Logo
Logo
×

অভিমত

বিরোধীদলের পরাজয় কখনো হয়নি

Icon

কামরুল হাসান খান

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ পিএম

বিরোধীদলের পরাজয় কখনো হয়নি

৭ জানুয়ারির নির্বাচনের আগের দিন সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বসেছিলাম। আমার ঘনিষ্ঠ আওয়ামী ঘরানার এক সাংবাদিক কণ্ঠস্বর টেনে জিজ্ঞেস করলেন, কী? তিনি কেন এই ‘কী’ জিজ্ঞেস করলেন, তা বুঝতে অসুবিধা হলো না। এর অর্থ বহুবিধ। তার প্রথম যে অর্থ দাঁড়ায়, তা হচ্ছে, নির্বাচন তো হয়ে যাচ্ছে। দ্বিতীয় অর্থ হচ্ছে, বিএনপি তো নির্বাচন ঠেকাতে পারল না। তার সংক্ষিপ্ত উত্তরে বললাম, আপনারা তো মহাপরাক্রমশালী। তিনি হেসে বীরদর্পে চলে গেলেন। তার সাথে এর আগেও নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। সে আলাপে তার অন্যতম কথা ছিল, বিএনপি তো নির্বাচনে এলো না। না এলে সরকার কী করবে? দেখলাম, আওয়ামী ঘরানার প্রায় সব সাংবাদিকদের মধ্যে এ মনোভাব প্রবল। অনেকদিন ধরে তাদের এ কথা শুনছিলাম। আর ভাবছিলাম, তারা এখন এ যুক্তি দাঁড় করাতে চাচ্ছে। শুনতে শুনতে একদিন বললাম, আপনাদের লজ্জা হয় কিনা, জানি না। তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমি লজ্জিত। কারণ, নিজেরা নিজেরা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে গৌরবের কিছু নেই। আওয়ামী লীগও ’৯৬ সালের নির্বাচনে যায়নি। আন্দোলনে ছিল। তিনি যুক্তি দিলেন, বিএনপি আন্দোলন করে সরকারকে বাধ্য করতে পারেনি। তখন আওয়ামী লীগ বিএনপি সরকারকে আন্দোলন করে বাধ্য করেছিল। আমি বললাম, তা ঠিক। তবে এ দুই বিরোধীদলকে দুই ভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল। এখন যেমন বিএনপিকে শুধু আওয়ামী লীগকে মোকাবেলা করতে হচ্ছে না, একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রকেও মোকাবেলা করতে হচ্ছে। জানেন তো, পৃথিবীতে রাষ্ট্রযন্ত্রের সাথে কারো পক্ষেই পেরে ওঠা সম্ভব নয়, যদি সেই রাষ্ট্রযন্ত্র স্বক্রিয়ভাবে একটি দলের পক্ষাবলম্বন করে। ’৯৬ সালে আওয়ামী লীগকে শুধু বিএনপিকে মোকাবেলা করতে হয়েছে। রাষ্ট্রযন্ত্র থাকলেও তা বিগত দেড় দশকের মতো বিরোধীদল দমনে এত তীব্রভাবে ব্যবহার করা হয়নি। তখন শুধু রাষ্ট্রযন্ত্র সংঘাতময় পরিস্থিতি সামালের দায়িত্ব বেশি পালন করেছে। বিরোধীদলের নেতাকর্মীদের এন্তারভাবে গুম, খুন, হামলা, মামলা, গ্রেফতার, সাজা এমনকি বাড়িতে না থাকতে পারার মতো পরিবেশ সৃষ্টি করা হয়নি। রাষ্ট্রযন্ত্র ও ক্ষমতাসীনদল এক হয়ে যায়নি। সরকার ব্যবহার করলেও তার একটা লিমিট ছিল। এই যেমন ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে যেভাবে লগি-বৈঠা দিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে এবং পিটিয়ে হত্যা করেছে, এ ঘটনার সময় পুলিশের ভূমিকা কী ছিল? তাদের দিকে কি গুলি ছুঁড়েছিল কিংবা ছত্রভঙ্গ করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছিল? যারা এ ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, তাদের কাউকে কি পুলিশ গ্রেফতার করেছিল? বলতে পারেন, গত বছরের ২৮ অক্টোবরও তো পিটিয়ে পুলিশ মারা হয়েছে। তবে তা নিয়ে যেমন বিতর্ক রয়েছে, তেমনি পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে কাউক কাউকে গ্রেফতারও করেছে। ’৯৬ সালে ক্ষমতাসীন বিএনপিও সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চেয়েছিল। আওয়ামী লীগ ও তার জোটসহ সব বিরোধীদল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে। যেহেতু সংবিধানে তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না, তাই বিএনপিকে ১৫ ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচন করতে হয়েছিল। সেই নির্বাচন একতরফা হয়েছিল বটে, তবে তা করা হয়েছিল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংযোজনের জন্য। বিএনপি তাই করেছে এবং দেড় মাসের মাথায় সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিয়েছে। বিএনপি যদি চাইত, এ সময়ের মতো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধীদলের ওপর দমন-পীড়ন, গুম, খুন, হামলা-মামলা চালিয়ে আন্দোলন দমাতে, তাহলে কি সে পারত না? তখন রাজনীতির মধ্যে কিছুটা হলেও বিরোধীদলের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাদের আন্দোলন ও দাবির প্রতি সহনশীলতা ছিল। একইভাবে ২০০৭ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা নিয়ে যে কৌশল অবলম্বন করেছিল, তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও তার জোট যে আন্দোলন করেছে, সেই আন্দোলন যদি বিএনপি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমিয়ে তার মতো করে একতরফা নির্বাচন করত, তাহলে কি ভিন্ন রকম রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হতো না? বিএনপি তা করেনি। যার ফলশ্রুতিতে ওয়ান-ইলেভেনের মতো অগণতান্ত্রিক সরকার এসেছিল। সেই সরকারকে আওয়ামী লীগ তার ‘আন্দোলনের ফসল’ বলে দাবি করেছিল। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ আন্দোলন করেছে, ২০০৮ সালে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় এসেছে।

ক্ষমতায় এসে এ সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বাতিলও করে দিয়েছে। বাতিল করেছে, ভালো কথা, নিজের অধীনে করা নির্বাচনগুলো কেমন হয়েছে, তা নতুন করে কি কিছু বলার আছে? একপর্যায়ে দেখলাম, এসব কথা তার ধৈর্য্যচ্যুতি ঘটাচ্ছে। ভালো লাগছে না। এই বলে শেষ করলাম, আপনার দল মহাপরাক্রমশালী, তার সাথে কোনো বিরোধীদলের পেরে ওঠা কঠিন। শুধু চিন্তা করেন, বিএনপির জায়গায় আওয়ামী লীগ থাকলে কী হতো!
দুই.

বাংলাদেশের ইতিহাসে সরকারবিরোধী আন্দোলন করে বিরোধীদলের পরাজয়ের ইতিহাস নেই। অবশ্য সরকারবিরোধী আন্দোলন খুব বেশি হয়নি। হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গণআন্দোলন এবং ’৯৬ সালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগসহ ও অন্যান্য বিরোধীদলের সরকারবিরোধী আন্দোলনকে প্রকৃত সফল বলা যায়। এ ছাড়া ২০০৬- ২০০৭ সালে বিরোধীদল যে আন্দোলন করেছে, তাতে তৃতীয় শক্তির হস্তক্ষেপের কারণে থমকে গেলেও তা সরকারবিরোধী আন্দোলনের সূত্র ধরেই এসেছে। এটাও বিরোধীদলের সাফল্য ধরা যায়। অর্থাৎ সরকারবিরোধী আন্দোলন বিফল হয়নি। স্বাধীনতার আগে আইয়ুব খানের বিরুদ্ধে গণআন্দোলন শুধু সফল হয়নি, দেশের স্বাধীনতাও এনে দিয়েছিল। সুদূর অতীতের দিকে তাকালে দেখা যায়, বৃটিশরা দুই শ বছর ভারত উপমহাদেশ শাসন করলেও তার বিরুদ্ধে আন্দোলন থেমে থাকেনি। দীর্ঘ সময় ধরে বৃটিশবিরোধী বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছিল। ১৭৫৭ সালে বৃটিশরা উপমহাদেশে তার সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা শুরুর প্রায় ১০০ বছর পর ১৮৫৭ সালের ১০ মে সিপাহী বিদ্রোহের মাধ্যমে বৃটিশবিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। বৃটিশদের বৈষম্যমূলক শাসন ও আচরণের কারণে কৃষক ও বেকার সিপাহীদের সমন্বয়ে এ আন্দোলন গড়ে উঠেছিল। এই দীর্ঘ সময়ে বিভিন্ন নামে প্রায় ১৪টির বেশি বৃটিশবিরোধী আন্দোলন হয়েছিল। এসব আন্দোলন কখনো সফল হয়েছে, কখনো ব্যর্থ হয়েছে। কখনো স্তিমিত হয়েছে, কখনো বেগবান হয়েছে। আন্দোলন থেমে থাকেনি। এই সাফল্য-ব্যর্থতা বা স্তিমিত হওয়ার মধ্য দিয়েই আন্দোলন চলমান থাকে এবং শেষ পর্যন্ত ১৯৪৭ সালে বৃটিশরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়। অর্থাৎ সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে বৃটিশবিরোধী যে আন্দোলনের সূচনা হয়েছিল, তার সাফল্য আসে ৯০ বছর পর। এ থেকে এটাই প্রতীয়মান হয়, সরকারবিরোধী বা আধিপত্যবাদবিরোধী আন্দোলন কখনো পরাজিত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২ সালের আগস্টে হিটলার রাশিয়া দখলের জন্য তার যে ষষ্ঠ মিলিটারি ফোর্স পাঠিয়েছিল, তা স্ট্যালিনগ্রাদ শহরে রাশিয়ান রেড আর্মির কাছে বাধাপ্রাপ্ত হয়। হিটলারের উদ্দেশ্য ছিল রাজধানী মস্কো দখল করা। ভয়াবহ যুদ্ধে হিটলার বাহিনী পরাস্ত হয়। ইতিহাসের শিক্ষা এই যে, ক্ষমতা এবং আগ্রাসন কখনো চিরস্থায়ী হয় না। জোর করে স্বৈরশাসন বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করা যায়, তবে তার ফল শুভ হয় না। হিটলার, মুসেলিনির মতো দোর্দণ্ড প্রতাপশালী ও স্বৈরশাসকরা মেরে-কেটে ক্ষমতা দীর্ঘয়িত করার চেষ্টা করলেও তাদের পরিণতি অত্যন্ত শোচনীয় হয়েছিল। ইতিহাসে তারা স্বৈরশাসক হিসেবে চিহ্নিত হয়ে আছে। মানুষ তাদের নেতিবাচক চরিত্র হিসেবে দেখে। তাদের অসংখ্য অনুসারী থাকলেও তার লেশমাত্র এখন নেই। আমাদের দেশে যখন প্রতাপশালী স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় ছিলেন, তখন তার নেতাকর্মীর অভাব ছিল না। নির্বাচন দিলেই তার দল অবধারিতভাবে বিজয়ী হয়েছে। এখন তার গড়া দলকেই অন্যের করুণার পাত্র হয়ে থাকতে হচ্ছে। ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তি করা ছাড়া কিছু করার নেই। নিজে চলার মতো সক্ষমতা নেই। জনসম্পৃক্ততা বলে কিছু নেই। ক্ষমতাসীন দলের ইচ্ছা-অনিচ্ছার ওপর তাকে নির্ভর করতে হচ্ছে। নির্বাচনে তাকে আসন চেয়ে নিতে হয়। প্রকৃত বিরোধীদল নয়, ক্ষমতাসীন দলের পুতুল বিরোধীদলে পরিণত হওয়া নিয়ে তার আগ্রহের সীমা নেই। এ ধরনের নামকাওয়াস্তে বিরোধীদল সবসময় পরাজিত হয়েই থাকে। তারা সিংহের মতো নয়, শেয়ালের মতো বেঁচে থাকে।
তিন.

অনেকে বলে থাকেন, বিএনপি নির্বাচন বর্জন করে ভুল করেছে। প্রথম ভুল করেছে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জন করে। দ্বিতীয় ভুল করেছে এ বছরের ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করে। তাদের যুক্তি হচ্ছে, বিরোধীদলগুলো বিশেষ করে বিএনপি নির্বাচনে এলে সরকার চাপে পড়ত। সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হতো। তারা ইনিয়ে-বিনিয়ে বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে অন্তত ৫০-৬০টি কিংবা তার বেশি আসন নিয়ে সংসদে বিরোধীদলের আসনে বসতে পারত। অর্থাৎ ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন করলে সেই জিতবে ও সরকার গঠন করবে। অন্যদিকে বিরোধীদলের সরকার গঠন করার সম্ভাবনা নেই, তাই যে কয়টি আসন পায়, তা নিয়েই সংসদে আসা উচিত। তাদের এ ধরনের কথা থেকে এটাই প্রতীয়মান হয়, ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন মানে সে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় থাকবে এবং বাকি আসনগুলো বিরোধীদলগুলোর মধ্যে বণ্টন করে দেওয়া হবে। এবারের নির্বাচনেও তাই দেখা গেছে। ক্ষমতাসীন দল নিজের সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চিত করে বিরোধীদলগুলোকে ছাড় দিয়ে বা ভাগাভাগি করে দিয়েছে। তারা এটা ভাবে না, প্রকৃত কোনো বিরোধীদল, যে কয়েকবার ক্ষমতায় ছিল, যার ব্যাপক জনসমর্থন ও নির্ধারিত একটা ভোট ফিক্সড এবং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে, তার পক্ষে কি এ ধরনের ভাগাভাগি বা সিলেক্ট করে দেয়া আসনের নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব? কখনোই সম্ভব নয়। ক্ষমতাসীন দল যদি বিরোধীদলে থাকত, তাহলে তার পক্ষেও কি তা মেনে নেয়া সম্ভব ছিল? তার নেতাকর্মীরা কি তা কল্পনা করতে পারে? যদি তা না হয়, তাহলে বিএনপি তা মানবে কেন? এটা সত্য, বিএনপি আন্দোলন করে কোনো নির্বাচনই ঠেকাতে পারেনি। বস্তুত, আন্দোলন করে নির্বাচন ঠেকানোর ইতিহাস বাংলাদেশে নেই। তৃতীয় শক্তির হস্তক্ষেপ ছাড়া যেভাবেই হোক এবং তা গ্রহণযোগ্য না হলেও, ক্ষমতাসীন দল নির্বাচন করেছে। তাই বলে বিরোধীদল পরাজিত হয়েছে, তা বলা যায় না। তারা দীর্ঘ সময় আন্দোলন চালিয়ে গেছে এবং এক সময় সরকারের পতন হয়েছে। যেমনটি দেখা গেছে এরশাদের শাসনামলে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিসহ অন্যান্য বিরোধীদল সুষ্ঠু নির্বাচনের জন্য যে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে যাচ্ছে, আপাত দৃষ্টিতে অসফল মনে হলেও, তা যে সফল হবে না, নিশ্চিত করে বলা যায় না। হ্যাঁ, এক্ষেত্রে বিএনপি ও বিরোধীদলগুলোর সরকারবিরোধী আন্দোলনের কৌশলে গলদ রয়েছে বলে কেউ কেউ মনে করেন। দীর্ঘ সময় ধরে বিএনপি যে আন্দোলন করে আসছে, তা সূক্ষ্ম কৌশলের অভাবে সফল হচ্ছে না। এই যেমন এবারের নির্বাচন ঠেকানোর কথা বলেও কৌশলের অভাবে বা ক্ষমতাসীনদলের কৌশল ও দাপটের কারণে ঠেকাতে পারেনি। আন্দোলনের ক্ষেত্রে বিএনপি ও বিরোধীদলগুলো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর ওপর অনেকাংশে নির্ভরশীল ছিল। এসব দেশ চাপ দিয়ে হলেও সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে বলে ধরে নিয়েছিল। তারা এটা ভাবেনি, এসব দেশ যেমন সরকারের ওপর বিরূপ ছিল, তেমনি সরকারের পক্ষে সমর্থন দেওয়ারও দেশ ছিল, যারা বরাবরই সরকারকে নানা কৌশলে টিকিয়ে রেখেছে। বরং সরকারের সাথে তারা দীর্ঘসময় ধরে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে, কোনো কোনো ক্ষেত্রে সরাসরি যুক্ত। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো সরকার বা বিরোধীদলগুলোর সাথে নির্বাচনী কৌশলের ক্ষেত্রে সরাসরি  সম্পৃক্ত ছিল না, অভিজ্ঞতাও ছিল না। ফলে সরকার সমর্থক দেশগুলোর সাথে কৌশলের কাছে তারা পরাস্ত হয়েছে। এ কৌশলের প্রভাব বিরোধীদলের আন্দোলনের ওপর পড়েছে। অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে ক্ষমতাসীনদলের সমর্থিত দেশগুলোর কৌশল কাজে লেগেছে, বিরোধীদলের পক্ষের (যদিও দেশগুলো কোনো দলের পক্ষে নয় বলে বলেছে) দেশগুলোর কৌশল কাজে লাগেনি।
চার.

রাজনীতি কৌশলের খেলা। কৌশল দিয়েই তা মোকাবেলা করতে হয়। কৌশলের কাছে একবার মার খেলে তা কাটিয়ে ওঠা অনেক কঠিন। অনেকে বলে থাকেন, বিএনপির আন্দোলনের কৌশল ও পরিকল্পনায় যথেষ্ট ভুল রয়েছে। আন্দোলন সফল করতে না পারা থেকে এ ধারণা পোষণ করা অমূলক নয়। বিরূপ পরিস্থিতিতে কী কৌশল নিতে হবে এবং তা কাজে লাগাতে হবে, তা বিএনপি নিতে পারেনি বা পারছে না। শুধু মাঠের আন্দোলনে সীমাবদ্ধ থাকলেই সফল হওয়া যায় না। যেমন যখন এরশাদবিরোধী আন্দোলন চলছিল, তার মধ্যেই আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল। আবার সময়মতো সংসদ থেকে পদত্যাগ করে আন্দোলনে যোগ দিয়েছিল। ২০০৭ সালে বিএনপির অধীনে ২২ জানুয়ারির নির্বাচনেও আওয়ামী লীগ নমিনেশন জমা দিয়েছিল। ১১ জানুয়ারি ওয়ান-ইলেভেন সরকার আগমনের আগের দিন ১০ জানুয়ারি নমিনেশন প্রত্যাহার করে নিয়েছিল। এগুলো ছিল আওয়ামী লীগের কৌশল। দেখা যায়, যখন ক্ষমতাসীনদলের সাথে আন্দোলন করে সফল হওয়ার সম্ভাবনা কম থাকে, তখন পরিস্থিতি বুঝে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার পরিস্থিতি বুঝে সরে এসেছে। মাঠের আন্দোলন, নির্বাচনে অংশগ্রহণ এবং সরে আসার মাঝের সময়ে তার একটা সূক্ষ্ম কৌশল থাকে। বিএনপির আন্দোলন দেখলে বোঝা যায়, সে একরৈখিক মাঠের আন্দোলনে বেশি জোর দিচ্ছে। এর বাইরে, ভেতরের কৌশল বলে কিছু নেই। থাকলেও তা কাজ করছে না। অনেকে বলে থাকেন, বিএনপির উচিত ছিল, বিরূপ পরিস্থিতিতে আওয়ামী লীগের মতো ‘নির্বাচন নির্বাচন খেলা’র কৌশল অবলম্বন করা। নির্বাচনে যাওয়া এবং সময়মতো পরিস্থিতি বুঝে সরে আসা কিংবা থেকে যাওয়া। এতে ক্ষমতাসীনদল বিপাকে পড়ত। ক্ষমতাসীনদল মুখে বিএনপিকে নির্বাচনে আসার কথা যতই বলুক, ভেতরে ভেতরে সে কখনো চায় না বিএনপি নির্বাচনে আসুক। এখন প্রশ্ন হচ্ছে, আন্দোলন করে বিএনপি ও বিরোধীদলগুলোর নির্বাচন ঠেকাতে না পারা, নির্বাচনে না যাওয়ার ফলাফল কী হলো? শুধু নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি বা নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়নি বলে আত্মপ্রসাদ লাভ করা ছাড়া কী করার আছে? ৫ জানুয়ারির চরম বিতর্কিত ও বিনাভোটের নির্বাচন করে এবং বিরোধীদলের ওপর স্টিমরোলার চালিয়ে দিয়ে তো এ সরকার মেয়াদ কাটিয়ে দিয়েছে। পরের নির্বাচনও রাতে করে কাটিয়ে দিয়েছে। বিএনপি ও অন্যান্য দলগুলো কি তা ঠেকাতে পেরেছে, কিংবা ঠেকানোর কোনো কৌশল নিয়েছে? নিতে পারেনি। বিএনপি ও বিরোধীদলগুলোকে এসব অনুধাবন করে ভবিষ্যত কর্মপন্থা বা আন্দোলনের কৌশল অবলম্বন করা উচিত। তাদের মনে রাখতে হবে, দীর্ঘসময় লাগলেও বিরোধীদলের ন্যায়সঙ্গত ও যৌক্তিক আন্দোলন বৃথা যায় না। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন