Logo
Logo
×

অভিমত

ফিলিস্তিন : দিগন্তে আলোর রেখা

Icon

আহমেদ বায়েজীদ

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম

ফিলিস্তিন : দিগন্তে আলোর রেখা

চার মাস মাস হতে চললো গাজা যুদ্ধের। হামাসকে নির্মূল ও জিম্মিদের উদ্ধারের লক্ষ্য নিয়ে যে অভিযান শুরু করেছিলো ইসরায়েল, তা এখনো সফলতার মুখ দেখেনি। বরং প্রতিনিয়ত গাজার অলি-গলিতে মার খাচ্ছে ইহুদিবাদী সেনারা। জানুয়ারির শেষ দিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, গাজার ভূগর্ভে হামাসের ৮০ শতাংশ টানেল নেটওয়ার্ক অক্ষত। এর একটাই অর্থ- ইসরায়েল হামাসকে নির্মূলের উদ্দেশ্য নিয়ে যে অভিযান শুরু করেছিল, তা সফল হয়নি চার মাসেও। উপরন্তু প্রতিদিন হামাস ও গাজার অন্য প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি সেনাদের ওপর হামলার খবর দিচ্ছে।

হামাস যে সব দাবি করছে সে অনুযায়ী, গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। যদিও ইসরায়েল এখন পর্যন্ত ২২৪ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। এছাড়া হামাস কয়েকশো ট্যাংক ও সাজোঁয়া যান ধ্বংসের দাবিও করেছে। শুধু দাবি করেই তারা ক্ষান্ত হয়নি। মুক্তিকামী গোষ্ঠীটি প্রতিদিন ইসরায়েলি বাহিনীর ওপর হামলার যেসব ভিডিও প্রকাশ করছে, তাতে তাদের দাবিগুলো বিশ্বাসযোগ্য বলেই মনে হচ্ছে। ভিডিওগুলোতে আক্রমণের ধরন দেখে বোঝা যায়, গাজা উপত্যকায় হামাস এখনো পর্যন্ত সুবিধাজনক অবস্থায় রয়েছে। তা না হলে এমন পরিকল্পিত আক্রমণ করে, আবার সেগুলোর ভিডিও ধারণ ও এডিটিং করে প্রকাশ করা সহজ কথা নয়। হামাসের অবস্থান যে খুব বেশি দুর্বল হয়নি তার পক্ষে প্রমাণ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে এসব ভিডিও এবং তাদের প্রতিদিনকার বিবৃতি।

ইসরায়েল ২০২৩ সালের শেষ দিকে গাজা থেকে সেনা কমাতে শুরু করে। ডিসেম্বরে আল কাসাসম ব্রিগেডসের ট্র্যাপে পড়ে একদিনে ১৪ সেনা হারানোর পর এলিট ফোর্স গোলানি ব্রিগেডকে গাজা থেকে প্রত্যাহার করে তেলআবিব। এরপর একদিনে দুই ডিভিশন সেনা সরানো হয়েছে। এছাড়াও আরো অন্তত ৬ ব্রিগেড সেনা গাজা থেকে সরিয়ে নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের অর্থনীতি ঠিক রাখতে রিজার্ভ সেনাদের যুদ্ধক্ষেত্রে থেকে সরিয়ে নিজ নিজ কাজে ফেরত পাঠানো হয়েছে।

অনেক বিশ্লেষক মনে করেন, ইসরায়েল গাজায় এই দীর্ঘ যুদ্ধে ২৬-২৭ হাজার লোকের জীবন নেওয়া ছাড়া খুব বেশি কিছু করতে পারেনি। এত সেনা পাঠিয়েও যুদ্ধে জিততে না পেরে দীর্ঘ মেয়াদে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যে কারণ গাজায় অল্প সেনা রেখে লড়াই চালু রাখছে। অন্যদিকে জিম্মিদের মুক্তির জন্য দেশের ভেতর থেকে চাপ বাড়ছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর। যে কারণে তারা যুদ্ধবিরতিও চাইছে। যদিও হামাস জানিয়ে দিয়েছে, তারা আর কোনো সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্তি দেবে না।

হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতে এখন ওয়াশিংটনও দৌড়ঝাপ শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা দফায় দফায় মধ্যপ্রাচ্য সফর করছেন। প্রেসিডেন্ট জো বাইডেন নিজে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে টেলিফোন করেছেন যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য। এরপর সিআইএ, মোসাদ ও মিসরের গোয়েন্দা প্রধানরা কয়েক দফা বৈঠক করেছেন। তাদের সাথে একাধিকবার বৈঠক হয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদের। এ সব কিছুই যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ও তার মিত্রদের মরিয়া হয়ে ওঠার লক্ষণ। যদিও হামাস সাময়িক যুদ্ধবিরতিতে রাজি না হতে চাওয়ায় দেড় অথবা দুই মাসের একটি প্রস্তাব নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে। অবস্থা দেখে মনে হচ্ছে, হামাসকে রাজি করাতে এখন আরব দেশগুলোর দ্বারস্থ হয়েছে ইসরায়েল ও তার মিত্ররা।

যুদ্ধ ও কূটনৈতিক এই ডামাডোলের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট প্রতিষ্ঠার বিষয়টিও বেশ জোরেশোরেই আলোচিত হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকেই বিষয়টি নিয়মিত আলোচনায় আছে। এর শুরুটা হয়েছিলো চীন ও রাশিয়ার মাধ্যমে। তারা যুদ্ধের শুরুর দিকে যত বিবৃতি দিয়েছে, সবগুলোতে দুই রাষ্ট্র সমাধানের প্রতি নিজেদের অবস্থানের কথা বলেছে।

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত হয় অসলো চুক্তি। ফিলিস্তিনিদের পক্ষে পিএলও নেতা ইয়াসির আরাফাত ও ইসরাইলের পক্ষে প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন ওই চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে নেয় পিএলও, একই সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নামের ডি ফ্যাক্টো শাসকগোষ্ঠীর জন্ম হয়। তাদের স্বায়ত্তশাসন দেওয়া হয় পশ্চিম তীর ও গাজা উপত্যকার ওপর। ওই সময় ফিলিস্তিনিরা ভেবেছিল, এটাই বুঝি তাদের স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠার বীজবপন; কিন্তু সেসবের কিছুই হয়নি।

দুই রাষ্ট্র সমাধান থিউরিতে ফিলিস্তিন রাষ্ট্র কেমন হবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ধারণার পক্ষে অবস্থান নেওয়া অনেকের মতে, পশ্চিম তীর ও গাজা নিয়ে হবে ফিলিস্তিন রাষ্ট্র। দুটি ভূখণ্ডের মধ্যে যাতায়াতের জন্য ইসরাইলের ওপর দিয়ে একটি করিডোর থাকবে। দুই দশক আগে এ বিষয়টির একটি রূপরেখা তৈরি করেছিল ইসরায়েল ও ফিলিস্তিনি আলোচকরা। জেনেভা অ্যাকর্ড নামের ওই প্রস্তাবনায় জেরুসালেমের ইহুদি অধ্যুষিত এলাকাকে ইসরায়েলের এবং আরব অধ্যুষিত এলাকাকে ফিলিস্তিনের রাজধানী করার কথা বলা হয়। সে হিসেবে পূর্ব জেরুসালেম হবে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।

তবে সেখানে ফিলিস্তিনি রাষ্ট্রকে সামরিক শক্তিহীন রাখার প্রস্তাব ছিল। এতে আরো বলা হয়, ইসরায়েল বড় বসতিগুলো নিজের সাথে যুক্ত করবে এবং বিনিময়ে ফিলিস্তিনিদের জন্য অন্য কিছু ভূখণ্ড ছেড়ে দেবে। এছাড়া যেসব এলাকা ফিলিস্তিনকে দেওয়া হবে সেখান থেকে ইহুদিদের সরিয়ে নেবে। এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সাথে মিলে একটি বহুজাতিক বাহিনী জর্ডান ও মিসরের সাথে ফিলিস্তিনের সীমান্ত পাহারা দেবে। ফিলিস্তিনের সমুদ্র ও বিমান বন্দরগুলোও থাকবে আন্তর্জাতিক বাহিনীর নিয়ন্ত্রণে। মোট কথা, এই প্রস্তাবে নখদন্তহীন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। যে কারণে হামাস এই প্রস্তাব প্রত্যাখান করে। তারপরও এই ধারণাটিই ফিলিস্তিনিদের স্বপ্নকে টিকিয়ে রেখেছে আজো। একটি নিজস্ব ভূখণ্ডের আশায় তারা সয়ে যাচ্ছে নিত্য নিপীড়ন।

চলতি বছর জানুয়ারি মাসের ১৬ তারিখে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তার দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। প্রায় একই সময়ে একটি মার্কিন গণমাধ্যম খবর দেয় যে, কয়েকটি আরব দেশ মিলে স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বিষয়ক একটি প্রস্তাব আন্তর্জাতিক ফোরামে তোলার প্রস্তুতি নিচ্ছে। দেশগুলো সম্মিলিতভাবে এই কাজটি করবে।

এরপর বিশ্বের আরো অনেক দেশ ও দেশের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কথা বলেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তার দেশ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি এগিয়ে আনতে কাজ করবে। বিভিন্ন পশ্চিমা সংস্থার কর্মকর্তাদের মুখেও শোনা গেছে একই ধরনের কথা। সর্বশেষ জানুয়ারির শেষ দিকে ওয়ালা নামের ইসরাইলের হিব্রু ভাষার একটি ওয়েবসাইট খবর দিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বিষয়ে উদ্যোগ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই খবরে সূত্র ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, গাজা উপত্যকায় চলমান যুদ্ধের পর একটি স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কীভাবে অগ্রসর হওয়া যায় সে বিষয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসনের দুজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে ওয়ালার খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার দফতরকে নির্দেশ দিয়েছেন- গাজার যুদ্ধ অবসানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সম্ভাব্যতা খতিয়ে দেখতে। খবরে বলা হয়, ব্লিংকেন তার দফতরকে বলেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের কিছু মডেল থেকে নমুনা নিয়ে সামরিক শক্তিহীন ফিলিস্তিন রাষ্ট্র কেমন হবে তার একটি প্রস্তাবনা দাখিল করতে।

জো বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, গাজার যুদ্ধ এবং এসব বিষয়ের একটি কূটনৈতিক সমাধান পাওয়ার চেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র বিষয়ে চিন্তার পথ খুলে দিয়েছে। তিনি বলেন, বাইডেন প্রশাসনের মধ্যে এমন অনেকে আছেন যারা ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও স্বীকৃতির বিষয়ে সুপারিশ করছেন। তাদের মতে, এটি হবে সঙ্ঘাত নিরসনের প্রথম পদক্ষেপ।

ওয়ালার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে অনেকগুলো বিকল্প চিন্তা করছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রকে জাতিসঙ্ঘ সদস্য পদ প্রদানে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো না দেওয়া এবং অন্য দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে উৎসাহ দেওয়া।

তবে একটি বিষয় স্পষ্ট যে, ইসরায়েলের নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র চাইছে এমন একটি ফিলিস্তিন রাষ্ট্র- যেটি হবে ডি মিলিটারাইজড বা সামরিক শক্তিহীন। আরো অনেকভাবে হয়তো তাদের দমিয়ে রাখার নীতি গ্রহণ করা হবে। তবুও দশকের পর দশক ধরে রাষ্ট্রহীন থাকা একটি জনগোষ্ঠীর জন্য এটিও কম সুসংবাদ নয়।

এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে কি ফিলিস্তিনিরা দিগন্তে সূর্যের সোনালী আভা দেখতে পাচ্ছে? এবারের যুদ্ধ কি তাদের জন্য সেই স্বপ্নের পথ সহজ করে দিচ্ছে? এসব কিছুর উত্তর পেতে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ততদিনে গাজার আর কত নিরীহ মানুষ ইসরায়েলি গোলায় প্রাণ দেবে কেউ জানে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন