জার্মানিতে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে দলটির কেন্দ্রীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্ঠে ছিল আবেগ আর আক্ষেপ। তিনি বলেছেন, ১৯৭৫-এর পর এবারই (৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কোথাও এতটুকুও খুঁত পায়নি। আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘যদি মানুষের আস্থা-বিশ্বাস ভালোবাসা অর্জন করতে না পারতাম, তাহলে টানা চারবার নির্বাচিত হতে পারতাম না। মানুষ আমাদের উন্নয়নের সুফল পাচ্ছে বলেই ভোট দিয়েছে। মানুষ যদি ভোট দেয়, সেটা কি আমাদের দোষ?’
১৮ ফেব্রুয়ারি জার্মান সফরের শেষ দিন আওয়ামী লীগের নেতাকর্মীসহ প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, এবারও নির্বাচনের আগে বিএনপি খেলতে চেয়েছিল। আর তাদের সঙ্গে কিছু মুরব্বিও ছিল। যারা উসকানি দেন। কিন্তু সে খেলায় এবার সফল হতে পারে নাই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।
তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচন করবে কী? ২০০৮সালে পেয়েছিল ৩০টা সিট। এরপর থেকে এরা নির্বাচন বিমুখ। আওয়ামী লীগ নিজেদের পায়ে দাঁড়িয়ে অনেক ঘাত-প্রতিঘাত মোকাবিলার মাধ্যমেই রাজনীতি করে। ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসে।’
৭ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরও আওয়ামী লীগের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি। তারা এ নির্বাচনটাকে ‘হালাল’ করার জন্য কতই না চেষ্টা করছে। কিন্তু আওয়ামী লীগ কেন ৭ই জানুয়ারির নির্বাচনকে গ্রহণযোগ্য করতে এত কষ্ট করছে? এমন তো আর নয় যে, তারা আর ভুয়া ও ভোটারবিহীন নির্বাচন করেনি। ২০০৮ সালে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের চলমান শাসনের সূচণা হয়েছিল সে নির্বাচনটা দৃশ্যত: সুষ্ঠু ও অবাধ হলেও ওই নির্বাচনটা ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনার একটা পূর্বপরিকল্পিত নাটকের মঞ্চায়ন। ফখরুদ্দিন-মইনউদ্দিন সরকারের সব কাজকে বৈধতা দেয়ার ব্ল্যাংক চেক দিয়েছিলেন শেখ হাসিনা। বিনিময়ে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পথ তৈরি করে দিয়েছিল সরকার।
এরপর ২০১৪ সালের জানুয়ারির তথাকথিত নির্বাচন খেলার নামে বিনাভোটেই সরকার গঠন করে ফেলেছিল আওয়ামী লীগ, ২০১৮ সালের ডিসেম্বরে দেশে কর্তৃত্বপূর্ণ একটি নির্বাচন হয়। ওই নির্বাচনের পর শেখ হাসিনা পূর্ণ কর্তৃত্ববাদী শাসকে পরিণত হন। ২০২৪ সালের নির্বাচনটা ছিল শেখ হাসিনার মস্তিষ্কজাত ভিন্নধারার নির্বাচনের সর্বশেষ সংষ্করন। আর শেখ হাসিনার আবিষ্কৃত এই নির্বাচনের ধারা হচ্ছে নির্বাচন হবে কিন্তু ভোট হবে না।
দেশে ২০১৪ সাল থেকে তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু এর কোনটিতেই মানুষের ভোট দেয়ার দরকার পড়েনি। মানুষকে ভোট দিতে দেয়া হয়নি। কোন রকম নির্বাচন ছাড়াই ১৫৩ আসন জিতে যাওয়া। শতকরা ৫ ভাগেরও কম মানুষের ভোট দেয়াকে ৪০-৫০ শতাংশ দেখানো আর আমি ও ডামি প্রার্থীর নির্বাচন হয়েছে, মানুষ তো ভোট দিতেই যায়নি বা যেতে দেয়া হয়নি। সেখানে শেখ হাসিনা যখন বলেন, দেশের মানুষ যদি ভোট দেয় তাহলে সে দোষ কি আওয়ামী লীগের? তখন তা মানুষের মধ্যে শুধু দু:খই বাড়ায় না, হাসিরও সৃষ্টি করে। মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার পর মানুষের রায় নিয়ে এমন রসিকতা, এমন ঠাট্টা!
আওয়ামী লীগ সভাপতি ধরেই নিয়েছেন তাদের পতন নেই, সেজন্যই জনগণকে নিয়ে এমন ঠাট্টা তিনি করতে পারেন। মানুষ ভোট দিলে আওয়ামী লীগের দোষ হবে কেন? কিন্তু মানুষ তো ভোটই দেয়নি, তাদেরকে তো ভোট দিতেই দেয়া হয়নি। তারপরও আপনি যেহেতু বলেছেন, মানুষ ভোট দিলে তা কি আওয়ামী লীগের দোষ? তাই আপনাকে বলি, না এটা আওয়ামী লীগের দোষ না, এটা দেশের মানুষের ভাগ্যেরই দোষ। ভোট না দিয়েও তাদেরকে ভোট দেয়ার জন্য ধন্যবাদ পেতে হচ্ছে। জনগণের সরকার না হয়েও আওয়ামী লীগ সরকার নিজেদের জনগণের সরকার বলে দাবি করছে। এসব দেশের মানুষের কপালের দোষেই হচ্ছে।
