তুরাগপাড়, আল্লাহর রহমত কামনার এক অশ্রুসিক্ত ভূমি
ইয়াসির আরাফাত
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৬ পিএম
শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার সকাল, টঙ্গীর তুরাগ পাড় পরিণত হয় আল্লাহর রহমত কামনায় বিভোর মানুষের এক অশ্রুসিক্ত ভূমিতে। যে দিকে চোখ যায় মানুষ আর মানুষ, দূরে মাইক থেকে ভেসে আসছে মোনাজাতের শব্দ, আর তাতে আমিন আমি ধ্বণি তুলছেন সবাই। রবিবার সকালে মোনাজাতে অংশ নিয়েছেন তিন দিন ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের পাশাপাশি রাজধানী ঢাকা এবং আশপাশের বিভিন্ন জেলার অসংখ্য মানুষ। এ সময় তাঁরা দুহাত তুলে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। মঙ্গল কামনা করেন দেশ, জাতি ও মানবতার।
রবিবার ভোরে ইজতেমাস্থলে যত দূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। সড়ক, মহাসড়ক, খোলা জায়গা, ঘরবাড়ির ছাদ, নানা ধরণের যানবাহন জায়গায় মানুষ। কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে কান পেতে আছেন মাইকের শব্দে। সবার অপেক্ষা আখেরি মোনাজাতের জন্য। সকাল ৯টা ১ মিনিটে শুরু হয় মোনাজাত। ঢাকার কাকরাইল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়েরের কণ্ঠ ভেসে এল মাইকে, আল্লাহর কাছে ক্ষমা আর মাগফেরাত কামনায় আকুতিভরা কন্ঠে তিনি মোনাজাত করছেন।
মুসল্লিদের কেউ অশ্রুসিক্ত। কন্ঠ দিয়ে শুধু উচ্চারিত হচ্ছিল আমিন আমিন ধ্বণি। ২২ মিনিট ধরে চলে মোনাজাত। মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। এ ছাড়া মানুষের মধ্যে হেদায়েত, রোগ থেকে আরোগ্য লাভ, পৃথিবী থেকে বিদায় নেওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করা হয়। কান্নায় ভেঙে পড়েন হাজারো মুসল্লি। তাদের সবার চাওয়া পাপ থেকে মুক্তি, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি। এবার ভারত, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, অস্ট্রেলিয়া, কানাডা, ইরান, কম্বোডিয়াসহ ৫১টি দেশের ২ হাজার ৫৪০ জন বিদেশি মুসল্লি অংশ নেন।
মোনাজাত শেষে চোখের পানি মুছতে মুছতে ইতজেমাস্থল ছাড়তে শুরু করেন শুধু মোনাজাতে অংশ নিতে আসা মানুষ। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিরা ধীরে ধীরে বের হন প্যান্ডেল থেকে, তারা ছড়িয়ে পরবেন সারা দেশে, ইসলামী বিধি বিধান প্রচার আর তা নিজেদের জীবনে বাস্তবায়নের আকাঙ্ক্ষা নিয়ে।
১৯৬৩ সাল থেকে বাংলাদেশে তাবলিগ জামাতের আয়োজনে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৮ সালে তাবলিগের বর্তমান আমির ভারতের দিল্লির মাওলানা সাদ কান্ধলভীকে আমির মানা না-মানাকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ে তাবলিগ জামাত। এরপর ২০১৯ সাল থেকে দুই পক্ষ আলাদাভাবে ইজতেমা শুরু করে। এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। গত শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের ইজতেমা। এ পর্বের নেতৃত্ব দেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। তবে এই পক্ষ ইজতেমা চলাকালেই সংবাদ সম্মেলন করে অনুরোধ করা হয় ইজতেমার এ আয়োজনকে মাওলানা জোবায়েরের অনুসারীদের এমন কথা যেন না বলা হয়, তারা একে ইজতেমা হিসেবেই বলতে চান, তাদের দাবি, বর্তমানে এর আমির হচ্ছেন মাওলানা জোবায়ের, ভবিষ্যতে অন্য কেউ আমির হবেন, তাই একে জোবায়েরপন্থীদের ইজতেমা না বলে শুধু ইজতেমা বলা উচিত। কিন্তু বিভক্তিটা তো হয়ে গেছে, এর নাম দেয়া বা না দেয়ায় কিই বা আসে যায়।?
দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। এ পর্বের নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। ইজতেমায় আগত মুসল্লিদের সবার প্রত্যাশা বিরোধ মিটিয়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ এ আয়োজনটি যেন সম্মিলিতভাবে আয়োজন করা হয়।
