Logo
Logo
×

অভিমত

মির্জা ফখরুলের ক্লান্তিটা কি আপনাদের চোখে পড়ছে?

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৪ পিএম




মির্জা ফখরুলের ক্লান্তিটা কি আপনাদের চোখে পড়ছে?

সরকারের নীপিড়ণমূলক নীতির শিকার হয়ে কারাগারে আটক বিএনপির হাজার হাজার নেতা-কর্মী। কয়েক লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, অনেকে আছেন যাদের বিরুদ্ধে মামলার সংখ্যা চার/পাঁচশ। কারাবন্দি অসংখ্য নেতার মধ্যে আছেন দলটির শীর্ষ তিন নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী। কারাগারে আছেন সাবেক কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ দলের বিভিন্ন স্তরের নেতারা। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবরের মহাসমাবেশের পরের দিন গ্রেফতার হন। এরপর সরকার বিএনপিকে ছাড়া নির্বাচন করলো, ক্ষমতার জবরদখল ধরে রাখলো আওয়ামী লীগ। বিএনপি নেতাদের কারাবন্দী জীবন আর আদালতে যাওয়া-আসার অবসান ঘটলো না।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন ১ ফেব্রুয়ারি নামঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় ১১টি মামলা হয়েছিল বিএনপির মহাসচিবের বিরুদ্ধে। এর মধ্যে ইতিমধ্যে ১০টি মামলায় জামিন পেয়েছেন তিনি। তাকে আটকে রাখা হয়েছে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায়।

এ মামলাটির ব্যাপারে শুধু সরকারপন্থী আইনজীবীরাই নন, হাইকোর্টের বিচারপতিগণও বেশ কঠোর অবস্থানে। প্রধান বিচারপতির বাসভবনে হামলাকে বিচার বিভাগের ওপর হামলা বলছেন কেউ কেউ, অনেকে আবার এক কাঠি এগিয়ে একে একেবারে রাষ্ট্রের ওপর হামলা বলে মন্তব্য করেছেন।

মির্জা ফখরুল দেশের রাজনীতির এমন একটি চরিত্র বা তিনি এমন একজন ব্যক্তি যাকে রাজনৈতিক প্রতিপক্ষই মনে করা হয়, সদাচরণ, সংবেদনশীলতা, পরিমিতিবোধ, প্রতিপক্ষ রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধাবোধ, ভিন্নমতের প্রতি সহিষ্ণুতাসহ নানা কারণে তাকে গড়পরতার রাজনীতিবিদের কাতারে ফেলেন না অনেকে। তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এর সবই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই করা হয়েছে। মামলাগুলো করার মূল উদ্দেশ্য মির্জা ফখরুলকে কারাবন্দি করে রাখা। সরকার সে উদ্দেশ্যে সফলও হয়েছে।

মির্জা ফখরুলকে যখন কারাগার থেকে আদালতে আনা হয়, গাড়ি থেকে নামানো হয় কিংবা গাড়িতে ওঠানো হয়, তিনি যখন হাটেন, সে দৃশ্য যারা দেখেন তারা সহজেই উপলব্ধি করতে পারবেন যে তিনি আসলে অনেক ক্লান্ত, বিধ্বস্ত হয়তো নন কিন্তু তার শারীরিক ক্লান্তিটা কারোই চোখ এড়ানোর কথা না। রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা আর বিপর্যস্ত করার যে রাজনীতি আওয়ামী লীগ করছে তার জন্য ভুগতে হচ্ছে মির্জা ফখরুলের মত নেতাদের। রাজনীতিতে সৌহার্দ্য আর সম্প্রীতিকে চিরতরে বিদায় করে দিয়েছে আওয়ামী লীগ। আইনের দোহাই দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার যে সর্বনাশা খেলা আওয়ামী লীগ খেলছে তার নিকট সমাপ্তি কেউ আশা করে না, তবে মানুষ এটুকু অন্তত: আশা করে যে, মির্জা ফখরুলের মত মানুষকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মত ঘটনায় আটকে রাখার বিষয়টি দীর্ঘদিন চলবে না, সরকার কিংবা সংশ্লিষ্টদের শুভ বুদ্ধির উদয় হবে, কারাবাস থেকে মুক্ত মানুষ হয়ে জনতার মাঝে ফিরে আসবেন মির্জা ফখরুলসহ বিএনপির নীপিড়িত নেতা-কর্মীরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন