Logo
Logo
×

অভিমত

নাভালনির মৃত্য, রাশিয়ায় গণতন্ত্রের স্বপ্নের সমাধি নয় তো?

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৪ এএম




নাভালনির মৃত্য, রাশিয়ায় গণতন্ত্রের স্বপ্নের সমাধি নয় তো?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি (৪৭) মারা গেছেন। কারাগারে তাঁর মৃত্যু হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাইবেরিয়ার একটি কারাগারে বন্দি নাভালনি হাঁটাহাঁটির পর অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাঁকে ফেরানোর সব চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি।

নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাঁকে। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দী ছিলেন।  মৃত্যু তাকে কারামুক্ত করলেও রাশিয়াকে স্বৈরতন্ত্র ও একনায়কতন্ত্র থেকে মুক্ত করার যে স্বপ্ন নাভালনি দেখেছিলেন তার ‍মৃত্যুতে রাশিয়ার গণতন্ত্রের সেই স্বপ্নের সমাধি ঘটলো কি না সেটাই বড় প্রশ্ন।

নাভালনিতে হত্যার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছিল।  বিষপ্রয়োগে হত্যা চেষ্টার পর চিকিৎসার জন্য তাকে জার্মানি নেয়া হয়।  ২০২০ সালের আগস্টে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। সে সময় সাইবেরিয়া থেকে আকাশপথে মস্কো যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন নাভালনি। তাঁকে মস্কো শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে জার্মানিতে নেওয়া হয় চিকিৎসার জন্য। পরে জার্মান সরকার জানায়, নাভালনির ওপর নোভিচক গ্রুপের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল।

চিকিৎসা শেষে দেশে ফেরার পর ২০২১ সালের ১৭ জানুয়ারি তাকে গ্রেফতার করে রুশ কর্তৃপক্ষ।  নাভালনির দেশে ফেরার খবরে বিমান বন্দরে জড়ো হয়েছিলেন তার হাজারো সমর্থক। কিন্তু তার গ্রেফতারকে নিষ্কন্টক করতে বিমানবন্দরে নামার আগেই তাকে বহনকারী বিমানটির পথ পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় অন্য একটি বিমানবন্দরে।।সেখানে ইমিগ্রেশনে পুলিশ আটক করে নিয়ে যায় এই নেতাকে। এরপর কারাগারে আটকাবস্থায় তাকে একাধিক মামলায় দণ্ডিত করা হয়। আর শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হলো কারাবন্দি অবস্থায়।

নাভালনির মৃত্যুর বিষয়টি সারা বিশ্বে আলোড়ণ তুলেছে। প্রেসিডেন্ট পুতিন বর্তমান বিশ্বের কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠীর শীর্ষ ব্যক্তি। ২০০০ সাল থেকে তিনি দেশটির শাসন ক্ষমতায়।  তার শাসনামলে রাশিয়া বৈশ্বিক রাজনীতিতে ফের কিছুটা গুরুত্ব ফিরে পেলেও, রাশিয়ার জনগণই তার কাছে হয়ে পড়েছে সবচে’ কম গুরুত্বপূর্ণ। সাজানো নির্বাচনের মাধ্যমে তিনি বার বার রাশিয়ার ক্ষমতার জবর দখল ধরে রেখেছেন। সুবিশাল রাষ্ট্র রাশিয়ায় রাজনৈতিক আন্দোলন দানা বাধানো প্রায় অসম্ভব। সেই অসম্ভব কাজটিকে সম্ভব করেছিলেন আলেক্সিই নাভালনি।

নাভালনি ভ্লাদিমির পুতিনের অধীনে প্রেসিডেন্ট ব্যবস্থাকে "রাশিয়ার রক্তকে চুষে খাওয়ার" সঙ্গে তুলনা করেছিলেন।। পুতিনের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচন করার কথা ছিল ক্যারিশম্যাটিক এই নেতার ২০১৮ সালে । এ জন্য নির্বাচনী প্রচার শিবিরও খুলেছিলেন। তবে তাকে সেবার নির্বাচনী করতে দেওয়া হয়নি।

নাভালনির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে পরিণতি ভোগ করতে হবে।   জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, রাশিয়া এর জন্য দায়ী।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নাভালনিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হত্যা করেছেন। জেলেনস্কি বলেন, নির্যাতনের শিকার হাজার হাজার মানুষের মতো নাভালনিও পুতিনের হাতে নিহত হয়েছেন। এর জন্য পুতিনকে জবাবদিহি করতে হবে।

কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী রাজনৈতিক প্রতিপক্ষের জন্য যে কতটা ভয়ঙ্কর তার সবশেষ উদাহরণ হচ্ছেন রাশিয়ার নেতা নাভালনি।  বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের কোন নেতা কোথাও নিরাপদ নন, আইনের অপপ্রয়োগ, প্রশাসন আর পুলিশি নির্যাতনের মাধ্যমে বিরোধী রাজনীতিবিদদের দমনপীড়ন এখন কর্তৃত্ববাদী শাসনের দেশগুলোর সাধারণ চিত্র। তাই গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে, গণতন্ত্রকে নিরাপদ করতে, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে তাই দেশ-বিদেশের গণতান্ত্রিক নেতাদের নিজেদের নিরাপত্তার বিষয়ে অবশ্যই অধিকতর সতর্ক ও যত্নবান হতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন