Logo
Logo
×

অভিমত

সাকিব-মাশরাফি কি তাদের ভোটারদের হতাশ করলেন না?

Icon

ইয়াসির আরাফাত

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম

সাকিব-মাশরাফি কি তাদের ভোটারদের হতাশ করলেন না?

টিভিতে জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন দেখছিলাম। সংসদ সদস্যরা উৎসবে মজে আছেন। অনেক সদস্য আছেন যারা বার বার এমপি নির্বাচিত হয়েছেন তাদের কাছে সুবিশাল সংসদ ভবন বা এর অধিবেশন কক্ষ একেবারে বাড়িঘরের মত চেনা। তাই ৩০ জানুয়ারি তাদের জন্য ছিল সংসদেরই আর একটা অধিবেশন মাত্র। কিন্তু যারা প্রথমবার এমপি হয়েছেন তাদের কাছে দিনটি নি:সন্দেহে স্মরণীয় দিন, ইংরেজিতে যাকে বলে ’রেড লেটার ডে’। সংসদ ভবনটা তাদের অনেকের কাছেই বিশেষ আকর্ষণীয় বিষয়। তারা সংসদ অধিবেশনটা উপভোগ করেছেন। ঘুরে ঘুরে জ্যেষ্ঠ সদস্যদের সালাম করা, নিজেদের মাঝে পরিচিতি হওয়ার বিষয়টি অধিবেশন কক্ষের বাইরে যেমন ছিল, তেমনি ছিল অধিবেশন কক্ষেও।

এক ফাঁকে চ্যানেল ঘুরিয়ে গেলাম একটি খেলার চ্যানেলে। সেখানে যেতেই চোখ স্থির হয়ে গেল। একটি অতি পরিচিত মুখ। তিনি ক্রিকেট খেলছেন, নিজ দলের হয়ে বল করছেন। তিনি সাকিব আল হাসান। কোন ভুল দেখছি না তো? পুন:প্রচার নয়তো খেলা? না টিভি পর্দার কোণায় লেখা আছে ‘লাইভ’।

হিসাবটা মেলাতে পারলাম না, একটি সংসদের উদ্বোধনী অধিবেশন চলছে, সাকিব প্রথমবারের মত এমপি হয়েছেন, তার তো এ সময় সংসদে থাকার কথা, তিনি মাঠে কেন?

একজন খেলোয়াড় হিসেবে তার দলের প্রতি অবশ্যই পেশাদারিত্ব দেখাতে হবে। দলের হয়ে খেলে দলকে জয় এনে দিতে তিনি চেষ্টা করবেন, এমন প্রতিশ্রুতিবদ্ধ অবশ্যই তিনি। কিন্তু তিনি কি তার নির্বাচনী এলাকার প্রতি, তার ভোটারদের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ নন?

একজন খেলোয়াড়ের কাছে ডেব্যু বা অভিষেকটা খুবই  স্মরণীয় একটি দিন, একজন সংসদ সদস্যের কাছে সংসদের প্রথম অধিবেশন যাকে অভিষেক অধিবেশনও বলা যায় তাও কি কম আবেগের?  ৩০ জানুয়ারি সংসদে সম্ভবত: প্রায় সব সদস্যই গেছেন। এবার যে সংসদ হয়েছে, তাতে নিশ্চিতভাবেই বলা যায়, এমন জমায়েত সম্ভবত: এই সংসদে আর হবে না. সেই অধিবেশনটায় সাকিব গেলেন ন!

শুধু সাকিব নয়, সংসদের অভিষেক অধিবেশনে যাননি মাশরাফিও। যখন সংসদের অধিবেশন চলছে তখন সিলেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের পক্ষে বল করেছেন সাকিব। আর সিলেট দলের নেতৃত্ব দিয়েছেন মাশরাফি।

আওয়ামী লীগের টিকেটে সংসদ নির্বাচনে জয় পাওয়া এই দুই সদস্যের সংসদের প্রতি এমন নিষ্পৃহ আচরণের কারণ কী? এই সংসদ নিয়ে জনগণের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ নেই, কারণ তারা জানেন এই সংসদের সব সদস্যই ‘অল আর প্রাইম মিনিস্টারস মেন’। তিনি যেভাবে চান আর যেভাবে চালাবেন সেভাবেই সংসদ অধিবেশন চলবে, সংসদ কাজ করবে। মাশরাফি আর সাকিব প্রথম অধিবেশন বর্জন করে তাদের ভোটারদের অশ্রদ্ধা করেছেন, হতাশ করেছেন তা বলাই যায়, একই সাথে এই সংসদের ব্যাপারে তারাও যে আগ্রহী নন তারই প্রকাশ কি তারা ঘটালেন অধিবেশন বাদ দিয়ে ক্রিকেট মাঠে পড়ে থেকে? তাদের মধ্যে কি অধিবেশন শুরুর আগেই এই মনোভাব চলে এসেছে ওখানে গিয়ে কি কাজ! তার চাইতে খেলায় মন দেয়াই বেশি লাভজনক?

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন