Logo
Logo
×

অভিমত

বন্দি ইমরানের নির্বাচনী কৌশল ও পাকিস্তানে জনতার জয়

Icon

ইয়াসির আরাফাত

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম

বন্দি ইমরানের নির্বাচনী কৌশল ও পাকিস্তানে জনতার জয়

ফটো : এপি

পাকিস্তানের জাতীয় নির্বাচনে চমক দেখালেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অভাবিত জয় পেয়েছেন তার সমর্থিত প্রার্থীরা। পাকিস্তানের এবারের নির্বাচন ছিল অনেকটা ’ইমরান খান বনাম অন্যান্য’। দেশটির অপর দু’ প্রধান রাজনৈতিক দল মুসলিম লীগ ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে গাটছড়া বাধা। ইমরানকে ক্ষমতাচ্যুত করার পর এ দু’দল মিলে দেশটিতে সরকার গঠন করে। মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হন। পররাষ্ট্রমন্ত্রী হন পিপিপির নেতা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজীর ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পুত্র বিলাওয়াল ভুট্টো।

পাকিস্তান তেহরিক ই ইনসাফ নির্বাচনে অংশ নিতে পারছে না বুঝতে পেরে ভিন্ন কৌশল নেন ইমরান খান। দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ময়দানে নামিয়ে দেন তিনি। বন্দি ইমরান নানাভাবে দলীয় নেতা-কর্মী, সমর্থিত প্রার্থী, সমর্থক সর্বোপরি পাকিস্তানের জনগণকে উদ্দীপ্ত করতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি সবার উদ্দেশ্যে বার্তা দিয়ে ভোট দেয়ার আহ্বান জানান, অনুরোধ করেন ভোট ও ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে।

দলীয় নেতা-কর্মী তো বটেই গোটা পাকিস্তানে সাধারণ মানুষ এ আহ্বানে উজ্জীবিত হন। তারা সকাল সকাল কেন্দ্রে এসে হাজির হন। ভোট দেয়ার পর গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত সেখানেই অবস্থান নেন তারা। ফলাফল ঘোষণায় কৌশলগত বিলম্ব ঘটাতে থাকে কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, নির্বাচনে জনরায় আঁচ করতে পেরে সেনাবাহিনী ফলাফল প্রকাশে বাগড়া দেয়। ভোট হওয়ার ১৩ ঘন্টা পর প্রথম ফল ঘোষণা করা হয়।

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার। ২৬৫টি আসনের মধ্যে ২৫০ আসনের ফলাফল সবচেয়ে বেশি ৯৯ আসনে জয় পেয়েছেন ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।  আসনসংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএলএন। তৃতীয় স্থানে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি। পিএমএল–এন ৭১ আসনে, পিপিপি ৫৩ ও এমকিউএম ১৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১০টি আসন। পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫ আসনে (একটি স্থগিত) কোনো দলের সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন।

ইমরান খান নির্বাচন ও এর ফলাফলের ব্যাপারে বলেছেন, নজিরবিহীনভাবে জাতি ঘুরে দাঁড়িয়েছে। তিনি দেশটির জনগণের উদ্দেশ্যে বলেন, ‘পাকিস্তানের জনগণ, আপনারা ইতিহাস গড়েছেন। আমি আপনাদের নিয়ে গর্বিত। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করায় সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।’ ইমরান খান আরও বলেন, ‘এখন আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। শেষ কথা বলতে চাই, চিন্তা করবেন না। উদ্‌যাপন করুন আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। প্রত্যেকে নিজেদের ভোটের শক্তি দেখেছেন এবার আপনাদের ভোটকে রক্ষার জন্য প্রস্তুত থাকুন।’

এ কথা ঐতিহাসিকভাবেই সত্য পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর বড় প্রভাব রয়েছে। সে হিসেবে রাজনৈতিক মহলে একটি গুঞ্জন ছিল, এবারের নির্বাচনে সেনাবাহিনীর পছন্দের প্রার্থী নওয়াজ শরিফ। সেদিক দিয়ে পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের এগিয়ে থাকা এবারের নির্বাচনে বড় চমক। ২০১৮ সালে ব্যাপক জনসমর্থন নিয়ে পাকিস্তানে ক্ষমতায় বসেছিল পিটিআই। সামরিক বাহিনীর বিরাগভাজন হয়ে চার বছরের মাথায় দলটির নেতৃত্বাধীন জোট সরকারের পতন হয়। এরপর রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ে দলটি। মামলা–হামলা ও দমনপীড়নের মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের নির্বাচনী লড়াইয়ে নামতে হয় পিটিআই নেতাদের।

নির্বাচনের পর সরকার গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। নওয়াজ শরীফ জোটগতভাবে সরকার গঠনের দিকে ইঙ্গিত করে নওয়াজ বলেন, পাকিস্তানে বর্তমানে যে সব সংকট রয়েছে, তা থেকে উত্তোরণে সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসতে হবে। শুক্রবার রাতেই নওয়াজ বৈঠক করেছেন আসিফ জারদারির সঙ্গে।

ইমরান খান সরকারে থাকতে পারবেন না, কিন্তু সরকার গঠনের চেষ্টা করছেন তার সমর্থিত এমপিরা। তারা ইমরান খানের সাথে কারাগারে দেখা করে নির্দেশনা নেবেন। বিশ্লেষকদের অনেকের অভিমত, স্বতন্ত্র এই প্রার্থীরা যদি কোনোভাবে সরকারে থাকেন, তাহলে ইমরানের কারাদণ্ডের সাজা বা তাঁর সরকারি দায়িত্বে থাকার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই করতে পারবেন। নির্বাচনে অংশগ্রহণে ইমরানের ওপর নিষেধাজ্ঞার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, তাকেও চ্যালেঞ্জ করতে পারবেন।

সব মিলিয়ে পাকিস্তানের জনগণ ইমরানের প্রতি যে আস্থা রেখেছেন তা কতটা কার্যকরী হবে তা বোঝা যাবে সরকার গঠনের ওপর। তবে এ কথা স্বীকার করতেই হবে, বৃহষ্পতিবারের নির্বাচনে ইমরান খানের কৌশলের জয় হয়েছে, দেশটির জনগণের জয় হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন