যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন। চিঠিতে তিনি দুইদেশের সম্পর্ক উন্নয়ন এবং সামনের দিনে এক সাথে চলার আশ্বাস দিয়েছেন এমনটাই জানা গেছে।
আপাতদৃষ্টিতে খুবই স্বাভাবিক একটি চিঠি। দুটি অবৈরী দেশের প্রধানেরা এই ভাষাতেই বার্তা বিনিময় করেন। এমনকি মৃদু বৈরিতা এবং বৈশ্বিক রাজনীতির সমীকরণে বিপরীত অবস্থানে থাকলেও সচরাচর এমন ভাষাতেই চিঠি চালাচালি হয়।
কিন্তু, বাইডেনের এই চিঠি নিয়ে আলোচনা করা জরুরী, গত মাসে বাংলাদেশে হওয়া আরো একটি প্রহসনের নির্বাচন এবং সেই নির্বাচনের আগে যুক্তরাষ্টের অবস্থান ও এই নিয়ে বিরোধীদের উচ্চাশার ইতিহাস মাথায় রেখে।
কূটনীতি মানেই দেয়ানেয়ার সম্পর্ক। রাষ্ট্রের সংগে রাষ্ট্র সে বিষয়টা মাথায় রেখেই সম্পর্ক করে। বাংলাদেশের মতো ছোট দেশও ভৌগলিক অবস্থানের কারনে যুক্তরাষ্ট্র বা অন্য যে কোন পরাশক্তির কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। আর বড় শক্তি, তাঁর সুবিধামতো, তাঁর স্বার্থেই অন্যদের সঙ্গে কাজে লাগাতে চাইবে। বাংলাদেশের মতো ছোটদেশ অনেকটা পুকুরে থাকা ছোটমাছের মতো, বড় মাছের সঙ্গে বন্ধুত্ব কিংবা বৈরিতা হতে হবে অত্যন্ত কৌশলীভাবে।
এখন প্রশ্ন হচ্ছে, বিরোধীদের আন্দোলনে যুক্তরাষ্ট্র কেন সরাসরি সমর্থন দিবে? দেশের গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে? বিষয়টা এতো সহজসরল না। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র আধিপত্য চায় চীনের বাণিজ্য বিস্তার কমাতে। ক্রমশ দুই মেরুতে ভাগ হওয়া দুনিয়ায় বাংলাদেশের বর্তমান সরকার চীন-রাশিয়া-ভারত বলয়ে আরো জোরালোভাবে যাতে প্রবেশ না করে তা ঠেকাতে।
কিন্তু, যদি বর্তমান সরকারই তাঁদের নানারকমভাবে আশ্বস্ত করে? নানারকম চুক্তির মাধ্যেমে সব কুল রক্ষা করার প্রতিশ্রুতি দেয়? তবে তো আংকেল স্যামদের জন্য পোয়াবারো। কেননা এই স্বৈরাচারী সরকার প্রবলভাবে সব কিছু নিয়ন্ত্রণ করে। জনতাকে নিষ্পেশন করা এই সরকারের দেশের মানুষের প্রতি দায় নেই। এরা বিদেশী শক্তিকে তুষ্ট করতে পারে দেশের ক্ষতি করে হলেও। আদতে, এদের টিকে থাকতে হলে, এই বশ্যতা স্বীকার ছাড়া গতিও নেই। তা সে ভারত হোক আর যুক্তরাষ্ট্র।
মাথায় রাখতে হবে, বিদেশী শক্তিরা কেবল নিজেদের লাভটুকুই চাইবে। এই সরকারকে সরাতে পারলে, গণতন্ত্র কায়েম হলে হয়তো চীন বলয়ের বাইরে বাংলাদেশকে নিয়ে আসা যেতে পারে, ভারতের আধিপত্য খর্ব করা যেতেই পারে। কিন্তু তাঁর জন্য যুক্তরাষ্ট্র কতোদুর ঝুঁকি নিবে?
এর পরের প্রশ্ন, বাংলাদেশের বিরোধীদের উপর তাঁরা কেন ভরসা করবে? দেনা পাওনার সম্পর্কে বিরোধীদের দেয়ার মতো আছে কি? এই বশ্যতা মেনে নেয়া সরকারের চেয়ে অন্য কেউ এসে আরো বেশী বেশী দেবে এ ভাবাও তো বাতুলতা।
আরেকটা হতো পারতো, বিপুল জনগণের সমর্থণ। সত্যি বলতে, চাপে পিষ্ঠ মানুষ সেই সমর্থন দেবার জন্য উদ্গ্রীব। কিন্তু, তাঁরা আসলে কিভাবে সক্রিয়ভাবে তা জানাবে। প্রহসণের নির্বাচন বর্জন করে জনতা নিজের কাজ করেছে, কিন্তু বিরোধী রাজনীতিবিদরা শক্তিশালী কোন প্ল্যাটফর্ম বানাতে পারেননি। নির্বাচনের আগে এক বছরে কর্মীরা বিপুল উদ্যাম দেখালেও তা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়নি।
এর সঙ্গে যুক্ত হয়েছে সংবাদমাধ্যেম ও অনলাইনে যুক্তরাষ্ট্র নিয়ে কিছু মানুষের উচ্ছাস। কেউ কেউ হয়তো সত্যিই আশাবাদী হয়েছিলেন, আবার কেউ কেউ জনতার আশা নিয়ে ব্যাবসা করেছেন। নিজেদের প্রতিপত্তি বাড়িয়েছেন। এমনকি কেউ কেউ সরকারের হয়ে রিভার্স খেলেছেন এই সন্দেহও উড়ায়ে দেয়া যায়না।
বাইডেন বা যুক্তরাষ্ট্র আমাদের উদ্ধারকর্তা হয়ে আসবে না। তাঁরা দেয়ানেয়ার রাজনৈতিক দাবা খেলায় জেতার জন্য চাল দেবে। বিরোধীদের উচিত, খামোখা আশার বেলুনে উজ্জীবিত না হয়ে বাস্তবতা বোঝা।
সবচেয়ে বড় শক্তি যেই জনগণ, তাকে এককাট্টা করা। দ্রব্যমূল্য বৃদ্ধি হোক কিংবা সামাজিক অসংগতি, এইসব মোকাবিলায় জনগণকে সংগঠিত করাই সবচেয়ে বড় অস্ত্র হবে। সেই কাজটা অনেক কঠিন, তবে এ ছাড়া এই কঠিন যুদ্ধ জেতার কোন সুযোগ নাই।
