বইমেলা থেকে বিতাড়িত হয়েছেন আলোচিত দম্পতি খন্দকার মোশতাক ও তিশা। মোশতাক রাজধানীর একটু স্কুলের ম্যানেজিং কমিটির নেতা এবং তিশা ওই স্কুলেরই ছাত্রী। তাদের বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে দীর্ঘ সময় খবর প্রকাশিত হয়। তিশার বাবা মামলাও করেন। তবে শেষ পর্যন্ত তিশা খন্দকার মোশতাকের সঙ্গেই থাকেন। নিজেদের সুখী দাম্পত্য জীবনের ছবি প্রকাশ করতে থাকেন সামাজিক যোগযোগ মাধ্যমে। ফেসবুকে তারা নিয়মিত আলোচনার বিষয় হয়ে ওঠেন। বইমেলা আসার পর জানা যায় খন্দকার মোশতাক বইও লিখেছেন তাকে আর তিশাকে নিয়ে। এরপর তারা মেলায় ঘুরতে গেলে নিগ্রহের শিকার হন। তাদের বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হয়। মেলা থেকে তাড়িয়ে দেওয়া হয়।
অনেকে এ বিষয়ে বিভিন্ন হাইপোথিসিস দাঁড় করাচ্ছেন। কেউ কেউ বলছেন সমাজে যে অবদমতি যৌনতা আছে তার বহিঃপ্রকাশ ঘটেছে এর মধ্য দিয়ে। তিশাকে কী পরিমাণ দামি ফোন অলংকার, সুবিধা দিয়ে মোশতাক পটিয়েছেন, তা নিয়েও কথা উঠছে। কেউ কেউ আবার এও বলছেন, মোশতাক একজন মারত্মক অপরাধী। ওই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগসাজশে তিনি আরো মেয়ের সর্বনাশ করেছেন। জোর করে তিশাকে বিয়ে করেছেন। যার ফলে ক্ষুব্ধ জনতা তাদের তাড়িয়ে দিয়েছে।
কিন্তু আমার প্রশ্ন হলো তাড়াল কারা? তাদের নাম কি, পরিচয় কি? তারা কি ক্ষমতাধর নন?
বিরোধী দল বিএনপির ওপর সরকারের ক্র্যাকডাউন এখনো চলছে। ২৮ অক্টোবরের পর থেকে গ্রেপ্তার হাজার হাজার নেতাকর্মী, অনেকে ঘরছাড়া। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে না বছরের পর বছর। সেখানে নিরাপত্তা রক্ষীদের সহায়তায়, ভরা মেলায় কাদের এত সাহস হতে পারে মোশতাক-তিশাকে বের করে দেওয়ার। আমার মাথায় একটাই নাম এসেছে ছাত্রলীগ।
বুদ্ধিজীবীরা, তাত্ত্বিকরা নানা কারণ দাঁড় করাচ্ছেন। কিন্তু একটা বিষয় তারা এড়িয়ে যাচ্ছেন। সেটা হলো এক্সিকিউট করলো কারা ঘটনাটা। মুখ্য চরিত্রের পরিচয় কী? তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলের ছাত্র নন? যারা বাইরে থেকে আসা দম্পতিদের হেনস্থা করে, ছিনতাই করে, ব্যবসায়ীদের জিম্মি করে, চাঁদা তোলে। তাদের হাতের তালুতেই তো সোহরযাওয়ার্দী উদ্যান, যেখানে বইমেলা হচ্ছে। তাদের এখতিয়ারের বাইরে ওই এলাকায় কেউ হম্বিতম্বি করবে সেই সুযোগ কি আছে?
ঢাবির ছাত্র হয়েও বিরোধী মতের কেউ ক্যাম্পাসে থাকতে পারে না, হলে উঠতে পারে না। কিন্তু ছাত্রলীগ করলে অন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দাপিয়ে বেড়া পারছে ঢাবি ক্যাম্পাস। তাদেরই কেউ এই লিঞ্চিংয়ের বিরোচিত ভূমিকায় অবতীর্ন হন নাই, সেটা আমরা কীভাবে বুছঝব।
তাই আমার মত, এ ঘটনার তদন্ত জরুরি। একে সামাজিক রোগ হিসাবে না দেখে, এর পেছনে কারা ছিলেন তাদের খুঁজে বের করা হোক। ভিডিও ধরে খুঁজে বের করলেই পরিচয় পাওয়া যাবে।
