখনো চলমান। এই লড়াই আমাদের মতপ্রকাশের অধিকার আদায়ের, নিজের ভাষাকে একই সাথে সমৃদ্ধি করা এবং অন্য ভাষার উপর আধিপত্যর হাতিয়ার হিসেবে ব্যাবহার রোধ করার লড়াই।
