আর নয়দিন পরে এক যুগে পা দেবে সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যাকাণ্ডের ঘটনা। রাজধানীর বুকে ‘অজ্ঞাত’ খুনীদের পাশবিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তারা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার দাবি এখন সাংবাদিক ’কমিউনিটির’ রুটিন দায়িত্ব হয়ে গেছে। ১১ই ফেব্রুয়ারি বিভিন্ন সংগঠন রাজধানীতে নানান কর্মসূচি পালন করে, বিচারের দাবি জানায়, মন্ত্রী, সরকারের বিভিন্ন সংস্থা এই হত্যাকাণ্ডের বিচারে তাদের অঙ্গীকারের কথা জাতিকে স্মারণ করিয়ে দেন। কিন্তু বিচার তো বিচার, এর তদন্ত কাজই শেষ হয় না।
এবার আইনমন্ত্রী আনিসুল হক বললেন, সাগর সারওয়ার ও মেহেরুন রুনী হত্যার ঘটনায় সঠিকভাবে দোষী নির্ণয়ে তদন্তের জন্য প্রয়োজনে ৫০ বছর সময় দিতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
একটি ধর্ষণ মামলার দ্রুত বিচারের কথা বলছেন। কিন্তু সাগর-রুনির হত্যার বিচার কেন হচ্ছে না- এমন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দেখেন, সাগর-রুনিকে নিয়ে কথা বলবেন, আমি বুঝলাম। কিন্তু এই মামলায় যদি পুলিশ তদন্ত শেষ না করতে পারে, তাহলে জোর করে সেই তদন্ত সমাপ্ত করে একটা চূড়ান্ত প্রতিবেদন কিংবা অভিযোগপত্র দেওয়ানো কি ঠিক?’
মন্ত্রী আরও বলেন, ‘তাদের তদন্তে যতদিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করতে তাদেরকে ততটুকু সময় দিতে হবে, সেটা যদি ৫০ বছর হয়, ৫০ বছর দিতে হবে।’
এই মামলার রায়ের জন্য কি ৫০ বছর অপেক্ষা করতে হবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি নিয়ম নয়, এই মামলাটি ব্যতিক্রমী। যেসব মামলায় অপরাধীকে ধরা গেছে, সেগুলোর বিচার তড়িৎ হচ্ছে। যেখানে অপরাধীকে ধরা যাচ্ছে না, তদন্ত শেষ করতে পারছেন না, অবশ্যই তাদেরকে
সময় দিতে হবে।’
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এই হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে
খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। কিন্তু এক যুগ হয়ে গেলেও এখনও মামলাটির তদন্তই শেষ হয়নি। পুলিশের হাত থেকে মামলাটির তদন্ত ভার গেছে র্যাবের হাতে। তদন্তের জন্য এরইমধ্যে সময় নেয়ার রেকর্ড সেঞ্চুরি পার করেছে। কিন্তু তদন্ত শেষ হয় না। দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে তদন্তকারী সংস্থাগুলোর দক্ষতার বিষয়টি মোটামুটি স্বীকৃত। তারা চাইলে অপরাধীকে পাকড়াও করা কিংবা অপরাধীতে সনাক্ত করতে কতটা পারঙ্গম তার প্রমাণ অনেক ঘটনায়ই তারা রেখেছে। সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার শুধু তাদের পরিবারের অধিকার কিংবা সাংবাদিক সমাজের দাবি নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু একটি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ৫০ বছর লাগতে পারে, এ কেমন কথা? সরকারে থাকলে সবকিছু করা যায়, মন্ত্রী হলে যা খুশি বলা যায়, আইনমন্ত্রীর সবশেষ বয়ান সম্ভবত: তারই একটা উদাহরণ।
