শেখ হাসিনাকে সুশীল সমাজ স্বৈরাচার আখ্যা দেয় না কেন
আহমেদ খিজির
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ এএম
১৪ই ফেব্রুয়ারি, ১৯৮৩। বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। সেদিন এরশাদ সরকারের শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার বাহিনীর গুলিতে নিহত হয় জয়নাল, জাফর, দিপালী, কাঞ্চনরা। এরপরে আরো সাত বছর এরশাদ ক্ষমতায় থাকলেও ছাত্র-জনতার প্রবল আন্দোলনের চাপ তাকে মোকাবিলা করতে হয়।
আর প্রতিটা আন্দোলনের যে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সুশীল সমাজ তথা শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, চিন্তাবিদ ইত্যাদিসহ সংবাদমাধ্যম ছিল স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সোচ্চার। কবিরা কবিতা লিখতেন, শিল্পীরা প্রতিবাদী গান গাইতেন, ব্যঙ্গচিত্র আর কার্টুনে ছেয়ে থাকত সংবাদপত্রগুলো।
আর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরশাদ ছিলেন অবাঞ্ছিত। ছাত্ররা দৃঢ়ভাবে ওই সামরিক শাসককে প্রত্যাখ্যান করেছিলেন। তার গায়ে সেটে দিয়েছিল বিশ্ব বেহায়া ট্যাগ। অথচ দীপালী-কাঞ্চনদের প্রতিবাদের চার দশক পরে দেশের বুকে জগদ্দল পাথরের মতো আরো বড় স্বৈরাচার গেড়ে বসলেও সুশীল সমাজের সেই পর্যায়ের প্রতিবাদ নেই। গান নেই, কবিতা নেই, কার্টুন নেই। সংবাদমাধ্যম ধরি মাছ না ছুঁই পানি। এমনকি ক্ষেত্রবিশেষে এই গণবিরোধী শক্তির পদলেহনে ব্যস্ত।
একের পর এক নির্বাচনে কারসাজি, দেশের সমস্ত প্রতিষ্ঠান ধসিয়ে দেয়া, সীমাহীন দুর্নীতি, বিরোধীদের নির্মম দমন এবং ভয়ের পুলিশি রাজ কায়েমের পরও শেখ হাসিনাকে কেউ জোরেশোরে স্বৈরাচার বলতে শোনা যায় না উপর্যুক্ত শ্রেণি থেকে, যারা গণআন্দোলনে জ্বালানি সরবরাহ করেন।
যুগ পাল্টেছে। এখনকার দিনে প্রযুক্তির ব্যবহারে শাসকেরা আরো নির্মম হয়েছে। আন্দোলন হয়েছে কঠিনতর। তবে সেই প্রযুক্তি ব্যবহার করে জনতাও হতে পারে এককাট্টা। কিন্তু এ পরিবর্তনের পরও, মাঠের দৃঢ় আন্দোলনকে জমাতে দরকার ভীত। ইটের ভেতর সিমেন্টের মতো দেশের বুদ্ধিজীবী আর সুশীল সমাজ সেই কাজটা করে যান। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সিমেন্ট না থাকলে ইটের গাঁথুনি যেমন শক্ত হয় না, সমগ্র জনতার বিক্ষোভ দানা বেঁধে ফুঁসে ওঠে না, যদি না এর পেছনে বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক শক্ত ভিত্তি না থাকে।
প্রশ্ন হচ্ছে, সেকালের বুদ্ধিজীবীদের কি হলো? কবির সুমনের গানের ভাষায় বলা যায়- ‘আজকে যে প্রতিবাদী কণ্ঠ/সর্বংসহা হবে কাল সে/সয়ে যাবে অসহ্য চশমা/চল্লিশ পেরোলেই চালশে’। সেকালের তরুণ বুদ্ধিজীবীরা আজ জরাগ্রস্ত। শরীরের চেয়ে মনের জরা বেশি কাবু করেছে তাদের। বহু আগেই চালশে আক্রান্ত মানুষগুলো নানা স্বার্থের সমীকরণ মেলাতে ব্যস্ত। এ বুড়োদের থেকে দুর্ভাগ্যজনকভাবে, আর গণআন্দোলনের জ্বালানি পাওয়া যাবে না।
তাহলে কী করতে হবে? তরুণদের সেই স্থান নিতে হবে। বুদ্ধিজীবিতা আর চিন্তায়, সৃষ্টিকর্মে বিদ্রোহ করতে হবে। নতুন ধরনের সংবাদমাধ্যম স্থাপন করে, ক্ষয়ে যাওয়া, আপস করা পুরোনোদের বাতিল করতে হবে। কাজটা বড় কঠিন। এর জন্য দরকার বিপুল সাধনা, দৃঢ়তা। আর এর সঙ্গে অত্যন্ত জরুরি রাজনৈতিক সমর্থন এবং সুরক্ষা। মনে রাখতে হবে, এই তরুণরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে, রাজনীতিকে সুস্থ করতেই এক প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়বে। সেখানে কেবল শাসকের রক্তচক্ষু আর আগ্রাসন নয়, মোকাবিলা করতে হবে প্রতিষ্ঠিত বুদ্ধিজীবিতা আর বয়ানেরও। শক্তিশালী রাজনৈতিক দলের সমর্থন বাদে এটা অসম্ভব।
দীপালী কাঞ্চনদের আত্মত্যাগের দিনে আমরা আবার আশা রাখি, এই মেলবন্ধনটা ঘটুক। মানুষ মুক্তি পাক।
