Logo
Logo
×

অভিমত

ডামি নির্বাচন নিয়েও আওয়ামী লীগের অহংকার

Icon

সানজিদা আফরোজ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ এএম

ডামি নির্বাচন নিয়েও আওয়ামী লীগের অহংকার

ফাঁকা ভোটকেন্দ্র

৭ জানুয়ারির নির্বাচনের পর পার হয়েছে এক মাসেরও বেশি সময়। আওয়ামী লীগ ফের সরকার গঠন করেছে তাও এক মাস পার হয়েছে, মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই, সরকারের ব্যাপারেও মানুষের আগ্রহ কম, কিন্তু ডামি নির্বাচন নিয়ে এক ধরনের সুখে মোহাচ্ছন্ন সরকার। তারা সুখস্মৃতি চর্বনে ব্যস্ত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ভোটারবিহীন, প্রার্থীবিহীনও বলা যায়। কেননা এবারের নির্বাচনটা ‘আমি’ আর ‘ডামি’র নির্বাচন। অথচ এই নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে তৃপ্তি সহকারে কতই না ব্যাখ্যা দেওয়া হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে। 

আওয়ামী লীগ একটি প্রোপাগান্ডা নির্ভর দল। তারা কোনো বিষয়কে প্রতিষ্ঠিত করতে চাইলে একযোগে সে বিষয়ে শোরগোল তোলে। ৭ জানুয়ারির তথাকথিত নির্বাচনের ব্যাপারেও একই কৌশল আওয়ামী লীগের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৮১টা সংস্কার প্রস্তাব কার্যকর করে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছি। নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সে ব্যবস্থা করেছি। এই সাহস আওয়ামী লীগেরই আছে। যার কারণে নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।’ ১০ ফেব্রুয়ারি দলের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

এ  নির্বাচন নিয়ে কোন সমালোচনাই সহ্য করতে রাজি নয় সরকার। সমালোচকদের একহাত দেখিয়ে তিনি বলেছেন, কিছু দেশীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে বলা হচ্ছে, নির্বাচন হয়েছে ঠিক, কিন্তু অবাধ ও সুষ্ঠু হয়নি। তাদের দেখাতে হবে কোথায় অবাধ-সুষ্ঠু হয়নি?

এর আগে নিজ জেলা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ৭৫ সালের পর থেকে যত নির্বাচন আমরা দেখেছি, তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল, অবাধ, নিরপেক্ষ এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  তিনি বলেন, এ নির্বাচনের বিএনপি অংশ না নেওয়ায় কিছু যায়-আসেনি, ইতিহাসের পাতায় ৭ জানুয়ারির নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

শেখ হাসিনা বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে। প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন। এত দলের মধ্যে দুই-চারটা দল অংশগ্রহণ না করলে কিছু আসে যায় না।

এই প্রোপান্ডায় সামনের কাতারেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি বলেছেন, বিএনপি নির্বাচন বয়কটের পরও ৪১.৮ শতাংশ মানুষ ভোট দিয়েছে। ২৮টি দল অংশ নিয়েছে।  

বাংলাদেশের জনগণ সম্ভবত ইতিহাসের সবচে’ অসহায়তম অধ্যায় পার করছে। তারা ভোট দেননি অথচ সরকার বলছে জনগণ নাকি ভোট দিয়েছে।  জনগণের মুখোমুখি হতে ভয় পাওয়া দল আওয়ামী লীগ দাবি করছে, জনগণই নাকি তাদেরকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় এনেছে।

বাংলাদেশের মানুষের মনে হয় না আওয়ামী লীগ বা তাদের সরকারকে নিয়ে বিশেষ কোনো ভাবনা আছে। তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে ক্ষমতার জবরদখল ধরে রাখা আওয়ামী লীগকে আপাতদৃষ্টিতে অজেয়ই মনে হচ্ছে। সেই আওয়ামী লীগ কেন অকারণে জনগণের দোহাই দিচ্ছে? যে ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ আতংকে ছিল যেন ৩শ’ আসনই তাদের ঘরে না উঠিয়ে দেয় প্রশাসন। সেজন্য দলটির শক্ত কিছু নেতাকে স্বতন্ত্র সাজিয়ে মাঠে নামিয়ে প্রতিযোগিতামূলক নির্বাচন সাজানোর চেষ্টা করে যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে শুধু প্রশ্নবিদ্ধই নয় হাস্যকরও করেছে। সেই প্রশ্নবিদ্ধ, কিতর্তিক ও হাস্যকর নির্বাচন নিয়েই আওয়ামী লীগের এত অহংকার!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে ব্যঙ্গবিদ্রুপ করতে গিয়ে প্রায়ই বলেন, বিএনপির আন্দোলনের কথা শুনে ঘোড়া হাসে! ওবায়ুদল কাদেরের কাছে প্রশ্ন ৭ জানুয়ারির নির্বাচন ‘নির্বাচন’ হয়েছে আপনাদের এমন দাবি শুনে কারা হাসে তা কি আপনাদের অজানা?

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন