Logo
Logo
×

অভিমত

‌'নিজের বাড়িতে অন্য কেউ তালা মারলে কেমন লাগে?'

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০ এএম

‌'নিজের বাড়িতে অন্য কেউ তালা মারলে কেমন লাগে?'

’নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে, তখন কেমন লাগার কথা আপনারাই বলেন। তাহলে দেশে আইন–আদালত আছে কিসের জন্য?’ কথাগুলো বাংলাদেশের একমাত্র নোবেল পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের। গ্রামীণ টেলিকমসহ আটটি প্রতিষ্ঠান বেদখল হওয়ার কথা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে  এ কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। আবেগাপ্লুত মুহাম্মদ ইউনূস বলেন, জীবনে বহু দুর্যোগ দেখেছেন। কিন্তু এমন দুর্যোগ আগে কখনো দেখেননি।

রাজধানীর মিরপুর ১ নম্বরে চিড়িয়াখানা সড়কে গ্রামীণ টেলিকম ভবনের নিচতলায় বৃহস্পতিবার  সংবাদ সম্মেলনে ড. ইউনূস আরও বলেন, ‘আমরা ভয়ংকর পরিস্থিতিতে আছি। কারণ, আমাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল হয়ে গেছে। ‘ গত ১২ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংক ওই প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনার তিন দিনের মাথায়  বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন ড. ইউনূস। তিনি বলেন, বাইরের লোকজন এসে কয়েকটি প্রতিষ্ঠান জবরদখল করে ফেলল। আমরা তাদের কাছে বাইরের লোক হয়ে গেলাম। তারা তাদের মতো করে প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করছে। আমরা বুঝতে পারছিলাম না কী হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে ড. ইউনূস বলেন, ‘হঠাৎ করে বাইরের লোক এসে বলবে, এটা আমাদের ঘর। এভাবে একটা দেশ চলে কীভাবে? আমাদের বিরুদ্ধে সকাল থেকে ঝাড়ুমিছিল হচ্ছে। কেন হচ্ছে তা বুঝতে পারছি না। আমরা নিজের বাড়িতেই আছি। দেশের মানুষের মঙ্গলের জন্য এসব প্রতিষ্ঠান কাজ করছে। নার্সিং কলেজ হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে। আমরা মানুষকে সেবা দিচ্ছি। প্রতিষ্ঠান যখন সফল, তখন বাইরের কিছু লোক এসে বলছে, আপনারা বের হয়ে যান। তখন আমরা কিছু বুঝতে পারি না। পুলিশকে বলেও লাভ হয়নি। এ জন্য দেশবাসীর কাছে ফরিয়াদ জানাচ্ছি। আমরা কার কাছে যাব। তাই গণমাধ্যমের দ্বারস্থ হয়েছি।’
এ কথা কারোই উপলব্ধির বাইরে নয় যে, ড. ইউনূসকে নানাভাবে অপদস্ত করা হচ্ছে। একটি মামলায় এরইমধ্যে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গ্রামীণ টেলিকম ভবন দখল নেয়াই শুধু নয়, তাকে ভীতসন্ত্রস্ত করতে বৃহষ্পতিবার সকাল সাতটার দিকে কিছু যুবক গ্রামীণ টেলিকম ভবনের সামনে এসে জড়ো হন। ওই যুবকেরা বেলা সাড়ে ১১টা পর্যন্ত গ্রামীণ টেলিকম ভবনের সামনে চেয়ারে বসে থাকেন। আবার কেউ মিছিল করেন। 

শুধু ভয়ভীতি দেখানোই নয়, তাকে নাজেহাল করতে ভবনের সামনে কয়েকশ নারী-পুরুষ অবস্থান নেন। তারা ঝাড়ু হাতে নিয়ে ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 

ড. ইউনূসের সংবাদ সম্মেলনের খবর শুনে বৃহস্পতিবার সকাল থেকে শাহ আলী থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ

নেতাকর্মী গ্রামীণ টেলিকম ভবনের সামনে অবস্থান নেন। তারা ড. ইউনূসকে প্রতিহতের ঘোষণা দেন। ড. ইউনূস যাতে কোনোভাবে গ্রামীণ টেলিকমে ঢুকতে না পারেন, এ জন্য তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় অনেকের হাতে ঝাড়ু ছিল। 
ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। আজ তার প্রতিষ্ঠিত বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটিকে তার বিরুদ্ধে লাগিয়ে দেয়া হয়েছে। যে গ্রামীন ব্যাংক দরিদ্র নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছে, আজ তেমন একদল নারীকে ভাড়ায় এনে তার বিরুদ্ধে ঝাড়ুসহ মিছিল করানো হচ্ছে!

ড. ইউনূসকে বর্তমান সরকারের পছন্দ নয়, তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেয়ার মাধ্যমে যে প্রতিহিংসা চরিতার্থ করতে শুরু করেছে সরকার, তা এখন গিয়ে ঠেকেছে তার প্রতিষ্ঠিত অন্যান্য প্রতিষ্ঠান দখলে, ড. ইউনূসের বিরুদ্ধে মাস্তান লেলিয়ে দিয়ে দরিদ্র নারীদের দিয়ে ঝাড়ু মিছিলের মধ্যে।

ড. মুহাম্মদ ইউনূস আবেগতাড়িত কন্ঠে বলেছেন, তার ঘর দখল হয়ে গেছে।  শুধু কি ঘর দখল হয়ে গেছে? তার মানসম্মানকে লুন্ঠন করার চেষ্টাও কি নয় দুর্বৃত্তদের এমন দথল আর মাস্তানি করার বিষয়টি? দেশের মানুষের দুর্ভাগ্য যে এমন একটি পরিস্থিতিও দেখতে হলো বাংলাদেশকে।!

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন